প্রশ্নের উত্তর যথার্থ হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা রইল। বাংলা বিষয়ে ২৫ নম্বরের যোগ্যতাভিত্তিক প্রশ্ন হবে পাঠ্যবইবহির্ভূত অনুচ্ছেদ ভিত্তিক। এই অনুচ্ছেদ নিয়ে উদ্বেগের কিছু নেই। তোমার চেনা-জানা নিকট পরিবেশের বিষয়বস্তুর আলোকে রচিত অনুচ্ছেদ অন্তর্ভুক্ত থাকবে। যেমন:

# অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও: ‘গাছপালা একদিকে নিসর্গের শোভা বৃদ্ধি, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও পালন করে অসাধরণ ভূমিকা। বৃক্ষ ও বনভূমি বায়ুমণ্ডলকে বিশুদ্ধ ও শীতল করে। যেখানে গাছপালা ও বনভূমি বেশি...মানুষের অস্তিত্ব হতো বিপন্ন।’

এ ধরনের একটি অনুচ্ছেদের ১ নম্বর প্রশ্নটির ‘ক’ নম্বর যদি এমন হয়: (ক) প্রদত্ত অনুচ্ছেদটি কোন বিষয় নিয়ে লেখা?

 i) ঝড় ii) বৃষ্টি iii) প্রকৃতি iv)গাছপালা

অনুচ্ছেদটির শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়লে তুমি খুব সহজেই এই প্রশ্নের উত্তর লিখবে: iv)গাছপালা। কারণ, অনুচ্ছেদটি গাছপালার প্রয়োজনীয়তা নিয়ে রচিত। একইভাবে ১ নম্বর প্রশ্নে দেওয়া সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো-এর জন্য প্রদত্ত অনুচ্ছেদ ভালোভাবে মনোযোগসহ পড়লেই সব প্রশ্নেরই সঠিক উত্তর তুমি লিখতে পারবে। অনুচ্ছেদভিত্তিক ২ নম্বর প্রশ্নে থাকবে পাঁচটি শব্দ এবং সেই শব্দগুলোর অর্থ, অনুচ্ছেদ থেকে নেওয়া প্রদত্ত শব্দগুলোর অর্থ অনুধাবন করে তুমি শূন্যস্থান পূরণ করবে। শব্দের অর্থ দিয়ে নয়, মূল শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যেমন প্রদত্ত শব্দ যদি হয় ‘নিসর্গ’ এবং এর অর্থ দেওয়া থাকল প্রকৃতি।

শূন্যস্থান পূরণ করতে বলা হলো:

ক) রাঙামাটির...সবাইকে আনন্দ দেয়। তুমি উত্তর লিখবে: ক) রাঙামাটির নিসর্গ সবাইকে আনন্দ দেয়।

৩ নম্বর প্রশ্নটি থাকবে যুক্তবর্ণ-সম্পর্কিত। অর্থাৎ অনুচ্ছেদে ব্যবহূত বাছাই করা পাঁচটি যুক্তবর্ণ প্রশ্নে দেওয়া থাকবে, তোমাকে বলা হবে: যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি, তা লেখো এবং প্রদত্ত যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো। অথবা যুক্তবর্ণগুলো দিয়ে শব্দ গঠন করো এবং বাক্যে প্রয়োগ দেখাও, যেমন: ‘ন্দ’ যুক্তবর্ণটি যদি পাঁচটি যুক্তবর্ণের একটি হয়, এবং প্রশ্ন হয়ে থাকে ওপরে বর্ণিত প্রথমটি, তাহলে উত্তর লিখতে হবে: ন্দ=ন্+দ=ছন্দ। আর যদি প্রশ্ন হয়ে থাকে ওপরে বর্ণিত দ্বিতীয়টি, তাহলে তুমি নিশ্চয় লিখবে: ন্দ=আনন্দ=নিসর্গের শোভা সবাইকে আনন্দ দেয়। কিংবা তোমার পছন্দের যেকোনো বাক্য যার মধ্যে ‘আনন্দ’ শব্দটি থাকবে। যোগ্যতাভিত্তিক প্রশ্নের ধারাবাহিকতায় ৪ নম্বর প্রশ্নে থাকবে ‘ক’ ও ‘খ’ দুটি বর্ণনামূলক কাঠামোবদ্ধ প্রশ্ন, এই দুটি প্রশ্নের মান হবে ৫X২ = ১০। যেমন প্রদত্ত অনুচ্ছেদের আলোকে যদি প্রশ্ন হয়: ক) প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছপালা কী ভূমিকা পালন করে, তা পাঁচটি বাক্যে লেখো। খ) বসতবাড়ির শোভাবর্ধন করে, এমন পাঁচটি গাছের নাম লেখো। এই দুটি প্রশ্নের উত্তর তুমি খুব সহজেই লিখতে পারবে, যদি অনুচ্ছেদটি মনোযোগ দিয়ে পড়ে তোমার চিন্তাশক্তি একটু বাড়াও। প্রশ্নকাঠামো অনুসারে পরবর্তী অনুচ্ছেদভিত্তিক প্রশ্ন ৫, ৬, ৭ ও ৮ এবং প্রশ্নক্রমিক ৯ থেকে ১৬-এর উত্তর লেখার জন্য পাঠ্যবই পড়লে ওই প্রশ্নগুলোর উত্তর লেখা কঠিন হবে না।

বানান শুদ্ধ করে লিখন: এই প্রশ্নে উত্তর নির্দেশনা অনুসারে সঠিকভাবে লেখার জন্য অনুশীলন করবে বইয়ের গদ্য ও কবিতায় ব্যবহূত কঠিন শব্দগুলো। পদ সম্পর্কেও ধারণা রাখবে। কারণ, শুদ্ধ বানান অথবা পদ নির্ণয় যেকোনো একটি থাকবে প্রশ্নপত্রে। কিংবা ‘অথবা’ দিয়ে দুটিই থাকতে পারে।

বিরাম চিহ্ন: ‘বিরাম চিহ্ন’ অনুশীলনের জন্য বাছাই করে নিতে পারো, পাঠ্যবইয়ের গদ্য এবং কবিতার মূলভাবগুলোয় ব্যবহূত কমপক্ষে পাঁচটি বিরাম চিহ্ন আছে, এমন অনুচ্ছেদগুলো।

এককথায় প্রকাশ: পাঠশিখি অংশের শব্দার্থের মধ্যে অনেক শব্দগুচ্ছ বা বাক্য দেওয়া আছে, যা ‘এককথায় প্রকাশ করো’ প্রশ্নের উপযোগী। এগুলো ভালো করে রিভিশন দাও।

ক্রিয়াপদের চলিত রূপ: প্রশ্নানুসারে ক্রিয়াপদের সঠিক চলতি রূপ লিখতে পারলে পুরো নম্বরই পাবে। এই প্রশ্নটির যথার্থ উত্তর দেওয়ার জন্য পাঠ্যবইয়ের ব্যবহূত ক্রিয়াপদগুলো বাছাই করে লিখতে পারো। মনে রাখতে হবে, এই প্রশ্নটি কিন্তু ‘এককথায় প্রকাশ করো’-এর বিকল্প প্রশ্ন।

বিপরীত শব্দ বা সমার্থ শব্দ: পাঠ্যবইয়ের ‘পাঠশিখি’ অংশে দেওয়া বিপরীত শব্দগুলো। আর শব্দার্থগুলো ভালোভাবে আয়ত্তে থাকলে এবং কিছু প্রচলিত সমার্থক শব্দ শেখা থাকলে এই প্রশ্নের উত্তর লেখাও সহজ হবে।

কবিতার চরণ সাজিয়ে লেখা: প্রশ্নে দেওয়া পাঠ্যবইয়ের যেকোনো কবিতার ছয়টি লাইন এলোমেলো করে দেওয়া থাকবে। সঠিকভাবে সাজিয়ে বানান এবং যতি চিহ্ন সঠিক করে কবিতা লিখতে পারলে ছয় নম্বর পাবে। এই প্রশ্নের সঙ্গেই থাকবে প্রদত্ত কবিতার নাম লেখা, কবির নাম লেখা এবং কবিতাভিত্তিক দুটি-একটি প্রশ্ন। মনে রাখবে, কবিতার চরণ সাজানোর অংশে কবিতার নাম, কবির নাম লেখার প্রয়োজন হবে না। যেহেতু এই প্রশ্নের পরবর্তী অংশে কবিতা ও কবির নাম লেখার কথা বলা থাকবে।

আবেদনপত্র বা চিঠি লিখন: আবেদনপত্র বা চিঠি লেখার ক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করে লিখবে। আবেদনপত্র অবশ্যই এক পৃষ্ঠায় লিখবে। চিঠি দুই পৃষ্ঠা হতে পারে, এতে সমস্যা নেই।

ফরম পূরণ: ১৪ নম্বর প্রশ্নে থাকবে যেকোনো প্রতিযোগিতায় কিংবা বিষয়ে অংশ নেওয়ার জন্য বা ক্লাব, পাঠাগার, সমবায় সমিতি, শিশুসংগঠন ইত্যাদির সদস্যপদ লাভের জন্য তোমার তথ্যাদির বিবরণমূলক একটি নির্দিষ্ট ফরম। প্রশ্নে দেওয়া তথ্য-সূত্রগুলো যথাযথভাবে পূরণ করলেই পূর্ণ নম্বরই পাবে।

রচনা লিখন: পাঠ্যবই-সম্পৃক্ত বিষয়ের আলোকে রচনা লেখার জন্য প্রশ্নে দেওয়া সংকেতগুলো অনুসরণ করবে। ২০০
শব্দের মধ্যে রচনাটি লিখে শেষ করবে। অপ্রাসঙ্গিক কিছু লিখবে না।

আইডিয়াল সর. প্রাথমিক বিদ্যালয়