বাঙালির কবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জসীমউদ্‌দীন
জসীমউদ্‌দীন

জসীমউদ্​দীনের কবি হয়ে ওঠার উৎস-অনুসন্ধানে কবির জীবনকথা বইটি আমাদের হাতে যেন এক রহস্যলোকের চাবি তুলে দেয়। এ বইয়ের ‘কবিতা-রচনা’ শীর্ষক অধ্যায়ে তিনি বলেন, ‘আলপনার নকশা আঁকার মতো উপস্থিত ছড়া কাটিয়া বোলরচনায় একটি অপূর্ব আনন্দ আছে।...আলপনার মতো কবিগান রচনা বাংলা কবিতার প্রকাশভঙ্গির একটি দিক। এই পথে কিছুটা তপস্যা করিলে আমাদের তরুণ কবিরা উপকৃত হইবেন বলিয়াই আমি মনে করি। আমার নিজের রচনায় তেমন চাতুর্যভরা মিল অনুপ্রাসের বর্ণচ্ছটা নাই, কিন্তু রবীন্দ্রনাথ হইতে আরম্ভ করিয়া আরও অনেক সমালোচক বলিয়াছেন, “আমার ছন্দের গতি খুব সহজ।” ইহা যদি আমার গুণ হইয়া থাকে, তবে এই শিক্ষা আমি পাইয়াছি আমার দেশের অশিক্ষিত-অর্ধশিক্ষিত কবিয়ালদের কাছে। তাঁহারাই আমার কাব্যজীবনের প্রথম গুরু। সেই যাদব, পরীক্ষিত, ইসমাইল, হরিপাটনী, হরি আচার্য—এঁদের কথা যখন ভাবি, আমার অন্তর কৃতজ্ঞতায় অশ্রুসিক্ত হইয়া ওঠে। পল্লীবাংলার ঘরে ঘরে তাঁহারা যে অমৃতধারা বিতরণ করিতেন, তাহা হইতে বঞ্চিত হইয়া আজ বাঙালির অন্তর শুষ্ক মরুভূমি হইয়া পড়িতেছে।’ (জীবন কথা, জসীমউদ্​দীন, পঞ্চম মুদ্রণ, ২০০১, পৃ. ১৩০-৩১)

জসীমউদ্​দীনের কবিতা ও গদ্যরচনায় বাঙালির কথকতার ঐতিহ্যটি বিশেষভাবে সক্রিয় ছিল। জসীমউদ্​দীনের এক অন্ধ দাদা ছিলেন। কবি তাঁর কবিজীবনের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আমার কবিজীবনের প্রথম উন্মেষ হইয়াছিল এই দাদার গল্প, গান ও কাহিনীর ভিতর দিয়া। সেই ছোটবেলায়ই মাঝে মাঝে আমাকে গানে পাইত। নিজে মনোক্তি করিয়া ইনাইয়া-বিনাইয়া গান গাহিয়া যাইতাম। দাদা একদিন আমাকে বলিতেছিলেন, “পাগলা গানের মধ্যে কী যে বলে, কেউ শোনে না। আমি কিন্তু শুনি মনোযোগ দিয়া ওর গান।” কি অন্তর্দৃষ্টির বলেই না আমার রচকজীবনের প্রথম আকুলি-বিকুলি তিনি ধরিতে পারিয়াছিলেন।’ (পূর্বোক্ত, পৃ. ৪৫)

উপরোক্ত পটভূমির কথা মনে রাখলে জসীমউদ্​দীনের কবিতার রাখালিয়া সুর ও কৃষিভিত্তিক পল্লিবাংলার গহিন ভেতরের চিত্র পাই। তিনি শুধু মুসলিম-কথক তাঁর দাদার সংস্কৃতিভান্ডারই আত্মস্থ করেননি, বাঙালি হিন্দুর রামায়ণ-মহাভারতের কথক ঠাকুরের ধারা এবং কারবালা কাহিনির জারিগান ও বাউলসাধনার ধারাকেও আত্মস্থ করে নিয়েছিলেন। বোধ হয় তার চেয়েও বড় কথা, মধ্যযুগের বাংলার মূলধারার কাব্যের আখ্যান প্রবলতার ধারাটিকে স্বকীয় কৌশল ও তাঁর কালের প্রেক্ষাপটে ব্যবহার করে শিকড়ের সঙ্গে সংযোগ ঘটিয়েছিলেন, তেমনি বাঙালি জীবনের, বিশেষ করে গ্রামীণ বাংলাদেশের সাধারণ মানুষের অসাধারণ জীবনযাত্রার এক অনিঃশেষ আখ্যান রচনা করেছিলেন। সোজনবাদিয়ার ঘাট, নক্সীকাঁথার মাঠ ও তাঁর কাহিনিভিত্তিক কবিতাগুলো এর উৎকৃষ্ট উদাহরণ।

জসীমউদ্​দীনের কবিতার আখ্যানধর্মী বৈশিষ্ট্যের উৎসমূল সম্পর্কে জানা যায় কবির একটি বক্তব্য থেকে। তিনি বলেন, ‘গল্প বুননের যে ধারাটি চণ্ডীমঙ্গল, মনসামঙ্গল, রামায়ণ প্রভৃতি কাব্যে যেভাবে চলছিলো, মধু-হেম–নবীনের ধারা তার সঙ্গে যোগ রাখেনি। সে জন্য বাংলার মাটিতে তাঁরা শিকড় গাড়তে পারেননি।’ (জসীমউদ্​দীনের প্রবন্ধসমূহ, দ্বিতীয় খণ্ড)। জসীমউদ্​দীন গল্প বুননের ঐতিহ্যিক ধারাটিকে সংহত ও পরিপাটি করে তুলেছেন তাঁর কাব্যে।

জসীমউদ্​দীনের রচনায় মৌলিক বাংলাদেশকে পাওয়া যায়।


‘বাঙালির কবি’, প্রথম আলো, ১৪ এপ্রিল ২০১৬