বসন্তবাহার
কে না জানে এপ্রিল ক্রূরতম মাস! ভূলোকে ঘুল্লি দিয়ে ওঠা
মহাশোল তরল আগুনঝরা রাতে স্পর্শিল কার বিভা আগে?
কু ঝিক কু ঝিক ট্রেন, না না শ্যাম্পেন না... অস্থানে ফুটা
সেই থেকে ঝরে পড়ল সিসা টগবগে না-বিন্দু পর্যন্ত গেল
যতক্ষণ না পাগড়ি নামালেন মাথা থেকে সপ্তম আকাশে স্যার!
অনেক হয়েছে উট, এইবার ফেরো, ব্যগ্র কামান দিকে দিকে
দ্যুলোকও তো মরুময় আমির খাঁর ঝালা বিস্তারিছে বিষখালী নদী
ফজর ওক্ত থেকে ধীরে ধীরে কমে ধ’সে-পড়া তাঁবুর বিকার
চৈতালি মিলন রিফ্লেক্সি, আমি ঠিক তাই, খণ্ড নটরাজ।
চিটাগুড়ে বসে আছে অলস মৌমাছি, সংখ্যালঘু আর্তি শুঁড়মূলে
উড়ন্ত দুরন্ত রেণু লভিতেছে পরাগায়ণের ভাষা—এও কি দুরাশা!
কখন খুনের নেশা আঠা ঠেলে ওঠে কার লাগি প্রাক্তন পীড়ায়
পারবে তো ও জননী উতল গর্ভ ধরে রাখতে এ-ঘৃণ্য বীজের?
পবিত্র গ্রন্থ কাঁদে নিজের বিপদে—প্রার্থনা নেহাতই দ্যোতনা,
অবহু ইচ্ছা দোলায় লিপ্সা কার, বলো না, বলো না, মণ্ডল
কেন তব দ্বৈতভাব? স্ফটিকোচ্ছ্বাস ধারাজলে গলে কোনো ঋতু
পেকে ওঠা ফলে, ফলাতীত সন্দেহ যদি, স্বমেহনে কেন-বা তা নাই?
একাকৃতি চারা বৃক্ষ হতে পারত নাকি মিতচারী লোপামুদ্রায়!
পাকদণ্ডি বেয়ে সমর্থ পেশির জোয়ানেরা ওঠে নামে ওঠে—
এপ্রিলের পাঁচ একদলা মাংসের বিকল্প সন্ধান করে পাগলের মতো,
মধ্যসমুদ্রের ঢেউ তরঙ্গ-সংকাশ, চৈত্রদাহ কার বুনো ঝাউ
পুড়িয়ে কয়লা করে আর বৃষ্টি এসে অন্যতারে লহমায় মোছে।