
প্রথম আলোর এ পুরস্কারটা শুরু হয়েছিল বইয়ের প্রতি আমাদের নিখাদ ভালোবাসা থেকেই। একদিন এমনি কথা হচ্ছে অফিসে। মতি ভাই, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বললেন, ‘আমরা বছরের সেরা একটা বইকে পুরস্কার দিতে পারি না?’ ব্যস, আমরা ঝাঁপিয়ে নেমে পড়লাম সবাই। বই বলে কথা। দেশের প্রকাশনায় তখন বেশ একটা জোয়ার এসেছে, কিন্তু ভালো বই চিনিয়ে দেওয়ার আয়োজন নেই বললেই চলে।
সরকারি ও বেসরকারি উদ্যোগে আগে সম্মানজনক কয়েকটা সাহিত্য পুরস্কার ছিল। তার বেশির ভাগই গিয়েছিল বন্ধ হয়ে। তা ছাড়া সেসবের প্রায় সবগুলোই দেওয়া হতো লেখকের সার্বিক অবদানের জন্য।
তৈরি হয়ে গেল ‘প্রথম আলো বর্ষসেরা পুরস্কার’-এর নীতিমালা। প্রথম থেকেই কতগুলো বিষয় পরিষ্কার ছিল। এই পুরস্কারের স্পনসর আর কেউ হবে না, হবে শুধু প্রথম আলো। আমরা পুরস্কারের আয়োজন করব, কিন্তু পুরস্কারের বই নির্বাচন করব না। বই নির্বাচন করার জন্য পাঁচ সদস্যের একটি স্বাধীন বিচারকমণ্ডলী তৈরি করে দেব শুধু। আবার সেই বিচারকমণ্ডলীতে পরপর দুবার কেউ থাকলে পরের বার তিনি আর আসতে পারবেন না। আমাদের উদ্দেশ্য ছিল, এ পুরস্কারের অর্থমূল্য যা-ই হোক না কেন, নির্বাচনের নিরপেক্ষতা যেন এ পুরস্কারটিকে সম্মানজনক করে তোলে।
শুরুতে তো আমাদের পরিকল্পনা ছিল একটি বই-ই নির্বাচন করা। প্রথমবারের বিচারকমণ্ডলী বসলেন জিল্লুর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে। সৃজনশীল আর মননশীলের মধ্য থেকে একটি বই বাছতে গিয়ে তাঁরা পড়ে গেলেন মহা সংকটে। সভাপতি বললেন, ‘না, এভাবে হবে না। দুই ধরনের বইয়ের জন্য আলাদা দুটো পুরস্কার দাও।’ ব্যস, পুরস্কার হয়ে গেল একটির বদলে দুটি।
কীভাবে একটি যুগও পেরিয়ে গেল। আনন্দের ব্যাপার হলো, প্রবীণদের পাশাপাশি পেয়েছেন বহু নবীনও। সেসব নবীনের অনেকে এখন দেশের প্রতিষ্ঠিত লেখক। সভাপতি হিসেবে পেয়েছি জিল্লুর রহমান সিদ্দিকী, সৈয়দ শামসুল হক, আনিসুজ্জামান, আবদুল্লাহ আবু সায়ীদ ও শামসুজ্জামান খানকে।
বইয়ের কোনো শেষ বিচার নেই। সাহিত্য পুরস্কার নিয়েও তাই বিতর্ক চলে। সাহিত্যের বিচার ব্যক্তিতে ব্যক্তিতে ভিন্ন। সে বিচার নন্দনতাত্ত্বিক। কিন্তু কয়েকজন ব্যক্তি যখন নিজের নিজের নান্দনিক রুচি নিয়ে এক টেবিলে বসেন, তখন বিচার হয়ে ওঠে গণতান্ত্রিক। বিচারকদের মধ্যে বিতর্ক চলে। খুবই আনন্দদায়ক বিতর্ক। দু-একবার তর্কের পারদ ওপরেও উঠেছে। কিন্তু প্রথম আলো তখন নক্ষত্রপ্রতিম দূরত্ব রেখে মিটিমিটি হেসেছে।
এই পুরস্কারের শেষ কথা সব সময়ই বিচারকমণ্ডলীর। এ পুরস্কারের গ্রহণযোগ্যতার পেছনে সেটিই হয়তো কারণ।
একনজরে
মোট আয়োজন: ১২ বার (১৪১০-১৪২১ বাংলা, ২০০৪-২০১৫ খ্রিষ্টাব্দ)
পুরস্কারের শাখা: ২ (সৃজনশীল ও মননশীল)
মোট জমা পড়া বই: ২,৪৪৯
মোট বিজয়ী: ২৬