ফ্ল্যাট নির্মাণে রিহ্যাবের অংশীদারিত্বের প্রস্তাব বিবেচনায় আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুচ ছালাম
আবদুচ ছালাম
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরের সড়ক সম্প্রসারণ ও উড়ালসড়ক নির্মাণে প্রকল্প বাস্তবায়ন করলেও আবাসন সমস্যা নিরসনে গত কয়েক বছরে তেমন কোনো প্রকল্প নেয়নি। অথচ নগরবাসীর আবাসন সমস্যা নিরসনে ভূমিকা রয়েছে সংস্থাটির। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে মুখোমুখি হয়েছেন সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম। সাক্ষাৎকার নিয়েছেন সুজন ঘোষ

* নগরবাসীর আবাসনব্যবস্থা নিশ্চিত করার জন্য সিডিএর ভূমিকা কী?

আবদুচ ছালাম: নগরবাসীর আবাসন নিশ্চিত করা সিডিএর বাধ্যতামূলক কাজগুলোর একটি এবং এটি সিডিএর অন্যতম একটি দায়িত্ব। তাই প্রতিষ্ঠার পর থেকেই সিডিএ এ দায়িত্ব পালন করে আসছে। ইতিমধ্যে আগ্রাবাদ, চান্দগাঁও, চন্দ্রিমা, কল্পলোক, কর্ণফুলী, সলিমপুর, অনন্যা উল্লেখযোগ্য প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে নগরের আবাসন সমস্যার সিংহভাগ নিরসন করা হয়েছে।

* নগরের আবাসন–সংকট নিরসনে এখন কী করছে সিডিএ? দীর্ঘদিন কেন কোনো প্রকল্প নেওয়া হয়নি?

আবদুচ ছালাম: অনেক দিন কোনো আবাসন প্রকল্প নেওয়া হয়নি, এটি সত্যি। তবে নগরের আবাসন সমস্যা নিরসনের জন্য অনন্যা-২ নামের একটি আবাসিক প্রকল্প নেওয়া হয়েছে। সম্প্রতি একনেকে এর অনুমোদন পাওয়া গেছে। এ প্রকল্পে চার শ একর জায়গায় প্রায় তিন হাজার প্লট থাকবে। এর জন্য জমি অধিগ্রহণ করতে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। বাস্তবায়নের কাজও দ্রুত শুরু হবে।

* এ প্রকল্পে কী কী সুবিধা থাকবে?

আবদুচ ছালাম: নগরের সবচেয়ে বৃহৎ এ প্রকল্পে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা থাকবে। নগরের আবাসিক এলাকা গড়ে উঠলে সেখানে নাগরিক সুযোগ-সুবিধা তেমন ছিল না। তা মাথায় রেখে এবারের প্রকল্প সাজানো হয়েছে। এখানে কৃত্রিম হ্রদ, খেলার মাঠ, পার্ক, হাসপাতাল সুবিধা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ফায়ার স্টেশন, থানার জন্য জায়গা রাখা হয়েছে। এককথায় বলতে গেলে, এটি হবে একটি সত্যিকারের উপশহর।

* অনেক আবাসন প্রতিষ্ঠান নকশাবহির্ভূত ভবন গড়ে তুলছে, তা রোধে সিডিএর তদারকি কেমন?

আবদুচ ছালাম: সিডিএ শুধু আবাসন সমস্যা নিরসন করে তা নয়, পরিকল্পিত নগর গড়ে তুলতেও কাজ করে যাচ্ছে। তবে সরকারি প্রতিষ্ঠান হিসেবে সিডিএর অনেক সীমাবদ্ধতা রয়েছে। এটি মাথায় রেখেই সরকার আইন করেই দিয়েছে, নকশা অনুমোদন থেকে নির্মাণকাজ শেষ হওয়া পর্যন্ত তদারকির ব্যাপারে স্থপতি ও প্রকৌশলীকে দায়িত্ব নিতে হবে। তাঁরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে সিডিএর জন্য তদারকির কাজটা সহজ হবে। আর নগরবাসীও উপকৃত হবে। অপরিকল্পিত নগরায়ণ থেকে শহরও

রক্ষা পাবে। তবে আমি আবাসন প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করব, তারা যেন ইমারত বিধিমালা মেনে ভবন তৈরি করে। এতে মানুষও দুর্ভোগ থেকে মুক্তি পাবে। পাশাপাশি পরিকল্পিত নগর গড়ে তোলা সহায়ক হবে।

* রিহ্যাব সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগ করতে চায়, এ ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা আছে কি না?

আবদুচ ছালাম: এ দেশে জনসংখ্যার ঘনত্ব বিশ্বের সবচেয়ে বেশি। এর মধ্যে মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আবাসনের চাহিদাও বাড়ছে সে হারে। কিন্তু জমির স্বল্পতা রয়েছে। তারপরও আবাসন প্রতিষ্ঠানগুলো আবাসন–সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তারা সাধারণত জমির মালিকদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ভবন নির্মাণ করত। এত দিন ধরে এভাবেই চলে আসছে। এখন পিপিপির ভিত্তিতে জায়গা চেয়েছে। প্রস্তাবটি খারাপ না। তাদের প্রস্তাব বিবেচনায় আছে। এ জন্য অনন্যা-২ এ ১৮ থেকে ২০ একর জায়গা ‘ফ্ল্যাট ব্লক’ হিসেবে রাখা হয়েছে। সিটি করপোরেশন, বন্দর কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষকেও এ ব্যাপারে এগিয়ে আসতে পারে।