প্রেসিডেন্টের ব্যবচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবামা ব্যর্থ প্রেসিডেন্ট নন। ছবি: ইউএসএএফ
ওবামা ব্যর্থ প্রেসিডেন্ট নন। ছবি: ইউএসএএফ

যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামা প্রথমবারের

এলিজাবেথ ড্রিউ
এলিজাবেথ ড্রিউ

মতো নির্বাচিত হওয়ার সময় তাঁকে সাড়া জাগানো নতুন ব্যক্তিত্ব বলে গণ্য করা হয়েছিল। কিন্তু ২০১৪ সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার আগে থেকে ক্রমে তিনি জনপ্রিয়তা হারাতে থাকেন। নিজ দলের নেতা-কর্মীদের অনেকেই ওবামাকে প্রকাশ্যে ত্যাগের ঘোষণা দেন। কারণ, প্রত্যাশা তত দিনে বাস্তবতাকে ছাড়িয়ে গেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাস্তবতাটাই নানাভাবে পাল্টে গেছে।
ওবামা ব্যর্থ প্রেসিডেন্ট নন। বরং তিনি প্রকৃতপক্ষেই প্রায় অসম্ভব পরিস্থিতির ভেতরে থেকে সফল হয়েছেন। দায়িত্ব পালনের প্রথম দুই বছর কংগ্রেসের উভয় কক্ষ তাঁর ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে ছিল। তখন তিনি দেশটির ভয়াবহ অর্থনৈতিক মন্দার পর সবচেয়ে ক্রমাবনতি কাটিয়ে উঠতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিলেন। উপরন্তু, তাঁর নতুন যুগ সৃষ্টিকারী স্বাস্থ্যসেবা নীতি তিনি ধাপে ধাপে বাস্তবায়ন করছেন, ইতিমধ্যে পেশ্যান্ট প্রটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট পাস করেছেন।
এখন এমনকি, বিরোধী রিপাবলিকান পার্টির নেতা ও বড় বড় স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর বিরোধিতা সত্ত্বেও ওবামা জলবায়ুর পরিবর্তন মোকাবিলা ও গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে সহায়ক জ্বালানিনীতি পরিবর্তন শুরু করেছেন। নারী ও যৌন সংখ্যালঘুদের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। কংগ্রেসের পক্ষাঘাতগ্রস্ততা সত্ত্বেও অভিবাসন আইন সংস্কারে নিজের নির্বাহী আদেশ দিয়েছেন।
প্রেসিডেন্ট হিসেবে ওবামার দায়িত্ব পালন বিষয়ে মূল্যায়নে অবশ্যই শুধু তাঁর নয়, বরং রিপাবলিকানদের নজিরবিহীন বিরোধিতার ওপরও জোর দিতে হবে। এমনকি, ওবামা প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে থেকেই বিরোধী রিপাবলিকান পার্টির নেতারা তাঁর প্রতিটি প্রস্তাবের বিরোধিতার ষড়যন্ত্র করছিলেন। ওবামার স্বাস্থ্যসেবা নীতির পক্ষে একজন রিপাবলিকানও ভোট দেননি। যদিও রিপাবলিকানের কিছু নেতা এবং থিংক ট্যাংকের সমর্থিত প্রকল্প অনুযায়ী তাঁর এই স্বাস্থ্যসেবা নীতির মডেল তৈরি করা হয়েছিল।
রিপাবলিকানদের সবচেয়ে বিচক্ষণ চাতুর্য ছিল বিলগুলো ভোটের জন্য যাতে সিনেটে তোলা না যায়, তার জন্য কার্যবিধিগত উদ্যোগ নেওয়া। এতে ‘ওয়াশিংটনের অচলাবস্থার জন্য’ জনগণ শেষমেশ ওবামাকেই দোষ দেয়। জনমত জরিপে তাঁর সমর্থন যখন কমে আসতে শুরু করল এবং একপর্যায়ে ৪০ শতাংশের কোটায় পৌঁছাল, তখন ডেমোক্র্যাটরাও ওবামার থেকে মুখ ফিরিয়ে নিয়ে কৌশলগত ভুল করে বসলেন। ভোটারেরা তখন সিদ্ধান্ত নিলেন, তাঁর ওপর এমনকি নিজ দলেরই আস্থা বা সমর্থন নেই। এতে ওবামার জনপ্রিয়তা আরও কমে যায়।
নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে, ডেমোক্র্যাটরা ওবামাসংশ্লিষ্ট কোনো নীতিকে সমর্থন দিতে অস্বীকৃতি জানান। ফলে তাঁর নিজের দলের ভোটারদের অনেকেও ভোট দিতে কেন্দ্রে যাননি। রিপাবলিকান-প্রার্থীরা ওবামাবিরোধী জোর প্রচার চালিয়ে প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম হন।
ওবামার শাসন সম্পর্কে কোনো সৎ আলোচনায় তাঁর বর্ণের ভূমিকাকে কোনো ক্রমেই খাটো করা যায় না। তাঁর সমর্থকেরা যতটা প্রত্যাশা করেছিলেন, একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের জন্য যুক্তরাষ্ট্র ততটা প্রস্তুত ছিল না। এটা বোঝা যায় সেসব তিক্ত বাক্যবাণ থেকে, যা কিনা কোনো প্রেসিডেন্টের উদ্দেশ্যে ছোড়া সর্বনিম্ন মানকে ছাড়িয়ে যায়।
এমন আরও নানা বিষয়ে ওবামার দৃষ্টিভঙ্গি বাধাগ্রস্ত হয়েছে (এমনকি তাঁর মা শ্বেতাঙ্গিনী হওয়া সত্ত্বেও) একজন ‘ক্ষুব্ধ কৃষ্ণাঙ্গ’ হিসেবে আত্মস্থ করা তাঁর সন্ত্রস্ত অবস্থার কারণে। আত্মজীবনীমূলক বই ড্রিমস ফ্রম মাই ফাদার-এ ওবামা এর বর্ণনা দিয়েছেন। মিজৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হওয়ার ঘটনার জেরে যে সহিংস পরিস্থিতির উদ্ভব হয়, তা দমনে ওবামা দ্রুত পুলিশি পদ্ধতির উন্নয়নে উদ্যোগ নেন। এ স্বীকৃতি তাঁকে দিতেই হয়।
ওবামার ব্যক্তিত্বও তাঁর জন্য কিছু সমস্যার সৃষ্টি করেছে। তাঁর বিস্ময়বিহ্বল উত্থানপর্বে তিনি ছিলেন কার্যত একা একজন ডেমোক্র্যাট, যিনি ডেমোক্রেটিক পার্টির তৈরি নন; ছিলেন একজন প্রাগ্রসর বুদ্ধির সহজ রাজনীতিবিদ, কিন্তু কোনো মতবাদে অন্ধ নন। নৈঃসঙ্গের প্রতি ঝোঁক তাঁকে ওয়াশিংটনে মৈত্রী ও নতুন বন্ধন তৈরিতে অনাগ্রহী করে তোলে। তাঁর ঝোঁক ছিল বরং পরিবারের সদস্য ও শিকাগো থেকে আসা তাঁর বন্ধুদের প্রতি।
তা ছাড়া, আলটপকা বক্তব্য বা রাজনীতির ঘোরপ্যাঁচ নিয়ে কথা বলার খুব একটা প্রয়োজন বোধ করেননি ওবামা। তাঁর ব্যতিক্রমী বুদ্ধিমত্তার প্রতি অতি আত্মবিশ্বাস ওবামাকে অন্য সব দিকের প্রতি অসহিষ্ণু করে তোলে। ফলে কংগ্রেস সদস্য, ব্যবসায়ী ও অন্যেরা তাঁর উপস্থিতিতে ম্লান হয়ে পড়েন। এমনকি তাঁর ব্যক্তিত্বের দূরবর্তিতার কারণে অনেকে অপমানিতও বোধ করেছেন।
আরও বিশদভাবে বলতে গেলে, ওবামা যে আগে বলেছিলেন সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি পাওয়ার জন্য তিনি ‘বৈরী একটি গোষ্ঠী’ তৈরি করবেন, তার সরকার পরিচালনার ধরন সে দাবির বিপরীত। হোয়াইট হাউসে চারপাশে অনুগত মানুষ নিয়ে থাকার প্রতি তাঁর বিশেষ অনুরাগ রয়েছে। মন্ত্রিসভার কিছু সদস্যও তা-ই বিবেচনা করেন। এ ছাড়া হোয়াইট হাউসের একজন কর্মকর্তা তাঁর নীতি বিষয়ে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছেন। মন্ত্রিসভার সদস্যদের অভিযোগ, তাঁদের প্রস্তাবগুলো হোয়াইট হাউস কমিটি পর্যালোচনার সময় গড়িমসি করেছে।
আনুগত্যের জোর দেওয়ার এই প্রবণতা জাতীয় নিরাপত্তা ফ্রন্টকে সবার নজরের সামনে নিয়ে এসেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুজান রাইস ২০০৮ সাল থেকে ওবামার সঙ্গে রয়েছেন। বলা হয়ে থাকে যে, তিনি মেধাবী কিন্তু কৌশলগত অন্তর্দৃষ্টিতে দুর্বল। তাঁর যুদ্ধংদেহী প্রতিশ্রুতির কারণে সিরিয়া–সংকটসহ ঝুঁকিপূর্ণ বিষয়ে ক্ষতিকর নীতি প্রণীত হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল সুজান রাইসের চারপাশ ঘিরে থাকা দুর্লঙ্ঘ্য প্রাচীর ভেদ করতে পারেননি। সিরিয়া–সংকট বিষয়ে তাঁর ভিন্ন মত, যা তিনি প্রায়ই সরাসরি ওবামার কাছে উত্থাপন করেছেন, তাতেও ইতিবাচক সাড়া পাননি।
মধ্যবর্তী নির্বাচনের পর হেগেল ছয় বছরে ওবামার তৃতীয় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে প্রশাসনিক বলির পাঁঠায় পরিণত হয়েছেন। এমনকি স্রেফ অব্যাহতি নেওয়ার মর্যাদাও তিনি পাননি। হোয়াইট হাউসের ফাঁস হয়ে যাওয়া বিবৃতিতে লেখা ছিল, ‘তিনি আর চাকরিতে নেই।’ এ ধরনের পদক্ষেপ প্রশাসনের দৈন্য দশার ছবিই ফুটিয়ে তোলে।
ওবামা আগের প্রেসিডেন্টদের পররাষ্ট্রনীতি প্রত্যাখ্যানের খুব একটা সুযোগ পাননি। যুক্তরাষ্ট্র এখন যেসব পররাষ্ট্রনীতিগত ঝুঁকি মোকাবিলা করছে, এ জন্য তাঁকে দোষ দেওয়া ঠিক হবে না। ইরাক ও আফগানিস্তানের বিশৃঙ্খল পরিস্থিতি তিনি সৃষ্টি করেননি। স্নায়ুযুদ্ধকালের তুলনায় আজকের দ্বিধাবিভক্ত বিশ্বে পররাষ্ট্রনীতি পরিচালনা করা যে অনেক বেশি পরিমাণে কঠিন, এ দোষ ওবামার নয়। বিশ্বের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করা যেকোনো মার্কিন প্রেসিডেন্টের জন্যই দুরূহ, যে বাস্তবতার দিক থেকে রিপাবলিকানরা চোখ ফিরিয়ে রেখেছেন।
কিন্তু ওবামার মতো মেধাবী একজন মানুষ বাজে ধরনের ভুল করতে হেঁটমুণ্ড হয়েছেন। জন ম্যাককেইন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ায় পরিস্থিতি ঘোরতর জটিল হয়ে উঠেছে।
মার্কিন রাজনীতির আরও মেরুকরণ হওয়ায় এবং নয়া জমানার বৈশ্বিক উন্নয়নের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ সামলাতে ওবামাকে যেভাবে হিমশিম খেতে হচ্ছে, তাতে নিজ দেশের ক্রমবর্ধমান আয়বৈষম্য ঠেকাতে বড় কোনো জাতীয় কর্মসূচি পরিচালনা করা ওবামার প্রশাসনের ক্ষমতার বাইরে বলে মনে হচ্ছে। ২০১৬ সালে অনুষ্ঠেয় তাঁর উত্তরসূরি নির্বাচনে প্রার্থীর সংখ্যায় কোনো কমতি নেই। তবে ওবামার এমন অভিজ্ঞতার পর কেন আর কেউ সে দায়িত্ব নিতে চাইবেন, সেটাই এক বড় বিস্ময়ের ব্যাপার।
এলিজাবেথ ড্রিউ: গবেষক, সম্প্রতি প্রকাশিত ওয়াশিংটন জার্নাল: রিপোর্টিং ওয়াটারগেট অ্যান্ড রিচার্ড নিক্সন’স ডাউনফল বইয়ের লেখক।