
কেবল সংবাদ পরিবেশনই পত্রিকার একমাত্র কাজ নয়—প্রথম আলো শুরু থেকেই এটা বিশ্বাস করে। তাই বিনোদন ও সাংস্কৃতিক জগৎকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে দৈনিকটির সূচনালগ্ন থেকেই। এ কারণেই ১৯৯৯ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘মেরিল–প্রথম আলো তারকা জরিপ পুরস্কার’ প্রদান অনুষ্ঠান। দেশের পারফরমিং আর্টের কলাকুশলীদের সম্মান জানাতেই এই আয়োজন। ভালো কাজ ও গুণী কুশলীকে স্বীকৃতি দেওয়াই এর উদ্দেশ্য। প্রথমে শুধু জনপ্রিয় বিভাগে পুরস্কার দেওয়া হলেও পরে এর সঙ্গে যুক্ত হয় সমালোচক পুরস্কার ও আজীবন সম্মাননা।
যেসব ক্ষেত্রে এই পুরস্কার দেওয়া হয়, সেই ক্ষেত্রেগুলোতে পুরস্কার পাওয়ার জন্য সংশ্লিষ্ট সব কলাকুশলীর মধ্যে ভালো কাজ করার একটা প্রতিযোগিতা লক্ষ করা যায় সব সময়। বিশেষ করে টেলিভিশন নাট্যনির্মাতারা এই পুরস্কার প্রতিযোগিতায় নিজের সেরা কাজটি দেওয়ার জন্য মুখিয়ে থাকেন। প্রতিবছরই এই পুরস্কারপ্রাপ্তির তালিকায় অনেক নবীন প্রতিভাবান নাট্যনির্মাতাকে খুঁজে পেয়েছি আমরা। পক্ষান্তরে, নাটকের পাশাপাশি বিগত বছরগুলোতে ভালো অনেক চলচ্চিত্রই এই পুরস্কারের মাধ্যমে সেরা হিসেবে স্বীকৃতি পেয়েছে। স্বীকৃতি পেয়েছেন ওই চলচ্চিত্রের কুশলীরাও।
সারা বছর কুপনের মাধ্যমে চলে তারকা জরিপ–প্রক্রিয়া।
এখন ১৬টি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। একদিকে পাঠকদের ভোটে তারকা জরিপ পুরস্কার, অন্যদিকে বিচারকমণ্ডলীর রায়ে সমালোচক পুরস্কার। পুরস্কার নির্বাচনে বিচারকেরা পুরোপুরি স্বাধীন। ফলে বিচারের মানদণ্ড স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়ায় অতি অল্প সময়েই ‘মেরিল–প্রথম আলো পুরস্কার’ হয়ে উঠেছে বাংলাদেশের অস্কার।
এক নজরে
মোট আয়োজন: ১৮ বার
পুরস্কারের সংখ্যা: ১৬টি
পুরস্কারের শাখা: ৩টি (আজীবন সম্মাননা, চলচ্চিত্র ও টিভি সমালোচক ও তারকা জরিপ পুরস্কার) আজীবন সম্মাননা পেয়েছেন: ১৫ জন