প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আসা বিদেশি অতিথিদের সাক্ষাৎকার
বাংলাদেশ সম্পর্কে ভুল ধারণা দূর হওয়া উচিত
প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বিভিন্ন দেশের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকতা জগতের ২০ জন বিশিষ্ট ব্যক্তি। মতপ্রকাশের স্বাধীনতা, প্রযুক্তির উন্নয়ন, রাজনৈতিক ও গোষ্ঠীগত স্বার্থের বাধা, উগ্রপন্থার উত্থান ইত্যাদি নানা ধরনের চ্যালেঞ্জের পটভূমিতে সংবাদপত্র এবং সাংবাদিকতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকেরা। তাঁদের এসব সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে। আজ দ্বিতীয় কিস্তি

প্যাট্রিসিয়া মুখিম মেঘালয়ের সবচেয়ে পুরোনো ও বহুল প্রচারিত ইংরেজি দৈনিক শিলংটাইমস-এর সম্পাদক। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি অনেক পুরস্কার পেয়েছেন। সামাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীও অর্জন করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন ফারুক ওয়াসিফ।
প্রথম আলো: ভারতের একসময়ের অশান্ত এক রাজ্যের সাংবাদিক ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার সম্পাদক হিসেবে কী ধরনের সমস্যার মুখোমুখি আপনাকে হতে হয়েছে?
প্যাট্রিসিয়া মুখিম: নারী বা পুরুষ যা-ই হোন, আমার অভিজ্ঞতা আর সব সম্পাদকের মতোই। তবে বেশি হুমকি বোধ করি পেয়েছি গোপন বেআইনি সংগঠনগুলোর কাছ থেকে। কারণ, আমি সব সময়ই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি এবং লিখে এসেছি। আমি মনে করি, তারা সঠিক আদর্শ অনুসরণ করছে না। তারা সব সময় বলে আসছে, তারা আমাদের জনগণের স্বাধীনতার জন্য লড়াই করছে। কিন্তু চাঁদা আদায়, মানুষ হত্যা ও অপহরণ করা তো কোনো পথ হতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থায় আমাদের সরকারের সঙ্গে লেনদেন করতে হবে। জনগণের মধ্যে অবস্থান তৈরি করতে হবে, নিজেদের দাবির পক্ষে আরও সরব হতে হবে। কিন্তু বন্দুক দিয়ে এসব করা উচিত নয়। ২৬ জানুয়ারি ও ১৫ ডিসেম্বর আমাদের জাতীয় দিবস। সব সময় তারা এই দিন দুটিতে হরতাল ঘোষণা করে। আগে এই দিন দুটিতে উত্তর-পূর্ব ভারতের সবকিছু বন্ধ থাকত। কিন্তু গত বছর তাদের ঘোষণা আমরা প্রকাশ করিনি। তাতে দেখা গেল, মানুষ স্বাভাবিক জীবন কাটাচ্ছে। এটাই গণমাধ্যমের সত্যিকার ক্ষমতা। এ জন্যই সন্ত্রাসবাদী সংগঠন, সরকার, স্বৈরশাসক, মন্ত্রী—সবাই পারলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায়।
প্রথম আলো: গণমাধ্যমে সংবাদ উপস্থাপনের বেলায় সন্ত্রাসবাদী ও স্বাধীনতাকামীকে কীভাবে পার্থক্য করা হবে?
প্যাট্রিসিয়া: একটা কথা প্রচলিত আছে, একজনের কাছে যে সন্ত্রাসী, আরেকজনের কাছে সে মুক্তিযোদ্ধা। যখন আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে লড়ছিলেন, তখন আপনাদের পরিষ্কার একটা লক্ষ্য ছিল এবং জনগণ আপনাদের সঙ্গে ছিল। জনগণকে আস্থায় না নিয়ে আপনি কীভাবে তাদের প্রতিনিধিত্ব করার দাবি করতে পারেন? বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপটের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের তথাকথিত স্বাধীনতা আন্দোলনের কোনো তুলনা হতে পারে না। উত্তর-পূর্ব ভারতে সাতটি রাজ্য আছে। প্রতিটিরই প্রয়োজন ও আকাঙ্ক্ষা আলাদা। এবং আমরা এক রাজনৈতিক মঞ্চেও আসতে যাচ্ছি না।
প্রথম আলো: অনেক জাতি, ধর্ম, পরিচয়ের রাজ্য মেঘালয়। একটি পত্রিকার পক্ষে সবাইকে ধারণ করে সবার পত্রিকা হয়ে ওঠার চ্যালেঞ্জটি কীভাবে মোকাবিলা করেন?
প্যাট্রিসিয়া: আমাদের অনেক বৈচিত্র্যপূর্ণ সমাজ। অনেক জাতি, ধর্ম, ভাষা ও নৃতাত্ত্বিক এই সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে আমরা চলি। ভারতও দৃশ্যত বিভিন্ন জাতিগোষ্ঠীর এক গলনপাত্র (মেল্টিং পট)। কিন্তু বর্তমান সরকারের আমলে আমাদের অনেক বেশি করে ‘জাতীয়তাবাদী’ হতে বলা হচ্ছে। রাষ্ট্র আমাদের সব সময় বলছে, আমাদের শুধু ছোট ছোট আত্মপরিচয় নিয়ে ভাবা উচিত নয়, আমাদের বৃহত্তর পরিচয় নিয়ে ভাবা উচিত। আমাদের ওখানে জাতীয়তাবাদী জোশ বাড়ছে। এটা সত্যিই এক চ্যালেঞ্জ। অতীতে আমরা যা যা জানতাম, এই সরকার তার সবকিছুকেই চ্যালেঞ্জ জানাচ্ছে।
প্রথম আলো: কিন্তু সরকারি বিজ্ঞাপনের ওপর নির্ভরশীলতা কি সংবাদমাধ্যমকে সরকারের পছন্দ-অপছন্দ মেনে চলতে বাধ্য করে না?
প্যাট্রিসিয়া: আমাদের ওখানে অনেক ছোট ছোট পত্রিকার পক্ষে সরকারি বিজ্ঞাপন ছাড়া চলা কঠিন। আপনি যদি সরকারবিরোধী হন, তাহলে তারা সব ধরনের বাধা দেবে, বিজ্ঞাপন দেবে না। আর সরকারি বিজ্ঞাপন ছাড়া তো আপনি চলতেই পারবেন না। সুতরাং সংবাদপত্রের নিজেকে টিকিয়ে রাখা এক কঠিন কাজ।
প্রথম আলো: আমরা দেখতে পেলাম, ভারতের জনপ্রিয় চ্যানেল এনডিটিভিকে একদিনের জন্য বন্ধ করার চাপ এসেছে!
প্যাট্রিসিয়া: বন্ধ করা হয়নি, সম্ভবত সরকার সেই নির্দেশ প্রত্যাহার করবে।
প্রথম আলো: এই পরিস্থিতিতে আপনারা কি চাপ বোধ করছেন?
প্যাট্রিসিয়া: বর্তমানে ভারতে রাজনীতির মেরুকরণ এমন পর্যায়ে এসেছে, আগে কখনো তা হয়নি। এ রকম সময়ে নিজের মতামত প্রকাশ করা কঠিন।
প্রথম আলো: উপমহাদেশে দেখা যায়, ইংরেজি জানা-বলা মানুষের সঙ্গে দেশীয় ভাষাভাষীর দূরত্ব রয়েছে। আপনার অঞ্চলে যেখানে অনেক ভাষা ও সংস্কৃতি, সেখানে ইংরেজি পত্রিকা দিয়ে কীভাবে সবার স্বর ধারণ করবেন?
প্যাট্রিসিয়া: এই প্রশ্নটা আমাদেরও ভাবায়—কীভাবে ও কত দূর পর্যন্ত আমরা ইংরেজি না জানা মানুষের কাছে পৌঁছাব। এই সমস্যা থেকে আমাদের পত্রিকার মালিক খাসিয়া ভাষার পত্রিকা প্রকাশের উদ্যোগ নিলেন। আমরা খাসিয়া ভাষা জানা সাংবাদিকদের দরখাস্ত আহ্বান করলাম। কিন্তু মাত্র ১০টি দরখাস্ত পেলাম। আর তার মধ্যে মাত্র চারজন পরীক্ষা দিতে এলেন। সবাই পাশ্চাত্যমনা হয়ে পড়ছে। তারা আর খাসিয়া ভাষায় কথা বলে না, লেখে না। পশ্চিমা শিক্ষাব্যবস্থা আমাদের ভাষার ক্ষতি করে দিয়ে গেছে।
প্রথম আলো: সংবাদপত্রের চেয়ে টেলিভিশন তথা দৃশ্যমাধ্যম কি মানুষের বেশি কাছে যেতে পারছে?
প্যাট্রিসিয়া: সত্য যে মানুষ তাৎক্ষণিক সংবাদ চায়। ছাপা পত্রিকা তথা লিখিত ভাষার চেয়ে টেলিভিশনের শক্তির তুলনা করলে দেখবেন, সংবাদপত্র অনুসন্ধানী গভীর বিশ্লেষণ যতটা করতে পারে, টেলিভিশন ততটা পারে না। সংবাদপত্রে একটা বিষয়কে সময় নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বোঝার সুযোগ থাকে, যেটা টেলিভিশনের থাকে না। আর ভারতে এখন কিছু টিভি চ্যানেল সরকারের খুব ঘনিষ্ঠ। সেখানে জনগণের মনের কথা বলতে দেওয়া হয় না। আপনি মানুষকে কোনো একটা পন্থায় ঠেলে দিতে পারেন না। এটাই টেলিভিশন মিডিয়ার সমস্যা। আমি মনে করি, এখনো সংবাদপত্রের ওপর মানুষের বিশ্বাস বেশি।
প্রথম আলো: মেঘালয় বাংলাদেশের নিকট প্রতিবেশী ভারতীয় রাজ্য। আমরা দেখেছি, উভয় দেশেই উভয় দেশের সরকার ও জনগণের মধ্যে ভুল-বোঝাবুঝির ব্যাপার ঘটে। তা ছাড়া পরস্পরকে জানার ব্যাপারে দৃষ্টিভঙ্গিগত সমস্যাও হয়? কীভাবে গণমাধ্যম এই সমস্যাগুলো সমাধানে কাজ করতে পারে?
প্যাট্রিসিয়া: আমরা এতই কাছের প্রতিবেশী, বাংলাদেশ ও মেঘালয় ৪৮০ কিলোমিটার দীর্ঘ সীমান্তের অংশীদার। কিন্তু বাংলাদেশকে আমরা একদমই বুঝি না। আসাম ও মেঘালয়ের অনেকের ধারণা, বাংলাদেশ খুবই গরিব দেশ; তাই সেখান থেকে লোক এখানে আসেন, সব সমস্যার কারণ হলো বাংলাদেশের অবৈধ অভিবাসীরা। এটা খুবই ভুল এক ধারণা। তাঁরা আমাদের চাকরি, জমি নিয়ে যাচ্ছেন—এগুলো ভিত্তিহীন কথা। দুঃখের কথা হলো, আসামের বেশির ভাগ গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে। মোদি সরকার এসে বাংলাদেশের হিন্দু শরণার্থীদের ভারতে আশ্রয় দেওয়ার কথা ঘোষণা করায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আসামের কিছু এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনাও আছে। গণমাধ্যমের মানুষ হিসেবে আমি অনুভব করি, এই ধারণাগুলো আমাদের দূর করা উচিত। ভারতের মানুষকে এখন বুঝতে হবে, বাংলাদেশ এখন অনেক দিক দিয়ে আমাদের থেকে অনেক এগিয়ে, বিশেষ করে মানবসম্পদ ও স্বাস্থ্যসূচকে।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
প্যাট্রিসিয়া: ধন্যবাদ।