বাধাগুলোই আমার জীবনের টার্নিং পয়েন্ট
>

ঢাকায় ‘ইয়ুথ অপরচুনিটিস’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তরুণদের সহযোগিতা করতে। এ বছর যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এশিয়ার সেরা অনূর্ধ্ব-৩০ বছরের তরুণ সামাজিক উদ্যোক্তাদের তালিকায় ছিলেন তিনি।
প্রত্যেক মানুষেরই ভিন্ন ভিন্ন বিষয়ে দক্ষতা থাকে। আমরা যখন আমাদের এই ভিন্নতা একে অপরের সঙ্গে বিনিময় করি, তখন একটি কাজ পূর্ণতা পায়। আমিও আমার ভিন্ন দক্ষতা দিয়ে আমার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছি। স্বপ্ন ছিল, মানুষকে কোনো না কোনোভাবে সহযোগিতা করব, মানুষের উপকারে আসব। সেই চেষ্টাটা করে যাচ্ছি নিরন্তর।
সাফল্য একটা আপেক্ষিক বিষয়। জীবনের বিভিন্ন ধাপে সাফল্য আসে। আমি সফল হই তখন, যখন অন্যের সাফল্য আসে। যখন দেখি আমাদের ওয়েবসাইট থেকে খবর পেয়ে কোনো একজন তরুণ কোনো সরকারি বৃত্তি পেয়ে বিদেশে উচ্চশিক্ষা নিতে গেছে; যখন দেখি কোনো তরুণ তার মেধার সম্মাননা পেয়েছে, তখন ভালো লাগে। পাশাপাশি নিজের ওপর বিশ্বাস, কাজের প্রতি মনোযোগ, ব্যর্থতাকে মেনে নিয়ে ও সততার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা পাই। এখানেই মনে হয় সাফল্যের সূত্র লুকিয়ে আছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বস এশিয়ার সেরা অনূর্ধ্ব-৩০ বছরের তরুণ সামাজিক উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করেছে এ বছর। সেখানে আমার নামও ছিল। শুধু ফোর্বস-এর স্বীকৃতিই নয়, আমার কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের রানির ‘দ্য কুইন্স ইয়াং লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৬’ পুরস্কারের জন্য মনোনীত হই আমি। রাজকীয় অতিথি হিসেবে যাই যুক্তরাজ্যে।
তবে এত কিছুর পরও এটা আমি বিশ্বাস করি, জীবনের প্রতিটি কাজে, প্রতিটি ক্ষেত্রেই বাধা আসবে। মজার ব্যাপার হলো, এর মধ্যে বেশির ভাগ বাধা আমরা নিজেরাই তৈরি করি! আমরা আমাদের চারপাশে বাধার দেয়াল তুলে দিই। এই বাধার দেয়াল ভেঙে ফেলা খুব গুরুত্বপূর্ণ। তাই আমার কাছে সবচেয়ে বড় বাধা মনে হয় ব্যক্তি নিজেই এবং এই বাধা ব্যক্তি নিজেই তার ইচ্ছাশক্তির মাধ্যমে অতিক্রম করতে পারে।
তাই নিজের বাধাগুলোই আমার জীবনের টার্নিং পয়েন্ট। ছোটবেলায় ইচ্ছা ছিল বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট হব। ইচ্ছা ছিল স্কাউটে যোগ দেব। ইচ্ছা ছিল বৃত্তি পরীক্ষা দেব, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার র্যাংকে পরীক্ষা দেব ইত্যাদি। সেসবের কিছুই করা হয়নি। পরে আমি ভর্তি হই ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি বিষয়ে এবং তার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করি। এর ফলে আমি নিজেকে জানতে পারি। অন্যের জন্য কিছু করতে পারার ভালো লাগা টের পাই। তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে বন্ধুকে নিয়ে শুরু করি ওয়েবসাইট, একটি ফেসবুক পেজের মাধ্যমে। প্রযুক্তিগত জ্ঞান না থাকা, আর্থিক সংকট, পারিবারিক সমর্থন না পাওয়া, ইন্টারনেটভিত্তিক উদ্যোগ এবং বাসায় ইন্টারনেট না থাকা, নিজের ল্যাপটপ না থাকা ইত্যাদি বিষয়ও ছিল বড় বাধা। আগেই বলেছি, এই বাধাগুলো আমার জীবনের টার্নিং পয়েন্ট।
সেবক হওয়ার স্বপ্ন দেখি আমি। যা–ই করি না কেন, তাতে যেন মানুষের মঙ্গল হয়। ইয়ুথ অপরচুনিটিস নিয়ে শুরুতেই আমার লক্ষ্য ছিল দুটি—অনলাইন ও অফলাইনে তরুণদের নিয়ে কাজ করা। অনলাইনে আমরা সাফল্য পেয়েছি। এখন অফলাইনে মানে ভার্চু্যয়াল জগতের বাইরে এমনকি দেশের মফস্বল শহরের শিক্ষার্থীদের সাহায্য করতে চাই। নানা সুযোগ-সম্ভাবনার কথা জানাতে সরাসরি আমরা তাদের কাছে যাব।
বাংলাদেশের তরুণ সমাজ হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ, যাদের সংখ্যা মোট জনগোষ্ঠীর দুই–তৃতীয়াংশেরও বেশি। এই বৃহৎ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশ খুব শিগগিরই উন্নত বিশ্বে পরিণত হবে। সে জন্য দরকার তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করা, দক্ষতা বৃদ্ধি করা, শিক্ষার মান উন্নয়ন করা। পাশাপাশি উদ্যোক্তাদের সহযোগিতা, নীতিনির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা। সেই আশা নিয়ে কাজ করছি।