প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাংলা সংস্কৃতির নান্দনিক পরিবেশনা

দৃশ্যশিল্পের প্রদর্শনী তো ছিলই, তার সঙ্গে যোগ হলো গান, নৃত্য ও গীতিনৃত্যনাট্য। প্রথম আলোর ১৮ বছর পূর্তির উৎসবে আমন্ত্রিত বিদেশি অতিথি, পাঠক ও শুভানুধ্যায়ীরা গতকাল উপভোগ করলেন বাংলার ঋদ্ধ সংস্কৃতির বৈচিত্র্যময় অনুষঙ্গের নান্দনিক পরিবেশনা।

শাহবাগের জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে ৫ নভেম্বর থেকে চলছে ‘আত্ম/পরিচয়’ শীর্ষক দৃশ্য শিল্পকলার প্রদর্শনী। এটি নিবেদন করা হয়েছে ১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মৃতির উদ্দেশে। সাপ্তাহিক ছুটির দিনে গতকাল শনিবার বিকেলে প্রচুর দর্শকসমাগম হয় প্রদর্শনীতে। বিকেল চারটায় প্রদর্শনীতে আসেন বিদেশি অতিথিরা। প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ তাঁদের অভ্যর্থনা জানান। প্রদর্শনীর কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমান ও কেহ্কাশা সাবাহ অতিথিদের নিয়ে ঘুরে ঘুরে শিল্পকর্মগুলো দেখান। তাঁরা প্রদর্শনীর মূল ভাবনা এবং বাংলাদেশের সমকালীন চিত্রকলাচর্চার অবস্থাও অতিথিদের সামনে তুলে ধরেন। প্রদর্শনীটি চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।
অ্যাসোসিয়েটেড প্রেস দক্ষিণ এশিয়া সংবাদ পরিচালক বার্নাত আরমাঙগে বলেছেন, এই আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হওয়ার কথা।
>

* জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে ৫ নভেম্বর থেকে চলছে ‘আত্ম/পরিচয়’ শীর্ষক দৃশ্য শিল্পকলার প্রদর্শনী * ‘এবং বাংলাদেশ’ নামের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু হয় লালন সাঁইয়ের গান দিয়ে * প্রথম আলোর বর্ষপূতির উৎসবের মূল ভাবনা কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি অবলম্বনে প্রাচ্যনাটের গীতিনৃত্যনাট্য
আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় পাতার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক স্বাতী ভট্টাচার্য বলেছেন, সবাই মিলে আনন্দ করে উদ্যাপন করার মতো সুযোগ সাংবাদিকদের জীবনে খুব কমই আসে। প্রথম আলোর বর্ষপূতির আয়োজন সেই বিরল সুযোগ সৃষ্টি করেছে। বিভিন্ন দেশের সাংবাদিক, প্রথম আলোর কর্মী, পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এ ধরনের একটি আনন্দময় আয়োজন বড় প্রাপ্তি।
পরে ‘এবং বাংলাদেশ’ নামের সাংস্কৃতিক অনুষ্ঠানের পর্ব শুরু হয় লালন সাঁইয়ের গান দিয়ে। ‘আমি অপার হয়ে বসে আছি’ এবং ‘সময় গেলে সাধন হবে না’ গেয়ে শোনান দিনাত জাহান মুন্নী। এ পর্বের সঞ্চালক ছিলেন কবির বকুল। এরপর একটি সম্মিলিত নৃত্য। রবীন্দ্রসংগীত ‘মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যনন্দনের শিল্পীরা। নৃত্য পরিচালনা করেছেন শর্মিলা বন্দ্যোপাধ্যায়। এরপর আবার গান। সে গান জলের গান। রাহুল আনন্দের নেতৃত্বে জলের গানের শিল্পীরা গেয়ে শুনিয়েছেন তাঁদের জনপ্রিয় তিনটি গান। শুরু করেছিলেন ‘বকুল ফুল’ দিয়ে, মাঝখানে ‘এমন যদি হতো’ এবং শেষে মাকে নিয়ে গান ‘কাগজের নৌকা’। গানের শেষে তাঁদের সমবেত যন্ত্রবাদনটিও ছিল উপভোগ্য।

শেষটাও ছিল আকর্ষণীয়। প্রথম আলোর বর্ষপূতির উৎসবের মূল ভাবনা কবি সুকান্ত ভট্টাচার্যের ‘আঠারো বছর বয়স’ কবিতাটি অবলম্বনে প্রাচ্যনাটের গীতিনৃত্যনাট্য। এর নির্দেশনা দিয়েছেন তৌফিকুল ইসলাম এবং ধারাবর্ণনা করেছেন আজাদ আবুল কালাম। এতে বাংলার আবহমানকালের গণমানুষের জীবনযাত্রা মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের জন্য আন্দোলনসহ জাতির ইতিহাসের গৌরবময় সংগ্রামের ঘটনাগুলো তুলে ধরা হয়। লাল-সবুজের পতাকা উড়িয়ে তারুণ্যের শক্তিতে আরও বহুদূর এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে শেষ হয় এই আনন্দঘন আয়োজন।