বিশ্বজিৎ হত্যাকারীদের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আক্রান্ত বিশ্বজিৎ দাশ। ছবি: হাসান রাজা
আক্রান্ত বিশ্বজিৎ দাশ। ছবি: হাসান রাজা

২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণা করেন। আসামিদের আটজনের মৃত্যুদণ্ড ও ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়। মৃত্যুদণ্ডে দণ্ডিত সব আসামি ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার কর্মী।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিরোধী বিএনপি-জামায়াত জোটের অবরোধ কর্মসূচি চলাকালে সকালে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় পুরান ঢাকার দরজি দোকানি বিশ্বজিৎ দাশকে (২৪)। সকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের কাছে একটি ককটেল বিস্ফোরণ ঘটলে অবরোধ প্রতিরোধকারী ছাত্রলীগের নেতা-কর্মীরা বিরোধীদলীয় কর্মীদের ধাওয়া করেন। আতঙ্কিত পথচারী বিশ্বজিৎ দৌড়ে পাশের একটি ডেন্টাল ক্লিনিকে (দোতলায়) আশ্রয় নিলে ছাত্রলীগের কর্মীরা দোতলায় উঠে তাঁকে নানা ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে-কুপিয়ে গুরুতর জখম করেন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে। এসব দৃশ্য বিভিন্ন টিভি চ্যানেলে প্রদর্শিত হলে দেশজুড়ে প্রবল প্রতিবাদ ও ধিক্কার ওঠে। কিন্তু শুরু থেকেই হত্যাকারীদের পার পাইয়ে দেওয়ার নানা চেষ্টা চলে।

হত্যাকাণ্ডের দুদিন পর কোতোয়ালি থানার পুলিশ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এমন আট ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বলেন, এরা বিশ্বজিৎ দাস হত্যার আসামি। কিন্তু ওই দিন মামলা তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, বিশ্বজিৎ হত্যার ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। যাদের গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, তারা কেউ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন করে বলেন, হত্যাকারী কেউই ছাত্রলীগের নেতা-কর্মী নয়। তখন স্বরাষ্ট্রমন্ত্রীও একই কথা বলেন। কিন্তু গণমাধ্যমে একের পর এক প্রচার হতে থাকে ওই সময়ে ধারণ করা ছবি ও হামলাকারীদের পরিচয়। ফলে, ছাত্রলীগের কর্মীদের সংশ্লিষ্টতা অস্বীকার করা অসম্ভব হয়ে ওঠে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওই ছাত্রদের বহিষ্কার করে। প্রবল জনমতের চাপে গোয়েন্দা পুলিশ গত ৫ মার্চ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

বিশ্বজিৎ হত্যা মামলার বিচারের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো, বিচার সম্পন্ন হয়েছে দ্রুত; রায় ঘোষিত হয়েছে তুলনামূলকভাবে বেশ কম সময়ের মধ্যে। উপরন্তু, সাজা পেয়েছেন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের কর্মীরা। এ দেশে রাজনৈতিক সহিংসতায় রাস্তাঘাটে সাধারণ মানুষের মৃত্যুর এমন দ্রুত বিচার ও এক ব্যক্তির হত্যার দায়ে এত বেশিসংখ্যক আসামির মৃত্যুদণ্ড অত্যন্ত বিরল ঘটনা।

কামরুল হাসান