প্রথমে প্রশ্ন বোঝো, তারপর উত্তর লেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ভালো করার জন্য প্রশ্নপত্রের কাঠামো অনুসারে প্রস্তুতি নাও।

১ নম্বর প্রশ্ন:
‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো’ শিরোনামে এখানে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। ৩০টি হবে যোগ্যতাভিত্তিক। আর বাকি ২০টি হবে গতানুগতিক ধারায়। সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখতে হবে।
তাই ধারাবাহিকভাবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখাই সবচেয়ে ভালো। এতে তোমার রিভিশন দিতেও সুবিধা হবে। যেমন—
১. মনে করো একজন কৃষকের জমি দিন দিন উর্বরতা শক্তি হারাচ্ছে। এখন কৃষক কী করবেন?
ক. আখ ফলাবেন
খ. ফসল ফলাবেন না
গ. সার ব্যবহার করবেন
ঘ. জমি বিক্রি করে দেবেন
উত্তর: গ. সার ব্যবহার করবেন
কারণ, যোগ্যতাভিত্তিক প্রশ্ন প্রণয়ন করা হয়ে থাকে সাধারণত পরিচিত ও নিকট পরিবেশের কোনো বিষয়ের আলোকে। সাধারণ গতানুগতিক বহুনির্বাচনি প্রশ্নের জন্য প্রতিটি অধ্যায় শেষে অনুশীলনীতে প্রদত্ত ‘বহুনির্বাচনি প্রশ্ন’ ও পাঠ্যবইয়ের প্রতিটি অধ্যায়ের তথ্যপূর্ণ বাক্য বুঝে পড়বে। তবেই সব কটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে।
২ নম্বর প্রশ্ন:
২ নম্বর প্রশ্ন থাকবে ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে কেবল প্রাসঙ্গিক সঠিক তথ্য/ তত্ত্বপূর্ণ বাক্যে উত্তর লিখবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য ১ নম্বর করে এখানে থাকবে ১৫ নম্বর। তাই দু-একটি বাক্যে যথার্থ ও প্রাসঙ্গিক উত্তরটি লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। পাঠ্যবইয়ের অনুশীলনীতে দেওয়া সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ার পাশাপাশি অধ্যায়ের ভেতর থেকে প্রশ্ন বাছাই করে, সেগুলোর সঠিক ও যথার্থ উত্তর শিখে নেবে।
৩ নম্বর প্রশ্ন:
মোট ১০টি কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে। ক, খ, গ ও ঘ নম্বর প্রশ্নসহ মোট সাতটি প্রশ্নের উত্তর লিখতে হবে। ক, খ, গ ও ঘ যোগ্যতাভিত্তিক প্রশ্ন, যার উত্তর অবশ্যই দিতে হবে। সুতরাং, পাঠ্যবইয়ের প্রতিটি বিষয়বস্তু বুঝে নিয়ে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নিকট পরিবেশের একাধিক বিষয়ের যুক্তিনির্ভর ব্যাখ্যা করার চেষ্টা করবে। যোগ্যতাভিত্তিক প্রশ্নের উত্তরে ভূমিকা বা উপসংহার লেখার প্রয়োজন নেই। শুধু প্রশ্নের চাহিদা ও নির্দেশনা অনুসারে কারণ/ পার্থক্য/ তথ্য/ তত্ত্ব/ যুক্তি উপযুক্ত বাক্যে লিখলেই পূর্ণ নম্বর পাওয়া যাবে। অপ্রাসঙ্গিক কোনো বিষয় লিখবে না।
অন্য প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও প্রশ্নের চাহিদা ও নির্দেশনা অনুযায়ী উত্তর লিখতে হবে। বর্ণনামূলক প্রশ্নের উত্তরে পাঠ্যবইয়ের দেওয়া তত্ত্ব/ তথ্য ছাড়াও গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক একাধিক তথ্য বা তত্ত্ব উল্লেখ করা যাবে। প্রতিটি প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা বজায় রেখে প্রশ্নের চাহিদা ও নির্দেশনা অনুসারে লিখবে।

সিনিয়র শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা