বাঘ বাঁচুক বাঘের মতোই
ঘূর্ণিঝড় সিডরের কারণে ক্ষয়ক্ষতির সংবাদ সংগ্রহ শেষে সুন্দরবন থেকে ফিরছি। নৌকা মোংলার কাছাকাছি। পাশ দিয়ে যাওয়া একটি নৌকা থেকে একজন বলে উঠলেন, ‘ভাই, আপনারা সাংবাদিক, বাঘ মরছে বাঘ।’ নৌকা ঘুরিয়ে করমজল বন্য প্রাণী কেন্দ্রে পৌঁছে দেখি মস্ত বড় একটি বাঘ মাটিতে পড়ে আছে। ছবি তুলে ঢাকায় প্রতিবেদন লিখে পাঠালাম।
চিংড়িঘের নিয়ে প্রতিবেদন করতে এর তিন মাস পর আবার গেলাম খুলনা–সাতক্ষীরায়। সাতক্ষীরা সদরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে খবর পেলাম খুলনায় নলিয়ান বন ফাঁড়িতে একটি বাঘ ঢুকেছে। গ্রামবাসী ঘিরে ধরে বাঘটিকে পেটাচ্ছে। ভাঙা বেড়িবাঁধের ওপর দিয়ে প্রায় ৭০ কিলোমিটার পেরিয়ে নলিয়ানে পৌঁছানোর পর গিয়ে আর বাঘটিকে জীবিত পাওয়া গেল না।
তিন মাসের মাথায় দুটি বাঘের মৃত্যুর ওই সংবাদ প্রথম আলোয় গুরুত্ব দিয়ে প্রকাশ পেল। হরিণ হত্যা থেকে শুরু করে লোকালয়ে বাঘ চলে আসার মতো বিষয়গুলো প্রথম আলোয় নিয়মিত সংবাদ হিসেবে আসতে থাকে। ২০০৪ সালের পর সুন্দরবনের বাঘের কোনো জরিপ হয়নি। তখন ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ (বর্তমান ওয়াইল্ড টিম) থেকে জরিপ করে বলা হলো, সুন্দরবনে বাঘের সংখ্যা এক যুগে ৭০ শতাংশ কমে গেছে। এই আশঙ্কা সঠিক কি না, তা যাচাই করতে বন বিভাগ থেকে বাঘের সংখ্যা নিয়ে একটি জরিপ করা হলো।
২০১৫ সালে প্রথম আলো প্রকাশ করল বিশেষ এক প্রতিবেদন, ‘সুন্দরবনে বাঘের সংখ্যা আর ৪৪০টি নেই, এখন বাঘের সংখ্যা ১০৬টি’। এরপর বাংলাদেশ ও ভারত দুই দেশের সুন্দরবনের বাঘের সংখ্যা নিয়ে আরেকটি জরিপ হলো। সেটিও প্রকাশিত হয় প্রথম আলোয়। এমনকি বাঘ হত্যা, বাঘের চামড়া ও অঙ্গপ্রত্যঙ্গ পাচার নিয়ে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রতিবেদনও প্রকাশ করল প্রথম আলো।
ধারাবাহিক এত সব সংবাদের ফলে বাঘ নিয়ে জনসচেতনতা বেড়েছে। সরকারও বাঘ রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে। সক্রিয় হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা। ২০১৮ সালের সর্বশেষ জরিপ হচ্ছে—তিন বছরে বাঘের সংখ্যা ৮টি বেড়ে ১১৪টি হয়েছে।