>জুয়েল নিজে টেস্ট খেলার স্বপ্ন হয়তো দেখছিলেন। তখনো জানতেন না, জীবনের একটা মুহূর্ত, একটা ঘটনায় বদলে যাবে সব। হাতের ব্যাট হয়ে যাবে স্টেনগান। বলের চেয়ে বেশি ভালো লাগবে গ্রেনেড মুঠোয় পুরতে
জুয়েল বললেন, ‘মা, যুদ্ধে যাব।’

জীবন চরম নাটকীয় কোনো গল্প-উপন্যাস নয়। তাহলে মা সন্তানকে বুকে নিয়ে বলতেন, ‘যা বাবা, তুই যুদ্ধে যা। দেশকে স্বাধীন করে আয়।’ বরং সত্যিটা হলো, জুয়েলের মা ফিরোজা বেগম তাঁকে ছাড়তেই চাননি। স্বামীহারা এক নারী একমাত্র ছেলেকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন বুকের মাঝে। সেটা চাওয়াই খুব স্বাভাবিক। আদরের মানিক, বুকের ধন। শেষ জীবনের অবলম্বনও!
কিন্তু জীবনে কখনো কখনো এমন মুহূর্ত আসে, অতিনাটকীয়তাকেও তা হার মানায়। জুয়েলের জীবনের পরের গল্পটা তা-ই। ঘুমন্ত মাকে রেখে, পেছন দরজা দিয়ে রাতের আঁধারে বাড়ি ছেড়ে চলে গেলেন জুয়েল। অবলম্বন হিসেবে মায়ের জন্য রইল কেবল তাঁর একটা ফ্রেমবন্দী ছবি। দুই দিন আগেই হয়তো জুয়েল ঠাট্টার ছলে মাকে বলেছিলেন, ‘অসুবিধা কী, আম্মা। আমি যখন থাকব না, আপনি দেয়ালে টাঙিয়ে রাখা আমার ছবিটা দেখবেন।’ মা হয়তো বকে দিয়েছিলেন খুব। বুকটা হু হু করে কেঁপে উঠেছিল।
যুদ্ধ শুরুর অনেক আগেই আসলে শুরু হয়ে গিয়েছিল জুয়েলের যুদ্ধ। দুই পাকিস্তানের মধ্যে যে বৈষম্য, সেটা তো জুয়েলরা টের পেয়েছিলেন ঢের আগে। উর্দুভাষী ক্রিকেটাররা একরকম ঠাট্টাই করত ‘দুবলা’ বাঙালিদের নিয়ে। এরা আবার খেলবে ক্রিকেট! পাকিস্তান জাতীয় দল তো দূরের কথা, পূর্ব পাকিস্তান রাজ্যদলেই ছিলেন হাতে গোনা কজন বাঙালি। জুয়েল তাঁদেরই একজন। আসল নাম আবদুল হালিম চৌধুরী। কিন্তু জুয়েল নামেই সবাই চেনে। মারকুটে ব্যাটসম্যান হিসেবে বেশ নামডাক। সঙ্গে উইকেটকিপিং। পাকিস্তান জাতীয় দলের প্রাথমিক দলের ক্যাম্পেও ডাক পেয়েছিলেন।

১৯৭০-৭১ মৌসুমেই ছিলেন জীবনের সেরা ফর্মে। মাত্র ২১ বছর বয়স তখন। জুয়েল নিজে টেস্ট খেলার স্বপ্ন হয়তো দেখছিলেন। তখনো জানতেন না, জীবনের একটা মুহূর্ত, একটা ঘটনায় বদলে যাবে সব। হাতের ব্যাট হয়ে যাবে স্টেনগান। বলের চেয়ে বেশি ভালো লাগবে গ্রেনেড মুঠোয় পুরতে। দেখতে ক্রিকেট বলের মতোই তো, কেমন নিরীহ। কিন্তু মুঠোয় নিলে কেমন রোমাঞ্চ হয়!
পুরো দেশ যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, সেটা বোঝা যাচ্ছিল অনেক আগে থেকে। জুয়েলের মতো টগবগে ছেলে কি ঘরে বসে থাকতে পারে? কিন্তু ওই যে আবেগের বাধার দেয়াল তুলে রেখেছেন মা। জুয়েল তাই হয়তো দ্বিধার মধ্যেই ছিলেন। নিজের সঙ্গে লড়াই করতে হয়েছে খুব।
কিন্তু প্রতিটা মুহূর্ত তাঁকে পোড়াচ্ছিল—‘মোশতাক ভাই’-এর ক্ষতবিক্ষত দেহটা। ক্রিকেট আর খেলাপাগল মানুষটা নিজে কখনো সংসারই সাজাননি। খেলাই ছিল তাঁর সংসার। আজাদ বয়েজ ক্লাব গড়ে তুলেছিলেন নিজের সবটুকু দিয়ে। বড় কোনো পৃষ্ঠপোষক ছাড়াই গড়ে ওঠা এই ক্লাবটি সে সময় ঢাকা লিগ জিতেও চমকে দিয়েছিল অনেককে।
শুধু খেলাপাগল বলে নয়, মোশতাক মানুষটাকেই না ভালোবেসে পারা যায় না। অচেনা কাউকে মুহূর্তেই আপন করে নেন। এলাকার সবাই জানতেন, বায়তুল মোকাররম মসজিদে এমন খুব কম জানাজা হয়েছে, যাতে তিনি উপস্থিত ছিলেন না। মৃত মানুষটাকে হয়তো তিনি চেনেনই না কিন্তু তাঁর জন্যও তো দোয়া করতে হবে।
২৫ মার্চ থেকে নিখোঁজ সেই মোশতাক। সেই কালরাত! জুয়েলের কানে আসে খবরটা। ২৭ মার্চ সবকিছু একটু থিতিয়ে এলে সৈয়দ আশরাফুল হককে নিয়ে বেরিয়ে পড়েন মোশতাকের খোঁজে। জেলা ক্রীড়া পরিষদ ভবনের সামনে যেন ভাষা হারিয়ে ফেলেন। নিস্পন্দ-নিথর দেহটা পড়ে আছে। বুলেটে ঝাঁঝরা। ছোপ ছোপ রক্ত মাটিতে। সব সময় মুখে একটা সরল হাসি ধরে রাখা মানুষটা যেন রক্তের কাফনে মোড়া। হাত দুটো ওপরে ধরা। মুখে তীব্র যন্ত্রণার ছাপ! এই মানুষটার কপালেই জানাজা জুটল না!
জুয়েল এই দৃশ্য মন থেকে মুছে ফেলতে পারেন না কিছুতেই। এই দৃশ্য তাঁকে ঘুমোতে দেয় না। জুয়েল ঠিক করে ফেলেন, নিতে হবে প্রতিশোধ। অদৃশ্য বুলেট তাড়া করছে সবাইকে। মরবেই যখন, শত্রুকে মেরেই মরো! মে মাসের কোনো এক রাতে গোপনে বাড়ি ছাড়লেন। জানতেন মায়ের কষ্ট হবে ভীষণ। কিন্তু ওই যে, দেশই তখন প্রত্যেক টগবগে তরুণের কাছে ‘মা’। যে মা লাঞ্ছিত, অপমানিত, প্রবঞ্চিত। যে মায়ের সবুজ আঁচল রক্তাক্ত। সন্তানেরা তাই শপথ নেয়—আমরা হারব না, হারব না। তোমার মাটির একটি কণাও ছাড়ব না। আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি।
জুয়েলও প্রতিজ্ঞা করলেন, আমি যাচ্ছি কিন্তু আবারও ফিরব, মা। ক্রিকেট দলটাকে তো তখন নেতৃত্ব দিতে হবে, যে দলের নাম হবে বাংলাদেশ!
জুয়েল চলে গেলেন ভারতের ত্রিপুরায়। মেলাঘরে। সেখানেই গেরিলা প্রশিক্ষণ নিচ্ছিলেন আরও বেশ কয়েকজন টগবগে যুবক। দেশের জন্য নিজের প্রাণ দিতে যাঁরা ব্যাকুল হয়ে আছেন। সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের কাছে নিলেন প্রশিক্ষণ। তাঁদের মনের গভীরে পুঁতে দেওয়া হলো এই বাণী—‘পরাধীন দেশ চায় তারুণ্যের বিশুদ্ধ রক্ত।’
মুক্তিবাহিনীর দুর্ধর্ষ ক্র্যাক প্লাটুনে নেওয়া হলো তাঁকে। এই গেরিলা বাহিনীতে ছিলেন রুমি, বদিউজ্জামান, আলম, পুলু, সামাদ, আজাদরা। এই দলের ওপর দায়িত্বই দেওয়া হলো রাজধানী ঢাকায় অতর্কিত হামলা চালিয়ে নিরাপদে পালিয়ে যেতে হবে, যেন পাকিস্তানি হানাদার বাহিনীর মনোবলে চিড় ধরে। চিড়? ফাটলই ধরাল ক্র্যাক প্লাটুন। ফার্মগেট, এলিফ্যান্ট রোডের পাওয়ার স্টেশন, যাত্রাবাড়ী ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশনে চালালেন হামলা। মূল রাজধানীতে মুক্তিবাহিনীর ঢোকার তখনো ঢের বাকি। কিন্তু হাতে গোনা অল্প কজন ছদ্মবেশী যোদ্ধাই ঘাম ঝরিয়ে ছাড়লেন খাকি সেনাবাহিনীর।
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অপারেশনের সময় গ্রেনেড বিস্ফোরণে জুয়েলের ডান হাতের আঙুলগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হলো। তখন প্রকাশ্যে চিকিৎসা নেওয়ারও সুযোগ নেই। এমন জখম নিয়ে সরকারি হাসপাতালে গেলে ঠিক ধরা পড়তে হবে। গোপনে যতটুকু চিকিৎসা করা যায়। কিন্তু তাতে হাত সেরে ওঠে না সহজে। কী যে যন্ত্রণা! শরীরের চেয়েও জুয়েলের মনেই যন্ত্রণা বেশি। বোনের কাছে শুধু তাঁর একটাই প্রশ্ন, ‘আঙুলগুলো ঠিক না হলে দেশ স্বাধীন হওয়ার পর ক্রিকেট খেলব কী করে, বল তো!’
জুয়েলদের অপারেশন কিন্তু থেমে থাকে না। আগস্টের মাঝামাঝি সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনে অপারেশনের সময় হানাদারদের পাল্টা আক্রমণে মারাত্মক আহত হন। জুয়েলকে নিয়ে যাওয়া হয় মগবাজারে, সুরকার আলতাফ মাহমুদের বাসায়। উদ্দেশ্য, সেখানেই করানো হবে চিকিৎসা। কিন্তু এই খবর পৌঁছে যায় পাশের পাকিস্তানি ক্যাম্পে।
২৯ আগস্ট কয়েকজন সেনা অতর্কিতে হামলা চালায় ওই বাড়িতে। আহত অবস্থায় জুয়েলকে ধরে নিয়ে আসে ক্যাম্পে। জীবিত জুয়েলকে ভীষণ দরকার ছিল তাদের। জুয়েলের পেট থেকে যে বের করে আনতে হবে ক্র্যাক প্লাটুনের সব গোপন তথ্য। তাহলেই ধরা যাবে বাকি সবাইকে। এমনিতেই শরীরের নানা স্থানে জখম। তার ওপরই চলে আরও অত্যাচার। কেটে ফেলা হয় জুয়েলের আঙুল! যে আঙুল দিয়ে জুয়েল ধরতে চেয়েছিলেন স্বাধীন দেশের নতুন ক্রিকেট দলটার ব্যাট। জুয়েল তবু নাম বলেননি কারও। একটা টুঁ-শব্দও বের করানো যায়নি।
অত্যাচারের পাশাপাশি ইন্টারোগেশনের সময় দেখানো হয় কত প্রলোভনও। কল্পনা করে নিতে ইচ্ছে করে, রক্তাক্ত জুয়েলকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। দরদর করে ঝরছে রক্ত। আহত স্থানে দেওয়া হচ্ছে গরম শিকের ছ্যাঁকা। জুয়েল জ্ঞান হারাচ্ছেন, কতই আর সইবে শরীর। জ্ঞান ফিরতেই জুয়েলকে বলা হচ্ছে, ‘বোকামি কেন করছ? এসব করে কোনো লাভ হবে? খামোখা কিছুদিনের হিরো সাজা। একবার নাম বলে দাও। তোমাকে মায়ের কাছে পাঠিয়ে দেব আমরা। আর তোমাকে পাকিস্তান জাতীয় দলে খেলানোর দায়িত্ব আমাদের।’
নির্বোধের দল, তারা যে জানেই না, জুয়েল তত দিনে অন্য এক দেশের হয়ে খেলবেন বলে মৃত্যুপ্রতিজ্ঞাই করেছেন। যে দেশের নাম শুধুই বাংলাদেশ!
কিছুতেই লাভ হচ্ছে না দেখেই সম্ভবত ২৯ আগস্ট মেরে ফেলা হয় জুয়েলকে।
জুয়েলের এই আত্মত্যাগের কথা সে সময়ই প্রচারিত হয়েছিল স্বাধীন বাংলা বেতারে। প্রবাসী সরকার ঘোষণা দিয়েছিল, এই বীরত্বের জন্য যথাযথ সম্মান দেখানো হবে। জুয়েলকে পরে মরণোত্তর বীর বিক্রম খেতাব দেওয়া হয় ১৯৭২ সালে। জুয়েলের নামে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গ্যালারির একটি অংশের নামকরণও করা হয়েছে। প্রতি ডিসেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে হয় শহীদ জুয়েল-শহীদ মোশতাক প্রীতি ম্যাচ। যে মোশতাকের জন্য তাঁর বুকে ছিল এত প্রগাঢ় ভালোবাসা। অন্তত এই ম্যাচ দিয়েই দুজনের বন্ধুত্ব অমর হয়ে আছে।
জুয়েল অমর হয়ে আছেন আমাদের স্মৃতিতেও। জীবনের ওপাশের জীবনটা কেমন, কে জানে। সব কটা জানালা খুলে দিলে ওরা চুপি চুপি আসে কি? ভেবে নিতে কষ্ট হয় না, বাংলাদেশ দলকে এভাবে মাথা তুলে দাঁড়াতে দেখে ওই অদেখা ভুবনে সবচেয়ে বেশি গর্ব হয় জুয়েলের।
রাজীব হাসান: সাংবাদিক