ফাদার জেমসের জন্য শিক্ষকতায় আগ্রহী হয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাদার জেমস টি বেনাস। ছবি: লেখক
ফাদার জেমস টি বেনাস। ছবি: লেখক

ছোটবেলা থেকে শিক্ষক আমার কাছে আতঙ্কের আরেক নাম। বিশেষ করে গণিত আর ইংরেজি শিক্ষকদের দেখলেই ভয়ে আধমরা হয়ে যেতাম। যাক সে কথা, মধ্যবিত্ত পরিবারের ছেলে। সাধারণ এক স্কুল থেকে মাধ্যমিক পাশ করে ভর্তি যুদ্ধে জয়ী হয়ে নটর ডেম কলেজে ভর্তির সুযোগ পেলাম। কিন্তু চারপাশে এত মেধাবী শিক্ষার্থীদের ভিড়ে বড্ড অসহায় বোধ করতাম। শিক্ষকেরা পড়িয়ে যেতেন। কিন্তু অনেক কিছু বিশেষ করে ইংরেজি সাহিত্য বুঝতে অসুবিধা হলেও বলার সাহস পেতাম না। কারণ সবাই বোঝে আমি কেন বুঝব না? মাঝে মাঝে খুব হীনমন্যতায় ভুগতাম। এমন সময় একদিন ইংরেজি কবিতার ক্লাস নিতে আসলেন একজন ফাদার। তিনি শ্বেতাঙ্গ, ভাবলাম ইনি কি পড়াবেন, বাঙালি শিক্ষকের পড়ানোই বুঝি না আবার বিদেশি। তিনি ক্লাসে আসার সঙ্গে সঙ্গে এক ছাত্র মিয়াও করে ডেকে ওঠে, ভাবলাম এইরে এবার খবর আছে। কিন্তু না, তিনি চক নিয়ে বোর্ডে একটা বিড়ালের ছবি আঁকলেন, কার্টুন আরকি... তারপর বললেন, ‘বিলাই...বিরক্ত করলে ঘাড় ধরে বাইরে ফেলে দিতে হবে...।’ ব্যাস, সব শান্ত। তখন মনে হলো মজার কিছু হবে আজ, কারণ আমি কার্টুন আঁকতে খুবই পছন্দ করতাম। তিনি পড়াতে শুরু করলেন কবি রবার্ট ব্রাউনিংয়ের ‘প্যাট্রিয়ট’। আগে পড়েছি কিন্তু মাথায় কিছু ঢোকেনি। ফাদার কিন্তু বই হাতে নিলেন না, কাউকে বই খুলতেও বললেন না। কালো বোর্ডটায় এঁকে যেতে লাগলেন কবিতার দৃশ্য, সঙ্গে আবৃত্তি আর ব্যাখ্যা। ওহ, কি সুন্দর তার পড়ানোর পদ্ধতি। এভাবেও তাহলে পড়ানো যায়! তিনি আমার চোখ খুলে দিলেন। আমার মনে হলো এখন থেকে নিজে কল্পনা কাজে লাগিয়ে এভাবেই পড়ব আর যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এভাবেই পড়াব।

ত্রিদীপ বড়ুয়া। ছবি: লেখক
ত্রিদীপ বড়ুয়া। ছবি: লেখক

আমি শিক্ষকতা শুরু করেছিলাম এ পদ্ধতিতে, অনেকেই সমালোচনা করলেও আমার ছাত্র-ছাত্রীরা এটা খুব পছন্দ করতো। বর্তমানে কিন্তু সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে এ ধরনের পাঠদানকে উৎসাহিত করা হয়। ফাদারকে কোনোদিন বলা হয়নি আমার জীবনে তার অবদান কতটুকু। প্রথম আলোর শুভ প্রয়াসের কথা জেনে ফাদারকে মনের কথাটা জানাতে ইচ্ছে করল, কিন্তু প্রথম আলো কোনোভাবেই এ কথাগুলো ফাদারের কাছে পৌঁছাতে পারবে না কারণ ফাদার গত বছরের ২৫ মে দেহত্যাগ করেছেন। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন, আপনার ক্লাস আর আপনাকে কোনোদিন ভুলতে পারব না। আপনি আমার পথচলায় অনেক প্রেরণা জুগিয়েছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমার চিন্তার জগৎ উন্মুক্ত করার জন্য ধন্যবাদ প্রিয় শিক্ষক ফাদার জেমস টি বেনাস, সিএসসি। আমার স্মৃতিতে আপনি অমর হয়ে থাকবেন আজীবন।

লেখক: পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেডের গবেষণা ও উন্নয়ন বিভাগে কর্মরত