বাচ্চাডারে একটু কোলেও নিতে পারি না
আমার দেড় বছরের বাচ্চা মোসাম্মৎ তিষা। নানির কোলে চইড়া প্রতি সপ্তাহে হাসপাতালে আমারে দেখতে আসে। আমার কোলে আসতে চায়। কিন্তু আমার সারা গায়ে তো ব্যান্ডেজ। বাচ্চাডারে কোলে নিয়া একটু যে আদর করমু, তারও কোনো সুযোগ নাই।
আমি গৃহবধূ। মেহেরপুর সদরের গোবীপুরে আমার শ্বশুরবাড়ি। স্বামী রানা খান একটা মিষ্টির দোকানের কারিগর। তিষারে লইয়া আমাদের ছোট্ট সংসার। ১১ নভেম্বর বেলা ১১টার দিকে অটোবাইকে চইড়া শ্বশুরবাড়ি থেইকা কয়েক মাইল দূরে ননদের বাসায় যাইতেছিলাম। গাড়িতে আরও কয়েকজন ছিল। কিছুদূর যাওয়ার পর আমঝুপি এলাকায় কয়ডা পোলা গাড়িডাতে ত্যাল ঢাইলা আগুন ধরাইয়া দেয়। ‘আগুন’ ‘আগুন’ বইলা সবাই বাইর হইয়া আসি। দেখি, আমার গায়েও আগুন জ্বলতাছে। কয়জন দৌড়াইয়া আইসা আমারে হাসপাতালে নিয়া যায়। ওইখানে চিকিৎসা নাই; কিছুদিন পর আমার স্বামী আমারে ঢাকা মেডিকেলে নিয়া আসে। আগুনে আমার মুখ, বুকসহ অনেক জায়গা পুড়ছে। ডাক্তার বলে, আমার শরীরের ২৫ পারসেন্ট পুইড়া গেছে।
আমার মা আছিয়া বেগম ঢাকার তেজগাঁওয়ে থাকে। আমার মাইয়া তিষারে তার কাছেই রাখছি। হাসপাতালে আমার লগে আছে স্বামী ও শাশুড়ি। দেড় মাস ধইরা হাসপাতালে আছি। এই ভালো তো এই খারাপ। অপারেশন হইছে। এখন শুধু কষ্ট। জ্বালাপোড়া। ডান হাতে পোকা ধরছে। কামড়ায়। সহ্য করতে পারি না। আমি ভালো নাই। আমার জন্য দোয়া করবেন।
শরীলের জ্বালার চাইতে আমার এখন মনের জ্বালাডাই বেশি। হাসপাতালে থাকতে হইতেছে বইলা আমার স্বামী চাকরি ছাইড়া দিছে। ইনকাম নাই। অর্থ সাহায্য যা পাইছি, তা-ও শেষ হইয়া গেছে। এখন টাকা নাই। মনের জ্বালাডা বাইরা যায় যখন আমার মাইয়ার কথা মনে পড়ে। মায়ের অভাব কি কারও দিয়া পূরণ অয়! কান্নাকাটি করে। সপ্তাহে একবার আমার কাছে নিয়া আসে। হাত-পা ছোড়াছুড়ি কইরা আমার কোলে আসতে চায়। আমি কোলে নিতে পারি না। একবার নিছিলাম। ব্যথা সহ্য কইরাও কিছুক্ষণ রাখছি। আর পারি নাই।
আমি তাড়াতাড়ি সুস্থ হইতে চাই। আমি বাড়ি ফিরবার চাই। আমারে বাঁচান। আমার বাচ্চার লাইগা আমি বাঁচবার চাই। শুধু আমি কষ্টে নাই, কষ্টে আছে আমার স্বামী-সংসার। যন্ত্রণায় আছে আমার বাচ্চাডা। যারা আমারে পুড়াইছে, তাদের বলি, এসব বন্ধ করেন।
অনুলিখন: কাজী আনিছ