প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আগত অতিথিদের সাক্ষাৎকার
প্রযুক্তি সাংবাদিকতার জন্য নতুন চ্যালেঞ্জ

রাজ কমল ঝা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ১৯৯০ সালে। ১৯৯২ সাল থেকে তিনি সাংবাদিকতা শুরু করেন। দ্য স্টেটসম্যান ও ইন্ডিয়া টুডেতে সহকারী সম্পাদক ও সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেন। ১৯৯৬ সালে ডেপুটি এডিটর হিসেবে যোগ দেন ইন্ডিয়ান এক্সপ্রেস-এ। নির্বাহী সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদক ও সম্পাদক পদে দায়িত্ব পালনের পর এখন তিনি এই পত্রিকার প্রধান সম্পাদক। রাজ কমল ঝা একজন ঔপন্যাসিকও। লেখেন ইংরেজিতে। তাঁর চারটি উপন্যাস দেশে-বিদেশে আলোচিত হয়েছে। সাক্ষাৎকার নিয়েছেন মশিউল আলম
প্রথম আলো: বিশ্বজুড়ে ও দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে সংবাদমাধ্যম ও সাংবাদিকতার অবস্থা কী?
রাজ কমল ঝা: যোগাযোগপ্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে সাংবাদিকতার সামনে কিছু নতুন চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে। সাংবাদিকতার শ্রেণিকক্ষে আমরা যে পাঁচটি ডব্লিউর ফর্মুলা জেনেছি, সেই ফর্মুলা দিয়ে এখন আর কাজ হবে না। কখন কোথায় কী ঘটছে, তা খুব তাড়াতাড়ি সবাই জেনে যাচ্ছে। যেমন এখানে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা হলো, সেই খবরটা কিন্তু রাতের মধ্যেই সবাই জেনে গেল। সকালবেলা যে পত্রিকা পাঠকের হাতে পৌঁছাবে, সেখানে ওই খবর একরকম পুরোনোই হয়ে যাবে। কী ঘটেছে, কজন মারা গেছে—এসব তথ্য জানা হয়ে গেছে।
প্রথম আলো: এটা নিশ্চয়ই একটা অগ্রগতি; আগে মানুষ এত দ্রুতগতিতে খবর পেত না।
রাজ কমল ঝা: হ্যাঁ, তবে এটা সাংবাদিকতার জন্য একটা নতুন চ্যালেঞ্জও বটে। প্রাথমিক তথ্যগুলো তো জানা হয়ে গেছে, সাংবাদিক তাঁর পাঠককে বাড়তি কী জানাবেন? ঘটনা বিশ্লেষণ করতে হবে, আরও অনুসন্ধান চালাতে হবে। যে তথ্যগুলো এখনো জানা যায়নি, সেগুলো বের করে আনতে হবে। সেই সব জায়গায় যেতে হবে, যেখানে টিভি ক্যামেরা যেতে পারে না। শুধু তথ্য দিলে আর হবে না, তথ্যগুলো বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা দিতে হবে। কথা বলতে হবে সেই সব লোকের সঙ্গে, যারা টেলিভিশন স্টুডিওতে আসে না। যাদের ফেসবুক নেই, টুইটার নেই; যারা কথা বলে না, আর যদি বলে তো কেউ শোনে না, তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে, সেগুলো তুলে আনতে হবে।
প্রথম আলো: কথা তো সব পক্ষের সঙ্গেই বলা উচিত; নইলে পুরো চিত্রটা পাওয়া যায় না।
রাজ কমল ঝা: দেখুন, আমরা সাংবাদিকেরা বেশি কথা বলি সেই সব মানুষের সঙ্গে, যাদের মত ও দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে মিলে যায়। বিপরীত দৃষ্টিভঙ্গি বা অভিমত যারা পোষণ করে, যারা আমাদের মতের সঙ্গে একমত নয়, তাদের সঙ্গেও আমাদের কথা বলা উচিত, তাদের কথা শোনা উচিত। দেখুন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কী হলো। সে দেশের প্রায় সব সংবাদমাধ্যম আভাস দিল, ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই জিতবেন না। কিন্তু তিনি জিতে গেলেন। সংবাদমাধ্যম এটা বুঝতে পারেনি এ জন্য যে তারা তাদের নিজেদের পছন্দের প্রার্থীর সমর্থকদের সঙ্গেই শুধু কথা বলেছে; ট্রাম্পের সমর্থকদের সঙ্গে তারা কথা বলেনি। পৃথিবীজুড়েই সাংবাদিকতার এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক: আপনার সঙ্গে যারা দ্বিমত পোষণ করে, তাদের সঙ্গেও আপনাকে কথা বলতে হবে। এখনকার সাংবাদিকতাকে হতে হবে বিশ্লেষণী ও ব্যাখ্যামূলক; প্রতিটা খবরই হতে হবে অনুসন্ধানমূলক।
প্রথম আলো: ইন্টারনেটের মাধ্যমেও অনেক তথ্য আদান-প্রদান হচ্ছে। ফেসবুক, টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটা ঘটছে। ইয়াহু, এমএসএন, গুগল ইত্যাদি সার্চ ইঞ্জিনের হোম পেজেও খবর থাকছে। কিন্তু প্রশিক্ষিত ও পেশাদার সাংবাদিকেরা এগুলো করছেন না। সাংবাদিকতার সামনে এটাও কি এটা চ্যালেঞ্জ নয়?
রাজ কমল ঝা: সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণত মতামত আদান-প্রদান হয়, তর্ক-বিতর্ক হয়। অবশ্য কিছু কিছু তথ্যও প্রচারিত হয়। যেমন কোথাও বৃষ্টি হলো বা আগুন লাগল, কেউ একজন তার ছবি তুলে ফেসবুকে শেয়ার করল এবং লিখল যে প্রচুর বৃষ্টি হচ্ছে বা আগুনে অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এটা সাংবাদিকতা নয়। সিটিজেন জার্নালিজম বলে একটা কথা চালু হয়েছে। কিন্তু জার্নালিজম তো একটা পেশা, এর জন্য প্রশিক্ষণ থাকতে হয়, কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন হয়, এই পেশার নির্দিষ্ট আচরণবিধি ও নীতিনৈতিকতা থাকে। দেখুন, আপনি কি কখনো শুনেছেন সিটিজেন ডক্টর বা সিটিজেন ইঞ্জিনিয়ার? না, তা হয় না। একইভাবে সিটিজেন জার্নালিস্টও হয় না।
প্রথম আলো: কিন্তু গুগল, ইয়াহু, ফেসবুক, টুইটার—এসব এক্সট্রা জার্নালিস্টিক মিডিয়া তো অনেক বিজ্ঞাপন পাচ্ছে। সংবাদমাধ্যমের রাজস্ব আয় এভাবে ভাগ হয়ে যাচ্ছে, ফলে উন্নত বিশ্বে সংবাদপত্রশিল্প সংকটে পড়েছে।
রাজ কমল ঝা: আমার মনে হয়, সামাজিক যোগাযোগমাধ্যম সাংবাদিকদের কাজ দ্রুত ব্যাপকসংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য খুব ফলপ্রসূ। সংবাদপ্রতিষ্ঠানগুলোর ফেসবুক পেজ থাকে, টুইটার পেজ থাকে। ধরা যাক প্রথম আলোর কথা। তার একটা ফেসবুক পেজ আছে; মুদ্রিত সংস্করণে ছাপা লেখাগুলো সেখানে দেওয়া হলো, সেখান থেকে ফেসবুক-টুইটারে লাখ লাখ মানুষ সেগুলো শেয়ার করতে পারে। এভাবে সামাজিক যোগাযোগমাধ্যম একটা সঞ্চালন মাধ্যম (ট্রান্সমিশন) হিসেবে অত্যন্ত শক্তিশালী। কিন্তু প্রথম আলো বা কোনো সংবাদপ্রতিষ্ঠান সাংবাদিকতা ‘আউটসোর্স’ করতে পারে না; সাংবাদিকতা পেশাদারি কাজ, প্রাতিষ্ঠানিক কাজের আউটসোর্সিং হয় না। আর হ্যাঁ, গুগল, ইয়াহু ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলো বিজ্ঞাপন পাচ্ছে, এটা ঠিক। কিন্তু একই সঙ্গে এগুলো আমাদের সংবাদপত্রের অনলাইন সার্কুলেশনও ব্যাপকভাবে বাড়িয়ে দিতে সহায়ক হচ্ছে। ওরা আমাদের বিজ্ঞাপনের ওপর ভাগ বসাচ্ছে, এটা ঠিক; কিন্তু তার বিনিময়ে তারা আমাদের রিডারশিপ বিপুলভাবে বাড়িয়ে দিচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস একটা ছোট সংবাদপত্র, কিন্তু ওয়েবে এই পত্রিকা ভারতের মধ্যে এখন দ্বিতীয় স্থানে আছে। এটা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে।
প্রথম আলো: গুড জার্নালিজম বা কোয়ালিটি জার্নালিজম (সুসাংবাদিকতা) নিয়ে অনেক কথা হয়। বলা হয়, সাংবাদিকতার ওপরে যত চাপ ও বাধাবিপত্তি আসে, তার সবই মোকাবিলা করা যায় গুড জার্নালিজম দিয়ে। কিন্তু পৃথিবীর প্রায় সব দেশে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি গুণগত মানসম্পন্ন সাংবাদিকতা করে—এমন সংবাদপ্রতিষ্ঠান সবচেয়ে বেশি জনপ্রিয় নয়। আপনার কি মনে হয় না এটা গুড জার্নালিজমের জন্য একটা সমস্যা?
রাজ কমল ঝা: এটা একটা সমস্যা বটে, কিন্তু এটা নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কেন, আমি আপনাকে বলছি। বাজারে ম্যাকডোনাল্ডস আছে, কেনটাকি ফ্রায়েড চিকেন আছে, ফখরুদ্দীনের বিরিয়ানি আছে, ঘরে মায়ের তৈরি খাবার আছে। আমাদের সবকিছুই থাকা দরকার। লোকজন নিজ নিজ পছন্দ ও রুচি অনুযায়ী বেছে নেবে। সাংবাদিকদের এটা আশা করা ঠিক নয় যে, সব পাঠক সব বিষয়ে আগ্রহী হবে। অধিকাংশ সাধারণ পাঠকেরই সিরিয়াস বিষয়ে আগ্রহ থাকে না। কিছু পাঠক অবশ্যই থাকবে, যাদের সিরিয়াস, গভীর অনুসন্ধানী বিষয়ে আগ্রহ আছে। ওরা আসবে আপনার কাছে। প্রতিটি সংবাদপত্রেরই একটা করে বৈশিষ্ট্য থাকে। যেমন আমাদের সংবাদপত্র একটি ছোট সংবাদপত্র, কিন্তু আমরা খুবই সিরিয়াস। আমরা অনুসন্ধানী সাংবাদিকতা করি, রাজনীতি, গভর্ন্যান্স—এসব সিরিয়াস বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিই। সিরিয়াস লোকজন আমাদের সংবাদপত্র পড়ে। সব পাঠক পড়ে না, আমরা এটা জানি, সব পাঠক আমাদের সংবাদপত্র পড়বে না। ১৬ বছর বয়সী তরুণ-তরুণীরা পড়বে না, কারণ আমাদের মতামত পাতা, উপসম্পাদকীয় পাতা খুবই সিরিয়াস। সুতরাং ওরা আসবে না আমাদের কাছে। বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের কলাম নেই আমাদের কাছে।
প্রথম আলো: আপনারা তাদের পাঠক হিসেবে পাওয়ার চেষ্টা করেন না?
রাজ কমল ঝা: না। কেন আমরা সেই চেষ্টা করব? এটা অনেকটা একটি হাসপাতালের মতো; এখানে গাইনি বিভাগ আছে, কার্ডিওলজি বিভাগ আছে, আলাদা বিভাগ আছে। অবশ্য একটি জেনারেল ফিজিশিয়ান বিভাগও থাকে। কিন্তু আমার পত্রিকা জিপি রাখতে পারে না; কারণ টাইমস অব ইন্ডিয়ার লাখ লাখ পাঠক। আমরা তাদের সঙ্গে প্রতিযোগিতায় যেতে পারি না। তাদের বিশাল বিনোদন বিভাগ আছে, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাও ওরাই করে, মিস ইন্ডিয়া করে। কিন্তু আমরা তো ওসব করতে পারব না, করতে চাইও না। কারণ, আমার পত্রিকার মূল বৈশিষ্ট্যের মধ্যে ওসব নেই। তাই আমার মনে হয়, ভবিষ্যতে যেসব পত্রিকার সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বা ক্যারেক্টার থাকবে, একটি বা দুটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকবে, তারাই ভালো করবে। একুশ শতকে এসে আমরা আর নিউজ বিজনেসে নেই; আমরা আছি ট্রাস্ট বিজনেসে, আস্থার ব্যবসায়। নিউজ তো সবখানেই আছে, আপনি যেমন বললেন, ইয়াহু নিউজ আছে, এমএসএন, গুগল আছে।
প্রথম আলো: কিন্তু আস্থা অর্জন করতে হলে তো আমাদের আবারও সেই প্রথাগত, পেশাদারি সাংবাদিকতাই করতে হবে যে জন্য প্রশিক্ষিত, দক্ষ, পেশাদার সাংবাদিক দরকার।
রাজ কমল ঝা: দরকার খুব ভালো সম্পাদকও, যাঁরা সব তথ্য খুব ভালোভাবে যাচাই করবেন, যাঁরা রিপোর্টারদের বলবেন, এটা ভুল হয়েছে, আবার যান, তথ্য যাচাই করুন, অনুসন্ধান করুন। আমাদের নিউজরুমে রিপোর্টার তো অনেক আছেন, ভালো ভালো রিপোর্টার। কিন্তু ভালো সম্পাদক বেশি থাকেন না। বেশিসংখ্যক ভালো সম্পাদক দরকার, যাঁরা সবকিছু ভালোভাবে যাচাই-বাছাই করবেন, সঠিক তথ্য ও ব্যাখ্যা-বিশ্লেষণ তুলে আনবেন।
প্রথম আলো: এগুলো সাংবাদিকতার পেশাগত ও কারিগরি দিক। এখন স্বাধীনভাবে, বস্তুনিষ্ঠভাবে সাংবাদিকতা করার বাধাবিপত্তিগুলোর প্রসঙ্গে আসা যাক। রাজনৈতিক শক্তি, সরকার, করপোরেট ব্যবসায়ী মহল, নিরাপত্তা বাহিনী, বিভিন্ন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী, সন্ত্রাসবাদী গোষ্ঠী—এসব চাপের মুখে স্বাধীন সাংবাদিকতা চর্চার উপায় কী?
রাজ কমল ঝা: এটা তো নির্ভর করে প্রতিটি দেশের রাজনীতি, শাসনব্যবস্থা, সংবিধান, আইন, সুপ্রিম কোর্ট ইত্যাদির ওপর। কোন দেশের পরিবেশ কেমন, সেটার ওপর নির্ভর করে সেই দেশের সাংবাদিকতা কতটা স্বাধীন হতে পারবে। তবে পরিবেশ-পরিস্থিতি বা রাজনৈতিক সংস্কৃতি যেমনই হোক না কেন, সংবাদমাধ্যমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৎভাবে, সত্যনিষ্ঠভাবে, পক্ষপাতহীনভাবে কাজ করা। আমাদের ইন্ডিয়ান এক্সপ্রেসকে কমিউনিস্টরা বলেছে এটা আমেরিকান এক্সপ্রেস; বিজেপি আমাদের বলে তোমরা ভারতবিরোধী, তোমরা পাকিস্তান এক্সপ্রেস। তো আমার মনে হয়, সব পক্ষকেই যদি এ রকম বিভ্রান্ত করে রাখা যায়, তো সেটা ভালো। কারণ, অবশেষে তারা দেখতে পাবে যে আমাদের কারও প্রতি কোনো পক্ষপাত নেই, কারও বিরুদ্ধে বা কারও পক্ষে আমাদের কোনো অ্যাজেন্ডা নেই। আমি তো মনে করি, বাংলাদেশে কালকে খালেদা জিয়া যদি খুব গুরুত্বপূর্ণ ও খুব ভালো কিছু করেন, প্রথম আলো তার প্রশংসা করতে পারে। একইভাবে শেখ হাসিনা যদি ভালো কিছু করেন, প্রথম আলো তার প্রশংসা করতে পারে। আবার একইভাবে তাঁরা উভয়ে খারাপ বা ক্ষতিকর কিছু করলে প্রথম আলো তাঁদের উভয়েরই সমালোচনা করতে পারে।
প্রথম আলো: ভারতে পাঠানকোট ঘটনার খবর প্রচার করার দায়ে বেসরকারি টিভি স্টেশন এনডিটিভির সম্প্রচার এক দিনের জন্য স্থগিত করার সরকারি আদেশ সম্পর্কে আপনার মন্তব্য কী?
রাজ কমল ঝা: ভারত সরকারের এই আদেশ এককথায় হাস্যকর রকমের উদ্ভট। কিন্তু আপনি দেখুন, সব সংবাদমাধ্যম এই আদেশের বিরুদ্ধে সোচ্চারভাবে দাঁড়িয়ে গেছে। সে জন্য আদেশটা বাতিল করতে সরকার বাধ্য হয়েছে। পাকিস্তানেও সাংবাদিক সিরিল আলমিডার পক্ষে পুরো সংবাদমাধ্যম দাঁড়িয়ে গিয়েছিল, সেখানেও সরকারকে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছে।
প্রথম আলো: আচ্ছা, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যে সে দেশের সংবাদমাধ্যম কোনো প্রার্থী বা দলের পক্ষে অবস্থান নেয় এবং সেটা পাঠকদের জানিয়েও দেয়—বিষয়টা আপনি কীভাবে দেখেন? এটা কি ঠিক?
রাজ কমল ঝা: আমার মনে হয় এটা করা যায়। যদিও ইন্ডিয়ান এক্সপ্রেস এটা করবে না, আমরা করব না; কিন্তু আমেরিকায় এটা বরাবরই করা হয়ে আসছে। এটা ঠিক আছে, কারণ কোনো সংবাদমাধ্যম যদি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে দেশের ক্ষতি হবে, জাতির ক্ষতি হবে, তাহলে সে তা স্পষ্ট ভাষায় বলতে পারে। এতে কোনো অন্যায় নেই।
প্রথম আলো: কিন্তু কোনো সংবাদমাধ্যম এ রকম একটা পক্ষে অবস্থান নিলে কি সেই অবস্থানের কারণে তার সংবাদ পরিবেশনা পক্ষপাতপূর্ণ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না?
রাজ কমল ঝা: আমি আমেরিকার অন্যান্য সংবাদপত্রের কথা জানি না, কিন্তু দেখেছি, নিউইয়র্ক টাইমস-এর ক্ষেত্রে সেটা ঘটেনি। তারা রিপোর্টিংটা পক্ষপাতমুক্তভাবেই করেছে; খুব ভালো ভালো বস্তুনিষ্ঠ প্রতিবেদন প্রকাশ করেছে। এ ক্ষেত্রে তারা তাদের পছন্দের প্রার্থী হিলারি ক্লিনটনকেও ছাড় দেয়নি, তার ঘাটতিগুলো উন্মোচন করেছে। চমৎকার রিপোর্টিং করেছে নিউইয়র্ক টাইমস।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
রাজ কমল ঝা: ধন্যবাদ।