বি জ্ঞা ন ও শি ল্প ক লা ২ ০ ১ ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদূরতম ছায়াপথ

জ্যোতির্বিদেরা এমন একটি ছায়াপথের সন্ধান পেয়েছেন, যা আমাদের সৌরজগৎ সৃষ্টির প্রায় ৮০০ কোটি বছর আগে সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, জেড৮-জিএনডি-৫২৯৬ নামের নতুন এই ছায়াপথই সবচেয়ে দূরবর্তী ছায়াপথ। এত দিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এই মহাবিশ্বের উৎপত্তি হয়েছে ৭০ কোটি বছর আগে। নতুন ছায়াপথটির কথা জানার পর এ ধারণা বদলে গেল।

ওই ছায়াপথের আলো মহাকাশ পরিভ্রমণরত হাবল টেলিস্কোপ এবং যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের পর্যবেক্ষণকেন্দ্র কেক অবজারভেটরিতে পৌঁছাতে সময় লেগেছে প্রায় এক হাজার ৩১০ কোটি বছর। নেচার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, অবলোহিত (ইনফ্রারেড) রশ্মিতে ছায়াপথটির উপস্থিতি ধরেছেন গবেষকেরা। বিগ ব্যাং বা মহাজাগতিক বিস্ফোরণের পরের ঘটনাপ্রবাহের ওপর আলোকপাত করতে বিজ্ঞানীদের সাহায্য করছে এই দূরের প্রতিবেশী।

নভোযান ভয়েজার-১
নভোযান ভয়েজার-১

সৌরজগৎ ছাড়িয়ে ভয়েজার
এ বছর মানুষের তৈরি নভোযান ভয়েজার-১ আমাদের সৌরজগৎ অতিক্রম করে গেছে। তবে তার পরও পৃথিবীর সঙ্গে এর যোগাযোগ অক্ষুণ্ন আছে। ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর ৭২২ কেজি ওজনের নভোযানটি মহাকাশে পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। লক্ষ্য ছিল বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন গ্রহের বাইরের দিকটি পর্যবেক্ষণ করা। গবেষকেরা ১৯৮৯ সালে সে কাজ শেষ করে নভোযানটিকে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রের দিকে পাঠিয়ে দেন।
নভোযানটির পাঠানো রেডিওঅ্যাকটিভ সংকেত পৃথিবীতে পৌঁছাতে ১৭ ঘণ্টার বেশি সময় লাগে। গবেষকেরা বলছেন, বর্তমানে ভয়েজার-১ সৌরজগতের এমন এক অজানা অংশে প্রবেশ করেছে, যেখানে নভোযানটির ওপর সূর্যের প্রভাবের চেয়ে বেশি কাজ করছে মহাজাগতিক অন্য প্রভাব। তাঁরা ধারণা করছেন, নভোযানটি ২০২০ সাল পর্যন্ত সংকেত পাঠাতে সক্ষম হবে। তারপর তা এসি+৭৯৩৮৮ নামক নক্ষত্রের দিকে ছুটতে থাকবে।

ফ্রান্সিস বেকনের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রয়েড’
ফ্রান্সিস বেকনের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রয়েড’

সবচেয়ে দামি চিত্রকর্ম

আইরিশ বংশোদ্ভূত চিত্রকর ফ্রান্সিস বেকনের একটি চিত্রকর্ম ২০১৩ সালের নভেম্বরে কেনেন কাতারের আমিরের বোন শেখ মায়াসা বিনতে হামাদ আল-থানি। এক বন্ধুকে নিয়ে ১৯৬৯ সালে আঁকা ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রয়েড’ নামের চিত্রকর্মটি বিক্রি হয় ১৪২.৪ মিলিয়ন মার্কিন ডলারে, চিত্রকর্মের নিলামের ইতিহাসে এটি এ যাবৎকালের বিশ্ব রেকর্ড। এর আগের বিশ্ব রেকর্ড গড়েছিল নরওয়েজিয়ান চিত্রশিল্প এদভার্দ ম্যুংখের আঁকা ‘দ্য স্ক্রিম’। ছবিটি ২০১২ সালে ১১৯.৯ মিলিয়ন ডলারে নিলামে বিক্রি হয়।বেকনের ‘থ্রি স্টাডিজ অব লুসিয়ান ফ্রয়েড’ ছবিটি তাঁর এক বন্ধুকে নিয়ে আঁকা, যিনি নিজেও একজন শিল্পী—লুসিয়ান ফ্রয়েড। এই লুসিয়ান ফ্রয়েড মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েডের নাতি।

ফিরে পাওয়া ছবিগুলোর মধ্যে পিকাসোর একটি
ফিরে পাওয়া ছবিগুলোর মধ্যে পিকাসোর একটি

পিকাসো, মাতিস, শাগালের হারানো ছবি উদ্ধার

২০১৩ সালের নভেম্বরে জার্মান কর কর্তৃপক্ষ মিউনিখ শহরে এক ব্যক্তির ফ্ল্যাটে করবিষয়ক অনুসন্ধান চালাতে গিয়ে আবিষ্কার করে প্রায় ১৪০০ চিত্রকর্ম, যার মধ্যে পাবলো পিকাসো, অঁরি মাতিস, মার্ক শাগালসহ আরও অনেক বিশ্বখ্যাত চিত্রকরের চিত্রকর্ম রয়েছে। এই আধুনিক চিত্রকরদের চিত্রকর্মগুলোকে নাৎসিরা ‘ডিজেনারেট’ বা নীতিভ্রষ্ট হিসেবে ধ্বংস করে ফেলার উদ্দেশ্যে বিভিন্ন জাদুঘর ও ব্যক্তিগত সংগ্রহশালা থেকে বাজেয়াপ্ত করেছিল। চিত্রকরদের অনেকেই ইহুদি এবং যাঁদের সংগ্রহশালা থেকে এগুলো বাজেয়াপ্ত করা হয় তাঁদের অনেকেও ইহুদি ছিলেন। তবে সৌভাগ্যের বিষয়, নানা পরিস্থিতির ফেরে এই অমূল্য চিত্রকর্মগুলো ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।