বাংলাদেশের সিলিকন ভ্যালি

বাচ্চা মেয়েটির পিঠের ওপর জোড়া বেণি, ক্লাস ফোরে পড়া অবস্থাতেই তার কাঁধে গোলাপি রঙের স্কুলব্যাগ, হাতে একটা পেটমোটা ফাইল। মাথা উঁচু করে গম্ভীর মুখে ফাইলটা আমার দিকে এগিয়ে দিল। আমি ভ্রু কুঁচকে অনেক কৌতূহল নিয়ে ফাইলটি খুলে হতভম্ব হয়ে গেলাম। মোট ৪৪ পৃষ্ঠার কাগজে ফোরে পড়া বাচ্চা মেয়েটা তার আঁকাবাঁকা হাতের লেখায় পুরো একটি গেম বানানোর আইডিয়া নিয়ে এসেছে আমার কাছে! একটু পরপর আবার সেখানে প্যাস্টেল রং দিয়ে নামসহ গেমের অদ্ভুত চরিত্রগুলোর ছবিও দেখা যাচ্ছে! সেদিনের পর থেকে যখনই কেউ আমাকে এ দেশের অ্যাপস ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে সন্দেহ প্রকাশ করে, আমি তখনই সেই বাচ্চা মেয়েটির পেটমোটা ফাইলের গল্পটা শুনিয়ে হেসে বলি, ‘হ্যাঁ, আমাদের হয়তো অনেক সমস্যা আছে। কিন্তু এ দেশে ক্লাস ফোরে পড়া বাচ্চাটিও কিন্তু নিজের অজান্তেই সিলিকন ভ্যালির স্বপ্ন দেখে!’
আমি যখন নিজে অ্যাপ তৈরি করা শুরু করি, তখন নিজের কাছে একটা মান্ধাতা আমলের ল্যাপটপ আর ইন্টারনেট সংযোগ ছাড়া আর কিছুই ছিল না। বহুবার আটকেও গিয়েছিলাম। কিন্তু নিজের স্বপ্নগুলোকে বিশ্বাস করার জোরে একের পর এক সফলতা পেয়ে চলেছি এবং পাচ্ছি। যার ফল হিসেবেই আসন্ন বিজয় দিবসে আমরা আমাদের স্বপ্নের ‘স্প্রিনজ ইনক’ নামের আইটি কোম্পানিটির উদ্বোধন করতে যাচ্ছি।
বাংলাদেশকে নিয়ে নিরাশাবাদী মানুষদের আমার খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছা হয় কেন তাঁরা স্বপ্ন দেখতে ভয় পান। এ দেশের তরুণ অ্যাপ ডেভেলপারদের বানানো অ্যাপগুলো বিদেশি ফার্মগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে সমানতালে মিলিয়ন মিলিয়ন বার ডাউনলোড হচ্ছে। বাংলাদেশের কাইট গেমস স্টুডিওর ‘কালার পপ ইফেক্টস’ থেকে শুরু করে ‘ব্যাকগ্রাউন্ড ইরেজার’-এর মতো অ্যাপগুলোর মাসিক ডাউনলোড ১ মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে।
আবার রাইজ আপ ল্যাবের ‘ট্যাপ ট্যাপ অ্যান্টস: ব্যাটল ফিল্ড’-এর ডাউনলোড ১৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশ থেকে মনোনীতও হয়েছে। ‘দ্য মাসকেটিয়ার্স’-এর শুরুটা তো হয়েছিল মাত্র একজন পূর্ণকালীন প্রোগ্রামার এবং একজন খণ্ডকালীন চিত্রশিল্পীকে সঙ্গে নিয়ে। আর আজ অ্যাপ স্টোরের ‘কিডস’ বিভাগে দ্য মাসকেটিয়ার্সের ‘সার্কেলিফা’ গেমটি বিখ্যাত সব কিডস অ্যাপকে পেছনে ফেলে ১ নম্বরে চলে এসেছে। ট্যাপ স্টারের ‘সেলফি এডিটর’ কিংবা দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক গেম ‘হিরোস অব সেভেন্টি ওয়ান’ সব মিলিয়ে নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, বাংলাদেশে অ্যাপ বানানোর বেলায় রয়েছে অপার সম্ভাবনা। বর্তমানে বিশ্বব্যাপী শুধু গেমের বাজারই ১১০ বিলিয়ন ডলারেরও বেশি।
আমার কাছে অনেকেই আসে অ্যাপ সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে। আমি অবাক হই এটা দেখে যে তাঁদের বেশির ভাগই মনে করেন যে অ্যাপ ডেভেলপ করা ভয়াবহ কঠিন একটি কাজ এবং এসবের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকতেই হবে। নিজের দেখা থেকেই বলছি, কারও যদি সিজিপিএ ভালো না-ও থাকে, একগাদা ড্রপ কোর্স থাকে, হাতে কোনো সার্টিফিকেট না থাকে, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও তিনি ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দিতে পারবেন যদি তাঁর সৃজনশীলতা, উৎসাহ আর নেতৃত্বের গুণ থাকে।
যাঁরা একেবারেই প্রোগ্রামিং জানেন না, তাঁদের উদ্দেশে বলব, অবশ্যই সি দিয়ে শুরু করতে। লেগে থাকতে হবে, শিখতে খুব বেশি দিন লাগবে না। খুব সহজভাবে বাংলা ভাষায় এবং সুন্দর করে গুছিয়ে cpbook. subeen. com সাইটে সি প্রোগ্রামিং শেখানো হয়। এরপর সি++ শিখতে তামিম শাহরিয়ারের লেখা কম্পিউটার প্রোগ্রামিং (১ম খণ্ড) বইটি দেখতে পারেন। আমার শুরুটা এভাবেই হয়েছিল। আরও বাংলা টিউটোরিয়ালের জন্য শিক্ষক ডটকমের (www. shikkhok. com) সাহায্য নিতে পারেন। অ্যান্ড্রয়েডের অ্যাপ বানানোর শুরুটা করুন অ্যান্ড্রয়েড ডেভেলপার সাইট (developer. android. com) থেকে। সেখানে Get Started-এ ক্লিক করে এগিয়ে যান। বাকি সব নিজে নিজেই করতে পারবেন। ওরেলির লার্নিং অ্যান্ড্রয়েড বইটা দেখতে পারেন। নিজের অভিজ্ঞতায় বলছি udacity. com এই ওয়েবসাইটে অনলাইন কোর্সটি খুবই অসাধারণ।
ওয়েব প্রোগ্রামাররা টাইটেনিয়াম, ফোনগ্যাপ ইত্যাদি দিয়ে অ্যাপ তৈরি করতে পারেন। উইন্ডোজ শেখার জন্য উইন্ডোজ ডেভেলপার সাইট www. dev. windows. com দেখুন। আইওএস প্রোগ্রামিংয়ের যাবতীয় রিসোর্স পাবেন অ্যাপলের ডেভেলপার ওয়েবসাইট www. developer. apple. com থেকে। তবে মূল ব্যাপারটি হচ্ছে, সব কয়টা প্ল্যাটফর্মের শুধু ডেভেলপার সাইটেই শেখা শুরু করার জন্য যথেষ্ট দিকনির্দেশনা দেওয়া রয়েছে। ধৈর্য ধরে অনুসরণ করুন আর সমস্যায় পড়লে গুগলের সাহায্য নিন।
ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বিশ্বাস করে এখন বেশ স্বতঃস্ফূর্ততার সঙ্গেই সারা বছর আইসিটি এক্সপো, অ্যাপস কম্পিটিশন, ডেভেলপার সম্মেলন, ডিজিটাল ওয়ার্ল্ড, সিএসসি ফেস্টগুলো আয়োজিত হচ্ছে। নিজেকে যাচাই করার জন্য নিজেদের তৈরি অ্যাপস নিয়ে এসব প্ল্যাটফর্মে অংশগ্রহণ করা উচিত। এতে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা দুটোই বাড়ে। আরও বাড়ে নেটওয়ার্কিং। আমি নিজেকে প্রথম মেলে ধরতে পেরেছিলাম এ রকমই একটি কম্পিটিশন ‘উই ক্যান-ড্যাফোডিল অ্যাপস ফেলোশিপ ২০১৬’-এ। সত্যি বলতে, ওই কম্পিটিশনটিতে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই আমাকে আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের মাধ্যমে পরিচালিত ‘সার্ভিস ইনোভেশন ফান্ড’-এর মতো উদ্যোগের কথাও উল্লেখযোগ্য এবং প্রশংসার দাবিদার। বলাই বাহুল্য, এ রকম আয়োজন যত বেশি হবে, আমাদের তারুণ্য ততই এই সেক্টরে উদ্বুদ্ধ হয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
>আমাদের দেশের প্রায় সাত লাখ তরুণ-তরুণী এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানে আছে। ২০২১ সাল নাগাদ এটি ২০ লাখ ছাড়িয়ে যাবে
গুগল প্লে স্টোর, নকিয়া স্টোর, উইন্ডোজ মার্কেট প্লেস, ব্ল্যাকবেরি ওয়ার্ল্ড, স্যামসাং স্টোর, আইফোনের অ্যাপস স্টোর ইত্যাদি বাজারগুলোর মাধ্যমে মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন এ দেশের স্মার্টফোন ব্যবহারকারীরা। তবে যে ব্যাপারটি দেখা যায় তা হচ্ছে, এসব স্টোরে বাংলা ভাষার অ্যাপ্লিকেশনের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। আমাদের এ বিষয়টিতে নজর দিতে হবে। এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে এ ক্ষেত্রে যেগুলো আমাদের এখনো মোকাবিলা করে চলতে হয়। যেমন কিছু কিছু কোম্পানি খুবই ভালো কিন্তু ছোট। ছোট মানে কোম্পানিগুলোতে খুব বেশি কর্মী নেই, হয়তো ২০-৩০ জন আছে। কাজেই দেখা যায় অনেকেই এগুলো সম্পর্কে জানেন না। পত্রিকায় এগুলোর ছবি ছাপা হয় না। কিন্তু তারা যথেষ্ট ভালো কোম্পানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে, এই কোম্পানিগুলো ভালো লোক খুঁজছে। এদের সঙ্গে আরও যেসব ভালো কোম্পানি আছে, তারাও ভালো প্রোগ্রামার বা টেস্টার খুঁজছে, কিন্তু পাচ্ছে না। আবার অনেক ভালো ভালো প্রোগ্রামার, টেস্টারও আছেন যাঁরা ভালো কোম্পানি খুঁজে পাননি। ভালো কোম্পানি না পেয়ে হয়তো কোনো বাজে কোম্পানিতে ঢুকে পড়েন। তাই সবার ভালো করে খোঁজখবর নিতে হবে। বাংলাদেশে বেশ কিছু অ্যাপ ডেভেলপার কোম্পানি আছে, যেগুলো বড় হতে পারছে না। বড় হওয়ার জন্য দক্ষ লোক পাচ্ছে না। এদের হাতে প্রচুর কাজ আছে, প্রচুর প্রজেক্ট আছে, প্রচুর প্রোডাক্ট তৈরি করতে পারবে, বাইরে থেকে অনেক কাজও নিয়ে আসতে পারবে। কিন্তু এ কাজ করার জন্য যে পরিমাণ লোক দরকার, সেই লোক নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় সীমাবদ্ধতা কোম্পানিগুলোর জন্য। যাঁরা চাকরি করতে চান না, তাঁদের জন্যও এই সেক্টরটিতে কাজ করার জন্য বেশ ভালো সময়। যাঁদের মাথায় ভালো ভালো অ্যাপের আইডিয়া আছে, তাঁরা স্টার্টআপ করতে পারেন। সবচেয়ে আশার কথা হচ্ছে, দিন দিন এ রকম সফল স্টার্টআপের সংখ্যাটা বাড়ছে। তার থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপারটি হচ্ছে, যাঁদের হাত ধরে বাংলাদেশ এভাবে এগিয়ে চলছে, তাঁদের বিশাল অংশই হচ্ছে আমাদের এই বর্তমান তারুণ্য। যাঁরা কিনা আক্ষরিক অর্থেই স্বপ্ন দেখতে জানেন এবং সেই স্বপ্নপূরণের জন্য ঝুঁকি নিতে জানেন। তাঁরা জানেন যে জীবনের সবচেয়ে বড় রিস্কটি হচ্ছে-কোনো রিস্ক না নেওয়া। আর এ রকম একটি অসাধারণ সময়ে যাঁরা চেষ্টা না করে সময় আর সুযোগের জন্য অপেক্ষা করেন, তাঁদের রঙিন স্বপ্নের খামটির ওপরের ঠিকানা ঠিকই ফ্যাকাশে হতে থাকে। সেই চিঠি চলে যায় স্বপ্নের পেছনে লেগে থাকা পরিশ্রমীদের ঠিকানায়। তাই শুধু স্বপ্নই দেখো না, চেষ্টা করার প্রতিজ্ঞা করো। দ্বিধার মাঝে আটকে যেয়ো না, বুকে সাহস নিয়ে কাজে নামো। আজ যখন এই লেখাটি পড়ছ, এর কয়েক বছর পরে যখন তোমার সবকিছুর কথা মনে পড়বে, তখন যদি আফসোস করে বলো, ‘আমি চেয়েছিলাম, কিন্তু সুযোগটা আসলে পাইনি’, তাহলে তোমার নিজের সঙ্গেই সবচেয়ে বড় মিথ্যা কথাটি বলা হবে। বাংলাদেশের এখন তুমি যেখানে যে অবস্থায় আছ, যদি তোমার কাছে ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপ থাকে, তাহলে শুরু করার জন্য এটাই উপযুক্ত সময়। আর চেষ্টা যখন করতেই হবে, আজকে থেকেই শুরু করো।
আমাদের দেশের প্রায় সাত লাখ তরুণ-তরুণী এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানে আছে। ২০২১ সাল নাগাদ এটি ২০ লাখ ছাড়িয়ে যাবে এবং এর বিশাল জায়গাজুড়ে থাকবে অ্যাপস ইন্ডাস্ট্রি। আর এই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের কারিগর যে আসলে আমাদের এই তারুণ্য, এতে সন্দেহ প্রকাশের কোনো অবকাশই নেই। এক বিরতিহীন গতিতে এগিয়ে চলছে আমাদের বাংলাদেশ আর আমি অধীর ভালোবাসায় আর স্বপ্ন নিয়ে সেই জোড়া বেণি করা বাচ্চা মেয়েটার চোখে বাংলাদেশের সিলিকন ভ্যালি তৈরি করার প্রত্যয় আর সাহসটুকুর জোরে বলি, ‘কে বলেছে আমাদের দেশে সিলিকন ভ্যালি নেই? আমাদের স্বপ্নবাজ তরুণ-তরুণীরাই হচ্ছে আমাদের সিলিকন ভ্যালি, আমাদের বাংলাদেশের সিলিকন ভ্যালি।’
শাওন চৌধুরী
তরুণ অ্যাপ ডেভেলপার