বহুমাত্রিক ও সত্যানুসন্ধানী মানুষ
ঘনিষ্ঠজনদের কোনো কিছু জানান না দিয়ে মুহাম্মদ হাবিবুর রহমান শনিবার সন্ধ্যারাতে চলে গেলেন। আমি তাঁর সরল জীবনযাপন ও আচরণে এক সুন্দর অসাধারণত্ব দেখেছি। তা উপভোগ করতাম। তাঁর সান্নিধ্য দিত আনন্দ। কিন্তু অনেকটা অস্বাভাবিকভাবে চলে যাওয়াটা তাঁর স্বভাবের সঙ্গে অসংগতিপূর্ণ না হলেও তাঁর অনুরাগীদের জন্য অত্যন্ত অনুশোচনার ও বেদনার। রাতেই হাসপাতালে গিয়ে যখন তাঁকে খাটিয়ায় ক্লিন-শেভড অবস্থায় শায়িত দেখি, তখন মনে হলো রাষ্ট্র ও সমাজের করুণ অবস্থা দেখে তিনি অভিমানবশত অথবা বিরক্তিতে চোখ বন্ধ করে রয়েছেন। মারা যাননি।
হাবিবুর রহমান সাহেবের কথা বলার উচ্চারণভঙ্গি ছিল বৈশিষ্ট্যপূর্ণ। টানটা পশ্চিমবঙ্গীয়, যেখানে তিনি বেড়ে উঠেছেন, কেটেছে তাঁর শৈশব-কৈশোর ও যৌবনের প্রথম কয়েক বছর, কিন্তু কথার ঢং ছিল একেবারেই আলাদা। তাতে পূর্ব ও পশ্চিমবঙ্গের একটা সমন্বয় লক্ষ করা যেত।
তাঁর জীবন ছিল মৃত্যুর দিন পর্যন্ত কর্মময়। জীবনে তিনি বহু গুরুদায়িত্ব পালন করেছেন। ছিলেন দেশের প্রধান বিচারপতি। ছিলেন একটি ক্রান্তিকালে রাষ্ট্রের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ সরকারপ্রধান। কিন্তু সেগুলোর কোনোটিই তাঁর প্রধান পরিচয় হয়ে ওঠেনি। চিন্তাশীল লেখক পরিচয়ই তাঁর স্থায়ী পরিচয়। তার সঙ্গে যোগ হয়েছিল রাষ্ট্রের একজন অভিভাবকের পরিচিতি। বিভিন্ন বিতর্কিত বিষয়ে তিনি অনুচ্চ স্বরে যে রায় ঘোষণা করেছেন তা জাতির বিবেকের কণ্ঠস্বর। কারও তা পছন্দ হয়েছে, কারও হয়নি। তিনি থাকতেন নির্বিকার। তিনি ছিলেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব।
জন্মস্থান মুর্শিদাবাদের দয়ারামপুর-জঙ্গীপুরকে হাবিবুর রহমান ভুলতে পারেননি। সেখানকার স্কুলে পড়েছেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজে আইএ পড়েছেন। তারপর পূর্ব বাংলায় আসেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের ছাত্র। খুবই মেধাবী ছাত্র। লিংকনস ইনের ব্যারিস্টার। বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন আধুনিক ইতিহাসের ছাত্র। কিন্তু ডিগ্রি নেওয়ার পর তাঁর ইতিহাসচর্চা থেমে ছিল না। ইতিহাসচর্চা ছিল তাঁর আগ্রহের এলাকা। ছিল তা তাঁর ব্রত। কলেজ-বিশ্ববিদ্যালয়েও তিনি পড়িয়েছেন। কিন্তু শিক্ষকতা করে তাঁর আনন্দ ছিল না। অনবরত শিক্ষা গ্রহণ করেই ছিল তাঁর সুখ। পড়তেন প্রচুর।
শিক্ষকতার চাকরি ছেড়ে জীবিকা হিসেবে বেছে নিয়েছিলেন স্বাধীন আইন পেশা। বার থেকে যোগ দেন বেঞ্চে। বিচারক হিসেবে উঠেছিলেন সর্বোচ্চ পদে। যত দিন ওই পদে ছিলেন যথার্থই ‘ধর্মাবতারে’র ভূমিকা পালন করেছেন। আইনের মানদণ্ডে যা সঠিক তা-ই তিনি গ্রহণ করেছেন, অন্য কোনো বিবেচনা নয়।
জনপ্রিয় হওয়ার চেষ্টা করেননি হাবিবুর রহমান। জনমতের ওপরে স্থান দিয়েছেন সত্যকে। জনপ্রিয় ভাবাবেগের ঊর্ধ্বে স্থান দিয়েছেন যুক্তিকে। দলীয় রাজনীতিঘেঁষা কোনো সহকর্মীর বিনীত পরামর্শ এক কান দিয়ে শুনে তিনি আরেক কান দিয়ে বের করে দিয়েছেন। তাঁর অসামান্য পাণ্ডিত্য ও চারিত্রিক দৃঢ়তা ও সংহতি সম্পর্কে বেঞ্চে তাঁর সহকর্মী ও আইনজীবীদের স্পষ্ট ধারণা ছিল। সাবেক অ্যাটর্নি জেনারেল আমিনুল হক আমাকে বলেছেন, বিচারপতি হাবিবুর রহমান কঠিন মানুষ। নির্মমও বটে। তিনি নিজে যা বিশ্বাস করেন তারও বিরুদ্ধে রায় দিতে তাঁর কুণ্ঠা নেই যদি তা আইনসিদ্ধ হয়।
বহু বই তিনি লিখেছেন। কিছু আছে উদ্ধৃতিবহুল বই। কিন্তু তাঁর বেশির ভাগ বইই মননশীল। সেগুলোতে তাঁর নিজস্ব চিন্তাধারার প্রকাশ ঘটেছে। লেখালেখিতে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের বিষয়গুলোকে খুব মূল্য দিতেন। গত দেড় দশকে তিনি বিভিন্ন উপলক্ষে সেমিনার ও সম্মেলনে যেসব লিখিত অভিভাষণ দিয়েছেন, তা রচনা হিসেবে খুবই উৎকৃষ্ট। সেসব রচনায় তাঁর গভীর পাণ্ডিত্য ও অসামান্য প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। তাতে রয়েছে জাতির জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। বাংলাদেশ রাষ্ট্র হিসেবে যাতে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং সামাজিকভাবে উদার ও পরমতসহিষ্ণু হয়ে ওঠে, সে বিষয়ে তাঁর গভীর আগ্রহ ছিল।
বাঙালি জাতি নিয়ে তাঁর অহংকার ছিল—অভিযোগও ছিল। বাঙালির অতীত ও নাড়িনক্ষত্র তিনি জানার চেষ্টা করতেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। জাতিগতভাবে বাঙালি, ধর্মগতভাবে মুসলমানিত্ব এবং এই দুইয়ের সমন্বয়ে যে বাঙালি মুসলমান একটি স্বতন্ত্র সত্তা, যা তার আত্মপরিচয়—এই বিষয়টি তাঁর চেয়ে বেশি খুব কম বাঙালিই উপলব্ধি করতেন। জবরদস্তিমূলক ধর্মনিরপেক্ষতাবাদী তিনি ছিলেন না। তিনি ছিলেন নির্ভেজাল ধার্মিক ও অবিচল অসাম্প্রদায়িক।
হাবিবুর রহমান তাঁর মুসলমান আইডেনটিটি নিয়ে গর্ববোধ করতেন। এই ভয়টি তাঁর ঘনিষ্ঠ অনেকের মতো একেবারেই ছিল না যে ইসলাম ও মুসলমানদের নিয়ে কথা বললে প্রগতিশীল শিবির থেকে তিনি খারিজ হয়ে যাবেন। তাঁর মতো ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাবোধ বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের পেশাদার অসাম্প্রদায়িকদের কারও মধ্যে দেখিনি।
ইতিহাসের কোন পরিপ্রেক্ষিতে, রাজনীতির কোন অনিবার্য কারণে তাঁকে উদ্বাস্তু হয়ে জন্মস্থান থেকে চিরদিনের জন্য পূর্ব বাংলায় আসতে হয়, তা তিনি খুব ভালো জানতেন। জন্মভূমি ছাড়ার বেদনা ছিল তাঁর। কিন্তু যে জন্মভূমি তার সন্তানকে মর্যাদা ও নিরাপত্তা দিতে পারে না, তার প্রতি ছিল তাঁর গভীর অভিমান। সে জন্যই বাংলাদেশের সংখ্যালঘুদের কষ্টে তিনি কষ্ট পেতেন।
ব্রিটিশবিরোধী আন্দোলন, তেরশ পঞ্চাশের মহাদুর্ভিক্ষ, ছেচল্লিশের নারকীয় দাঙ্গা, পাকিস্তান প্রতিষ্ঠা, পাকিস্তানিদের অবিচার ও শোষণ, ভাষা আন্দোলন, ষাটের দশকের সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ—সবই তিনি ইতিহাসের ছাত্র হিসেবে পর্যবেক্ষকের চোখে দেখেছেন। ইতিহাসের প্রতিটি ঘটনাই নিজস্ব বিচারশক্তি দিয়ে বিশ্লেষণ করেছেন। বিভিন্ন বিষয়ে অনেক সময় তাঁর অভিমতের সঙ্গে তাঁর সমসাময়িকদের মেলেনি। কিন্তু তিনি পরোয়া করেননি। তাঁর বক্তব্য: তুমি থাকো ভাই তোমারটা নিয়ে।
বিচারপতি হাবিবুর রহমানের ব্যক্তিগত বন্ধুর সংখ্যা খুব বেশি ছিল না। কিন্তু বন্ধুত্বকে তিনি খুব মূল্য দিতেন। প্রফেসর আনিসুজ্জামানকে তিনি একেবারে অনুজতুল্য ভালোবাসতেন। আমার সঙ্গে তাঁর প্রসঙ্গে কথা হতো। যদিও তাঁর সব চিন্তা ও কর্মের তিনি পুরোপুরি সমর্থক ছিলেন না। অনেক ব্যাপারে ভিন্নমত পোষণ করতেন। আমাকে অনেকবারই বলেছেন, ‘মনের আনন্দে লেখালেখি করতাম। ভোরের কাগজ-এর সময় থেকেই মতিউর রহমান আমাকে ঘাড় ধরে লেখান। আপনাদের দলে আমি শিং ভেঙে ঢুকেছি নাছোড়বান্দা মতিউর রহমানের জন্যই।’
জীবনের শেষ দিনগুলোতে হাবিবুর রহমান লেখালেখিতেই ব্যস্ত থাকতেন। তথ্যের প্রশ্নে তিনি ছিলেন খুবই সতর্ক। কোনো তথ্যের ব্যাপারে সন্দেহ হলে তিনি আমার মতো অর্বাচীনেরও শরণাপন্ন হতেন। আমার প্রয়োজন হলে আমিও হতাম তাঁর দ্বারস্থ। এভাবে আমরা পরস্পর উপকৃত হয়েছি। তার চেয়েও বড় কথা তাঁর সঙ্গে অপ্রাসঙ্গিক কথা বলেও আমি উপকৃত হতাম। আর কোনো মঙ্গলবার তাঁর ফোন পাব না। কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে তিনি কৃত্রিম হুকুমের স্বরে বলতেন: আমার পাশে বসবেন। বুঝলেন?
তিনি ছিলেন নিরহংকারের পরাকাষ্ঠা। অবাধে মিশতেন সবার সঙ্গে। দূর মফস্বলের কোনো অখ্যাত কবি-যশঃপ্রার্থী তরুণের সঙ্গেও তিনি ভাব বিনিময় করতেন। সারা দেশে তাঁর গুণগ্রাহীর সংখ্যা অগণিত।
বাংলা ভাষা নিয়ে আমার প্রকাশিতব্য ১১০০ পৃষ্ঠার দুই খণ্ডের বইটির ফাইনাল পাণ্ডুলিপি আমি তাঁকে দেখাতে চেয়েছিলাম। কথাও হয়েছিল। ওই পাণ্ডুলিপি পড়াতে তাঁকেই আমি মনে করতাম সবচেয়ে যোগ্য ও নির্ভরযোগ্য পণ্ডিত। আর দুটি মাস বাঁচলে তাঁর দ্বারা আমি ব্যক্তিগতভাবে উপকৃত হতে পারতাম। সে সুযোগ না দিয়ে তিনি আকস্মিকভাবে এই অমানিশার ভেতর থেকে চির অন্ধকারের জগতে চলে গেলেন। তাঁর অভাব আমরা বহুদিন বোধ করব।
সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।