
শত সমস্যায় জর্জরিত বাংলাদেশ নিয়ে যখন আমরা আশায় উজ্জীবিত হতে চাই, আমাদের সাফল্যগুলো গোচরে এনে গর্ব অনুভব করতে ভালোবাসি, তখনো জানি বিশ্বমানবের মুক্তি-অভিযাত্রার নিরিখে বাংলাদেশের অবদান উল্লেখ করলে অনেকেই ভ্রু কুঞ্চিত করবেন। মনে করতে চাই রুশ বিপ্লবের পর সে দেশ ঘুরে এসে সুরেন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন অনতিদীর্ঘ গ্রন্থ, নামকরণ করেছিলেন বিশ্বমানবের লক্ষ্মীলাভ। সেই নাম নিয়ে বাঙালির কোনো দ্বিমত ছিল না, সমাজতান্ত্রিক গৃহলক্ষ্মী কবে মানবের হাতছাড়া হয়ে গেছে, তবু নাম-মাহাত্ম্য এখনো জেগে আছে। মনে হতে পারে, বাঙালির ইতিহাসবোধে কোনো ঘাটতি কোথাও রয়ে গেছে, এর সুলুকসন্ধান করতে গেলে খুঁজে পাওয়া যাবে ঔপনিবেশিক মানসকাঠামো, যা আমাদের চিন্তাজগৎ অনেকটাই আচ্ছন্ন করে রেখেছে। পরের মুখে ঝাল খেতে আমরা এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে আয়নায় নিজের মুখটিও ভালোভাবে শনাক্ত করতে পারি না।
সাম্প্রতিক ইতিহাসের নিরিখে বাঙালির অবদান বিচারকালে আমরা ইউনেসকোর তিন স্বীকৃতির উল্লেখ করতে পারি। প্রথমত, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসরূপে একুশে ফেব্রুয়ারির স্বীকৃতি। দ্বিতীয়ত, বিশ্বমানবের অপরিমেয় ঐতিহ্য হিসেবে বৈশাখের মঙ্গল শোভাযাত্রার স্বীকৃতি এবং তৃতীয়ত, বিশ্বস্মৃতি বা মেমোরি অব দ্য ওয়ার্ল্ড-এর আন্তর্জাতিক তালিকায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের অন্তর্ভুক্তি। রাষ্ট্রসমূহের প্রতিনিধি নিয়েই ইউনেসকো গঠিত ও পরিচালিত হয় বটে, তবে জ্ঞান-বিজ্ঞান, শিক্ষা-সংস্কৃতি তথা সভ্যতার যে উপাদানসমূহ নিয়ে ইউনেসকোর কাজ, তা রাষ্ট্রীয় সীমানায় আবদ্ধ থাকে না। আর তাই ইউনেসকোর এই ত্রয়ী স্বীকৃতি বাংলাদেশের অর্জন বটে, তবে একই সঙ্গে বিশ্বমানবের লক্ষ্মীলাভের মতোই ঘটনা।
ইউনেসকো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা বায়ান্নোর ভাষাশহীদদের অনন্য আত্মত্যাগের অসাধারণ স্বীকৃতি। মাতৃভাষার মর্যাদা ও তাত্পর্য এই আত্মদানে পরিস্ফুট হয়েছে এবং ইউনেসকো তার ঘোষণায় বলেছে, ‘মাতৃভাষার প্রসার কেবল ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষিক শিক্ষা কার্যক্রমকে উত্সাহিত করবে না, সেই সঙ্গে বিশ্বজুড়ে ভাষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতার বিকাশ ঘটাবে এবং পারস্পরিক সমঝোতা, সহনশীলতা ও সংলাপকে উত্সাহিত করবে।’ এই বক্তব্যে এটা তো সুস্পষ্ট, মাতৃভাষা কেবল মাতৃভূমির জন্য গুরুত্ববহ নয়, বিশ্বমানবের জন্যও এর তাত্পর্য অপরিসীম। এই বক্তব্যের তিনটি গুরুত্বপূর্ণ শব্দের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। শব্দত্রয়ী হচ্ছে সমঝোতা, সহনশীলতা ও সংলাপ। এই শব্দবন্ধ যে চেতনা ও কর্তব্যের আহ্বান বয়ে এনেছে, সেদিকে জাতীয়ভাবে দৃষ্টিদান যেমন প্রয়োজন, তেমনি চাই সর্বজাতিক উদ্যোগ। একুশে ফেব্রুয়ারি যে স্বীকৃতি অর্জন করেছে, তার পেছনে রয়েছে বিশ্বজুড়ে বিস্তার পাওয়া হাজারো মাতৃভাষার প্রতিটির গুরুত্ব। এরই সূত্রে বাংলাদেশ যে প্রতিষ্ঠা করেছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেটা আশার কথা, কিন্তু প্রতিষ্ঠানটি মাতৃভাষা চর্চার আন্তর্জাতিক দায় কতটা বহন করছে, সেদিকে নজর দেওয়া দরকার। তেমনটা হলে ভাষা ঘিরে বাঙালির আত্মদান বৃহত্তর পটভূমিকায় আমরা উপলব্ধি করতে পারব আরও নিবিড়ভাবে, বুঝতে পারব একুশের স্বীকৃতির মানবসভ্যতার সংকট মোকাবিলায় এক পথরেখা নির্দেশ করছে সবার জন্য।

পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে ইউনেসকো কর্তৃক মানবগোষ্ঠীর অপরিমেয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি অর্জন করে। ইউনেসকোর এতৎসংক্রান্ত ঘোষণায় মঙ্গল শোভাযাত্রাকে উল্লেখ করা হয়, ‘বহমান ঐতিহ্য বিষয়ে বাংলাদেশের মানুষের গর্বের প্রতীক এবং সেই সঙ্গে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় শক্তি ও সাহসের জোগানদাতা।’ ঐতিহ্য সম্পর্কে সচেতনতা এবং অশুভর বিরুদ্ধে লড়াই মিলেমিশে যে সামাজিক আচার ও রীতির জন্ম দিয়েছে, বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রা তার প্রতিফলন বয়ে এনেছে ইউনেসকোর স্বীকৃতি। ঐতিহ্যের যে নবায়ন আমরা এখানে দেখি, তার তাত্পর্য অপরিসীম। সেই সঙ্গে আমরা তো এটাও উপলব্ধি করি, একুশে আন্দোলনের সঙ্গে মঙ্গল শোভাযাত্রার রয়েছে মিলন ও পরম্পরা। সমাজগোষ্ঠীর নিজ বৈশিষ্ট্য ও সত্তা উপলব্ধিকরণে ভাষা ও সংস্কৃতির তাত্পর্য উভয়ের মধ্যে পরিস্ফুট হয়েছে। আধিপত্যবাদী বিশ্ব জাতীয় সত্তা ও সংস্কৃতির অস্বীকৃতি তৈরি করেছিল ঔপনিবেশিকতার মাধ্যমে। সেই আধিপত্য মোচনে বহু পথে বহুভাবে পরিচালিত হয়েছে জাতীয় মুক্তির সংগ্রাম। আজ বাজার অর্থনীতির দাপটে জাতীয় সংস্কৃতি পদদলিত হয়ে জায়গা করে দিচ্ছে ভোগবাদী একক সংস্কৃতির। এমত পরিস্থিতিতে ভাষা ও সংস্কৃতি ঘিরে কোনো জাতির জাগরণ সভ্যতার জাগরণই বটে, ইউনেসকোর দিক থেকে সেই প্রয়াসের স্বীকৃতি তাই অশেষ তাত্পর্যবহ।
তৃতীয়ত, ২০১৮ সালে ইউনেসকোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ডের আন্তর্জাতিক রেজিস্টারভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে ৭ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণ। বাংলাদেশের মুক্তি আন্দোলনের প্রেক্ষাপটে বঙ্গবন্ধুর ভাষণের তাত্পর্য ব্যাখ্যার অপেক্ষা রাখে না, তবে ইউনেসকোর কাছে প্রস্তাব পেশের সময়, যে প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকার সুবাদে আমি জানি, তুলে ধরতে হয়েছিল এর বৈশ্বিক তাত্পর্য। জাতির স্মৃতিতে অক্ষয় হয়ে আছে এই ভাষণ; কিন্তু বিশ্বমানবের স্মৃতিতে তার গুরুত্ব ব্যাখ্যা বিশেষভাবে প্রয়োজন ছিল। এখানে লক্ষণীয়, আপন অধিকার আদায়ের সংগ্রামে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু, এমন এক ঐক্য, যা ছিল অতুলনীয় এবং অধিকারসচেতন জনগণের ঐক্যবদ্ধ রায় প্রকাশ পেয়েছিল সত্তরের নির্বাচনে। সংখ্যাগরিষ্ঠ মানুষের গণরায় অর্জন দ্বারা বঙ্গবন্ধু হয়ে উঠেছিলেন জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত নেতা। এমত নেতা সাংবিধানিক গণতান্ত্রিক পথে অহিংস অসহযোগ আন্দোলনের মাধ্যমে বাঙালির অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন, যার অনন্য প্রকাশ ঘটেছে এই ভাষণে।
পাকিস্তান যে ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে নিপীড়িত জনগণের রয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকার, সেটা ছয় দফা দাবিনামায় প্রতিফলিত হয়েছিল। ফলে প্রমাণ করা দুষ্কর হয়নি যে ঔপনিবেশিক পাকিস্তান রাষ্ট্রে বাঙালির অধিকার আন্দোলন ন্যায়সংগত এবং পাকিস্তানিরা গণহত্যা সূচিত করলে রাতারাতি গণতান্ত্রিক আন্দোলন সশস্ত্র মুক্তিযুদ্ধে পরিণত হয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ বেয়েই, পদানত জাতিসমূহের সশস্ত্র মুক্তিসংগ্রাম পরিচালনার যে অধিকার ছিল জাতিসংঘ কর্তৃক অনুমোদিত।
এই বক্তব্যে আরেক মাত্রা যোগ করেছিলেন ইউনেসকোতে বাংলাদেশের প্রতিনিধি রাষ্ট্রদূত শহীদুল ইসলাম। তিনি যথার্থভাবে শনাক্ত করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্ম নেওয়া স্বাধীন রাষ্ট্রসমূহে গঠনগত অনেক জটিলতা ছিল, যা নিরসনে বাংলাদেশ উদাহরণ তৈরি করেছিল। ফলে পরবর্তীকালে আমরা দেখি, বাংলাদেশের পথ বেয়ে এমনিভাবে স্বাধীন রাষ্ট্র থেকে জন্ম নিয়েছে আরও কতক রাষ্ট্র। বিচ্ছিন্নতাবাদ নয়, বরং ঔপনিবেশিক কর্তৃত্বে যথেচ্ছভাবে সৃষ্ট রাষ্ট্র পাল্টে সংগত নবীন রাষ্ট্র প্রতিষ্ঠা, এমন উদাহরণ বিশেষ নেই। বিশেষত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একে একে স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটার পর রাষ্ট্রের সীমানা পায় সর্বজনীন মান্যতা। বাংলাদেশের অভ্যুদয়ের অব্যবহিত আগে স্বাধীন বায়াফ্রার দাবি মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু বাংলাদেশ পেয়েছিল স্বীকৃতি, কেননা এর বৈধতা অনস্বীকার্য করে তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর প্রজ্ঞাবান রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক নেতৃত্ব দ্বারা।

সম্প্রতি প্রকাশিত হয়েছে দুই জার্মান পণ্ডিত ইয়ান জানসেন ও জুরগেন অসটারহামেল প্রণীত গ্রন্থ ডিকলোনাইজেশন: আ শর্ট হিস্টরি। লেখকদ্বয় লক্ষ করেছেন, ঔপনিবেশিকতা মোচন করে জন্ম নেওয়া স্বাধীন রাষ্ট্রসমূহ অধিকাংশ ক্ষেত্রে ঔপনিবেশিক রাষ্ট্রসীমাই অক্ষুণ্ন রেখেছে, এর অসংগতি যা–ই থাকুক। তাদের পর্যবেক্ষণে দেখা যায়, স্বাধীন দেশসমূহের ৫০ থেকে ৬০ ভাগ ক্ষেত্রে ব্রিটিশ ও ফরাসিদের দ্বারা প্রবর্তিত সীমানাই অক্ষুণ্ন রয়েছে। আফ্রিকায় আমরা দেখি জাতীয়তা, ভৌগোলিক একত্ব, সাংস্কৃতিক সাযুজ্য ইত্যাদি কোনো কিছুর তোয়াক্কা না করে ঔপনিবেশিক শাসকেরা মহাদেশকে ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছে তাদের মর্জিমাফিক এবং মানচিত্রে স্কেল ও পেনসিল দিয়ে রুল টেনে নির্ধারিত হয়েছে সীমান্ত। লেখকদ্বয় বলেছেন, এই অসংগতি মোচনকারী দ্বিতীয় মহাযুদ্ধ-পরবর্তী প্রথম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। সাবেকি ঔপনিবেশিকতার বন্ধনমুক্ত হয়ে আমরা আটকা পড়েছিলাম আরেক ধরনের নব্য ঔপনিবেশিক নিগড়ে। সেই শৃঙ্খল মোচন করে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় বি-উপনিবেশীকরণ ও জাতীয় মুক্তি আন্দোলনের নজির তৈরি করেছে এবং এর রূপকার হিসেবে নন্দিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর ঐতিহাসিক ভাষণ।
একুশে ফেব্রুয়ারি, মঙ্গল শোভাযাত্রা ও ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিলাভে সময় লেগেছে অনেক, তবে বিশ্বসমাজও যে ক্রমে তাদের চেতনার বিস্তার ঘটাচ্ছে এবং নতুন আলোকে দেখছে ইতিহাস, সেটা প্রকাশ পায় এই ত্রয়ী স্বীকৃতিতে, যার ফলে স্বমহিমায় উজ্জ্বল হয়ে উঠেছে বাংলাদেশ। ইতিহাসে বাংলাদেশের বিশেষ ভূমিকার এই স্বীকৃতি হোক আমাদের আগামীর পথনির্মাণের অবলম্বন ও শক্তি।
মফিদুল হক লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি