প্রধান শিক্ষক হলে গাড়ি নিয়েই স্কুলে আসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জি এম নাজমুল আলম। ছবি: লেখক
জি এম নাজমুল আলম। ছবি: লেখক

গ্রামের স্কুলের শিক্ষক মানেই যে সব সময় দরিদ্র সাদামাটা স্বপ্নহীন, জীবন স্যার ঠিক তেমন ছিলেন না। সরল মনের বেশ পরিপাটি মানুষটার ছিল অনেক স্বপ্ন। স্যার নিজেকে নিয়ে স্বপ্ন দেখতেন আর আমাদেরও স্বপ্ন দেখাতেন। কীভাবে স্বপ্নকে বাস্তব বানাতে হয় সে অনুপ্রেরণা স্যারের কাছেই সবচেয়ে বেশি পেয়েছি। 

তখন ক্লাস নাইনে উঠেছি মাত্র। বিজ্ঞান বিভাগে পড়ছি, কিন্তু স্কুলের সামান্য ৩৫ মিনিটের ক্লাসে কেউই কিছু বুঝতাম না। নতুন নতুন পদার্থ-রসায়ন পড়তে গিয়ে সবারই অবস্থা যাচ্ছে তাই। স্কুলে বিজ্ঞান বিভাগে আরও দুই তিন জন স্যার ছিলেন। কিন্তু স্যারই নিজ থেকে আমাদের নিয়ে এক্সট্রা টাইম নিয়ে পড়াতেন। এখনকার মানুষ হয়তো বলবে স্যার টিউশনির ব্যবসা করতেন। কিন্তু সপ্তাহে টানা ছয়দিন, সায়েন্সের ফিজিকস, রসায়ন, উচ্চতর গণিত, সাধারণ গণিত পড়িয়ে মাস শেষে নাম মাত্র ১৫০ টাকা নেওয়াটা নিশ্চয়ই ব্যবসা ছিল না। স্যার কখন কারও কাছে টাকা চেয়েও নিতেন না, কারণ গ্রামের স্কুলে পড়া আমরা বেশিরভাগই ছিলাম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের।

স্যারের কাছেই শিখেছি সহজে পড়া মনে রাখার নানা সূত্র। স্যারের পড়ানোর মধ্যে ছিল একটা বিষয় ভেক্টর রাশি। ভেক্টর রাশির উদাহরণ আর স্কেলার রাশির উদাহরণ মিলিয়ে ফেলতাম প্রায়ই। তখন স্যার একটা লাইন শিখিয়ে ছিলেন—‘তবে সব প্রিয় তমা ভাসে চোখের জলে’। এখানে ত-ত্বরণ, বে-বেগ, স-সরণ, ব-বল, ত-তড়িৎ তীব্রতা গুলোই ছিল ভেক্টর রাশি। এভাবেই সহজে আয়ত্ত করা বিষয়গুলো ৬-৭ বছর পর এখনো স্পষ্ট মনে আছে।

স্যারের একটা পুরোনো মোটরসাইকেল বাইক ছিল। সেটা আবার মাঝে মাঝে স্টার্ট নিতে বেশ ভুগতে হতো। আমরা মজা করে স্যারকে বলতাম একটা নতুন বাইক কিনতে। স্যারও মিসকি হেসে বলতেন, ‘বাইক না আমি একেবারে চার চাকার গাড়িই কিনব, তোমরা দোয়া কর। স্কুলের প্রধান শিক্ষক হতে পারলে আমি গাড়ি নিয়েই স্কুলে আসব’। তখন স্যার ছিলেন রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্যারের সে প্রধান শিক্ষক হওয়ার স্বপ্ন আজ ঠিকই পূরণ হয়েছে। স্যার এখন শাহপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

তানভীর ওয়াহিদ সাকিব।
তানভীর ওয়াহিদ সাকিব।

স্যারের বাড়ি ছিল স্কুল থেকে চার কিলোমিটার দূরে। সেখানে স্যার অন্য স্কুলের ছাত্রদেরও পড়াতেন। আমাদেরও স্যার যেতে বলতেন। বিশেষ করে ছেলেরা সাইকেলে যেতাম। খুব ভোরে পড়াতেন স্যার। কিন্তু শীতের সকালে ঘুম ভেঙে যেতে একদিনও কষ্ট হয়নি আমাদের। স্যারের সঙ্গে কিছুক্ষণ থাকা মানেই কিছু না কিছু নতুন করে শেখা। স্যার মজা করে নিজেকে ‘খাজা বাবা’র দরবার বলতেন। বলতেন ‘খাজা বাবা’র দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না। আসলেই আমরা কেউই খালি হাতে ফিরে আসেনি। সে বছর ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় স্কুল থেকে ২৫ জন এ প্লাস পেয়েছিলাম। গ্রামের একটা স্কুলের প্রেক্ষিতে এটাই ছিল সেকালের সেরা সাফল্য।

স্যারের দেখানো স্বপ্ন আর সে মজায় শেখা পদার্থ বিজ্ঞান, গণিত, রসায়ন পড়েই স্যারের ছাত্ররা এখন ইঞ্জিনিয়ারিং, মেডিকেলসহ সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছে। মহান শিক্ষক দিবসে শ্রদ্ধা আমাদের জ্ঞানে পূর্ণ করা আমার শ্রদ্ধেয় শিক্ষক জি এম নাজমুল আলম স্যারকে। সেই সঙ্গে সালাম জানাচ্ছি আমার সকল শিক্ষক ও শিক্ষিকাদের। আজ এই পর্যায়ে এসে স্যারের দীর্ঘায়ু কামনা করে শুধু বলব স্যার আপনি আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, আপনার দেখানো স্বপ্নকে বাস্তব করার জন্যে চেষ্টা করে যাচ্ছি। আমার জন্যে দোয়া করবেন।

লেখক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী