ফিরে এসেছে ইলিশ
পরপর দুই বছর—২০০৯ থেকে ২০১০ সাল। সাগরের ইলিশ নদীতে আসছে না। চারদিকে হাপিত্যেশ। ইলিশের অভয়াশ্রমে নিষিদ্ধ সময়েও ইলিশ ধরা হচ্ছে। কারণ, জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করেই তাঁদের মাছ ধরা থেকে বিরত রাখা হয়েছে।
ইলিশ সাগর থেকে নদীতে আসার পথের বাধাগুলো নিয়ে প্রথম আলোতে একের পর এক প্রতিবেদন প্রকাশ করা শুরু হলো। ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষিত নদীগুলোর পাশের জেলেদের বিকল্প কর্মসংস্থান না থাকা নিয়ে মানবিক প্রতিবেদন প্রকাশ করল। লেখা হলো, ইলিশ বাঁচাতে হলে আগের জেলেদের বাঁচাতে হবে। সরকার গণমাধ্যমকর্মী, গবেষণা সংস্থার প্রতিনিধি ও ইলিশ বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসল। ওয়ার্ল্ড ফিশের মতো বিশ্বখ্যাত সংস্থা ইলিশ রক্ষায় সরকারকে কর্মপরিকল্পনা তৈরি করে দিতে এগিয়ে এল। তৈরি হলো কর্মপরিকল্পনা।
সরকারের পক্ষ জেলেদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হলো। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রথম আলো কেবল সংবাদ নয়, মন্তব্য প্রতিবেদন ও সম্পাদকীয় লিখল। এসব পদক্ষেপের কারণে ২০১৪ সাল থেকে দেশে ইলিশের উৎপাদন আবার বাড়তে শুরু করে।
বেড়েছে বাংলাদেশের ইলিশের ওজন, আয়তন ও স্বাদ। ৫ বছরের মাথায় দেশের ইলিশের গড় ওজন বাড়ল ৪০০ গ্রাম। এক যুগে উৎপাদন বেড়েছে দ্বিগুণের বেশি। ইলিশের উৎপাদন আর সমস্যা নিয়েই ক্ষান্ত থাকেনি প্রথম আলো। ইলিশ রান্নার নানা পদ নিয়ে প্রথম আলোর নকশা পাতায় বারবার লেখা ছাপা হয়েছে। প্রথমা প্রকাশন থেকে ইলিশের রেসিপি বিষয়ে আলাদা বই প্রকাশ করা হয়েছে। সামনের দিনগুলোতেও আমাদের এই জাতীয় মাছটি প্রথম আলোতে বিশেষ গুরুত্ব পেতেই থাকবে।