বাংলাভিশন

রুম নাম্বার ১৩
বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন বেলা ২টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি রুম নাম্বার ১৩। লিখেছেন কাউসার খান, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, নাদিয়া, নিলা, মিথিলা, মাজনুন মিজান প্রমুখ।
মেডিকেল কলেজের হোস্টেল। রুম নাম্বার ১৩। এ রুমেই গভীর রাতে নতুন ছাত্রদের ওপর র্যাগিং চলে। দিনে ক্লাসে আর ক্লাসের বাইরে অদ্ভুত অদ্ভুত কাজ করায় তাদের দিয়ে। এক রাতে গালিবদের বন্ধুরা ভূত সেজে ভয় দেখায় সিনিয়র র্যাগারদের। আলো-আধাঁরির মাঝে র্যাগারদের একজন গালিবকে চিনে ফেলে। আর এটাই কাল হয়ে দাঁড়ায় গালিবের মতো মেধাবী ছাত্রের জীবনে।
তাহার একদিন
বাংলাভিশনে ঈদের দিন রাত আটটায় প্রচারিত হবে নাটক তাহার একদিন। লিখেছেন বিপাশা হায়াত, পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিন, শাহরিয়ার নাজিম জয়, সেতু প্রমুখ।
সেতু একজন অনাথ। কিছু অনাথ শিশুর ভবিষ্যৎ গড়ার জন্য নানা পরিকল্পনা করে সে। একটি হোস্টেল তৈরি করবে। তার কাছে এখন আছে ১৫ লাখ টাকা। টাকা নিয়ে রওনা হয়। পথে তিন যুবক অস্ত্রসহ ঘিরে ধরে তাকে। তারা টাকার ব্যাগ কেড়ে নিতে চায়, একপর্যায়ে গুলি করে যুবক, মাটিতে লুটিয়ে পড়ে সেতু। টাকা ও তার গাড়ি নিয়ে চলে যায় তারা।
তাজমহল...পাত্র নম্বর ৩১৩
বাংলাভিশনে ঈদের দিন বেলা ২টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি তাজমহল...পাত্র নম্বর ৩১৩। লিখেছেন শফিকুল ইসলাম, পরিচালনা করেছেন এস এ হক অলিক। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নিপুণ প্রমুখ। ছেলেটি বিয়ে করতে ভয় পায়। বাবা-মা এবং পরিবারের সবার চাপে সে বিয়ে করতে রাজি হয়। ঘটকালী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয় তার। এক সময় এই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গেই তার সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি জানায়, সে বিয়ে করতে পারবে না। যদি বিয়ে করে, তাহলে এই অফিস বন্ধ করে দিতে হবে।
এ শহর মাধবীলতার না
বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন রাত আটটায় প্রচারিত হবে নাটক এ শহর মাধবীলতার না। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন অপি করিম, আনিসুর রহমান মিলন, শাহনেওয়াজ রিপন, মাসুদ হারুণ প্রমুখ। ছবিতে মাধবীলতাকে মাত্র দুটি দৃশ্যের কাজ করতে হবে। সংলাপ বলতে হবে একটি। সেটি হচ্ছে ‘কবুল’। শব্দটা বলার পর মাধবীলতা ভাবেন, কবুল বলা মানেই বিয়ে হয়ে যাওয়া। তাই দৃশ্যধারণ শেষে অনেক রাতে মাধবীলতা হাজির হন ছবির নায়কের বাড়িতে। মাধবীলতাকে দেখে নায়ক জানতে চান, এত রাতে সে কী চায়? মাধবীলতা উত্তর দেয়, আজ থেকে আপনি আমার স্বামী। নায়ক ফোন দেয় সিনেমার পরিচালককে।
বিসংবাদ
বাংলাভিশনে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক বিসংবাদ। লিখেছেন ইফফাত আরেফীন, পরিচালনা করেছেন ফাহ্মিদা ইরফান। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সোহানা সাবা, আল মামুন, রুনা খান প্রমুখ। স্বননের বাবা আরাফাত সাহেব মারা গেছেন। তিন-চার দিন পর স্বনন বাবার বাড়ি যায়। স্বননের জন্য তার সৎমা সবকিছু পরিপাটি আয়োজন করে রেখেছে। কিন্তু বাড়িতে বাবার বিয়ের ছবি দেখে স্বনন হতবাক।
সিকান্দর বক্স এখন রাঙ্গামাটি
বাংলাভিশনে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সিকান্দর বক্স এখন রাঙ্গামাটি। লিখেছেন ও পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, শখ, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, আ খ ম হাসান, আরফান আহমেদ, জুঁই, সামিহা, সাবিলা নূর, মিঠু, এলেন শুভ্র প্রমুখ। সিকান্দার বক্স রাঙামাটি যাওয়ার পরিকল্পনা করে। তাই তিনি রাঙামাটির আঞ্চলিক পোশাক পরে ঢাকা শহরে কয়েক দিন ঘুরে বেড়ান। সবাই রওনা হয় রাঙামাটির উদ্দেশে। যাওয়ার পথে আর রাঙামাটিতে তাদের সঙ্গে দেখা হয় আরও অনেকের। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।
মুকুল মাস্টার
বাংলাভিশনে ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক মুকুল মাস্টার। লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সালাহ্উদ্দিন লাভলু। অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আরফান, নিলয়, ওয়াহিদা মল্লিক জলি, নওশাবা, মীম, লিমি, জিল্লু প্রমুখ। মুকুল মাস্টার স্থানীয় একটা কলেজে শিক্ষকতা করেন। ইংরেজির প্রতি তাঁর এক দারুণ দুর্বলতা। তাঁর মতে, বাংলার পাশাপাশি প্রত্যেক ছাত্রকে ইংরেজি শিখতে হবে। কলেজের ক্লাসের বাইরে মুকুল মাস্টারের একটা গাছতলায় ইংরেজি অধ্যয়ন কেন্দ্র আছে। এবার হুমকি এসেছে, বন্ধ করতে হবে এই অধ্যয়ন কেন্দ্র। কিন্তু কেন?
জান কুরবান
বাংলাভিশনে ঈদের দিন রাত ১১টা ৫৫ মিনিটে প্রচারিত হবে নাটক জান কুরবান। লিখেছেন মুহাম্মদ মামুন অর রশীদ ও অরণ্য আনোয়ার। পরিচালনা করেছেন অরণ্য আনোয়ার। অভিনয় করেছেন মোশাররফ করিম, রিচি সোলায়মান, আরফান আহমেদ, রিয়াদ, রবিন প্রমুখ।
বিয়ের পর কুরবান স্ত্রীকে নিয়ে নৌকায় করে বাড়ি যাচ্ছে। স্ত্রী যখন নৌকার ভেতর বসে মুগ্ধ দৃষ্টি নিয়ে চারপাশ দেখছে, তখন তার মুখের দিকে তাকিয়ে কুরবানের ভয় বাড়তে থাকে। ভয়ের কারণ, সে নিজের মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করেছে। একসময় জানতে পারে, মেয়েটিও নিজের পরিচয় গোপন করেছে। কিংকর্তব্যবিমূঢ় কুরবান এক মুহূর্ত বিলম্ব না করে ঝাঁপ দেয় নদীতে।