বিসর্জনের মেয়েরা
গ্রামের নাম কালীদাসপুর। পাশাপাশি আরও তিনটে গ্রাম বলরামপুর, শ্রীরামপুর আর জগন্নাথপুর। চার গোঁসাই ভাইয়ের নামে চার গ্রাম। কালীদাসপুর সবচেয়ে বড় গ্রাম। গ্রামের মাঝখান দিয়ে লাল রঙের রেলওয়ে ব্রিজ উত্তর আর দক্ষিণ পাড়ায় গ্রামটাকে ভাগ করে দিয়েছে। আকাশ থেকে দেখলে মনে হবে, পাড়া দুটো লাল রঙের বন্ধ জিপারের দুই পাশে দুটো ঠাং। তো এই কালীদাসপুর গ্রামে ওই অঞ্চলের সবচেয়ে বড় দুর্গাপ্রতিমা তৈরি হতো। দেশ ভাগের আগে হিন্দু সম্প্রদায় সংখ্যাগুরু হলেও পাকিস্তান আমলে আধা-আধিতে এসে পৌঁছায়। স্বাধীনতার পরও বেশ ২০-২৫ ঘর ছিল। বর্তমানে কমতে কমতে তিনটি পরিবারে এসে দাঁড়িয়েছে। পাল পরিবারের কারিগরেরা দুর্গা গড়তেন। পূজা শুরু হওয়ার ১৫ দিন আগে খড়-বাঁশ দিয়ে মূর্তির কাঠামো তৈরি করা হতো। তখন আমার বয়স ১০-১২। এক দৌড়ে পূজামণ্ডপ। বাঁশের বেড়া দিয়ে ঘেরা উঠানের ওপর এঁটেল মাটির স্তূপ। রোজ একটু একটু করে প্রতিমা বাড়ে। সরু কোমর, সুগঠিত স্তন, সুদৃঢ় জঘন, টানা টানা চোখ, আজানুলম্বিত কোঁকড়া চুল। সন্ধ্যা হয়ে আসে। মনে হয় আর একটু দেখি। বন্ধু মুক্তি বলত—
‘জানিস, রাতে সবাই চলে গেলে মা দুর্গা বেদী থেকে নেমে আসে। ভাত রাঁধে। কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীকে খেতে দেয়। ভোর হওয়ার আগেই যেই না বেদীর ওপর গিয়ে দাঁড়ায় অমনি আবার মূর্তি।’
মনে হতো একদিন যদি ভোর হওয়ার আগেই এসে মোটা অশ্বত্থের আড়ালে দাঁড়িয়ে দেখতে পারতাম মা দুর্গার সংসারধর্ম।
মহাষষ্ঠীর আগের দিন একেবারে তৈরি পুরো মণ্ডপ। ত্রিশূল হাতে দেবী। পায়ের নিচে অসুর। মুক্তি বলত—
‘মায়ের দিকে কুনজর দিয়েছিল তা-ই মা অসুরকে বধ করেছে।’
‘কিন্তু অসুর তো মায়ের দিকে তাকিয়ে নেই, মা-ও অসুরের দিকে তাকায়নি’—দুর্গা-অসুরের চোখের দৃষ্টি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারতেন না শিল্পী-কারিগর। অসুরের চোখ বিস্ফোরিত হলেও মায়ের চোখে কোনো রোষ নেই।
ঘরে ঘরে মুড়ি ভাজা, চিড়ে কোটা, নারকেলের নাড়ু, মোয়া বানানোর ধুম। কি মুসলমান কি হিন্দু পরিবারে। সব ধর্মের মেয়েরা শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসত নাইওরে। মা দুর্গার মতোই। যারা ছিল খেলার সাথি, তাদের সবার একসঙ্গে আবার দেখা—সে কি হইচই, আনন্দ! কারও বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় কানে আসত—
‘শান্তিপুরী ধুতি, তোমার জামাই পাঠিয়েছে। দেখছ কী? ধরো না। কেমন গোখরা সাপের মতো পাড়।’
‘হ্যাঁরে, শাওড়ি আর খোঁটা দেয় না তো?’
‘দিলোই বা। গায়ে মাখি?’
আবার খোন্দকারদের বাড়ি থেকে ঢেঁকিতে ধুপধাপ চিড়ে কোটার শব্দ। মেয়েরা এসেছে শ্বশুরবাড়ি থেকে। কান পাতলে শোনা যেত—
‘এখানে চুলের কাঁটা রেখেছিলাম, কোথায় সরালি তাহেরা? যাবি তো চল মণ্ডপে। নয়নতারারা কখন চলে গেছে।’
‘একটু দাঁড়া ভাই, হালকা হয়ে আসি। পেট ভার করে ঘুরতে পারব না।’
সেই লাল ব্রিজ ঘিরে বিজয়া দশমীর আড়ং। নিচে কুমার নদ। আমার পিতামহী মহররমের মেলা আর বিজয়ায় আড়ং দেখার জন্য আমাদের পয়সা দিতেন। ১০-১২ জন নাতিপুতি আর তাদের বন্ধুদের জন্য বছর ধরে জমানো পয়সা লাইনে দাঁড়ানো আমাদের হাতে একেক করে তুলে দিতেন। একটু বড়রা পেত পাঁচ সিকে। আমরা এক টাকা। ছেলেমেয়ে সবাই সমান। তারপর দে ছুট আড়ংয়ে। প্রতিমা কুমারের তীরে আসার আগেই আমরা পৌঁছে যেতাম যথাস্থানে। সবার আগে মাটির হাঁড়ি কিনতে হতো। কারণ, চিনির পুতুল, ঘোড়া, হাতি বাতাসা, কদমা, খাগড়াই—এগুলো কিনে হাঁড়ি ভরতে হবে না? মা-চাচিরা ওড়ং, বঁটি, নাকড়ি কিনতে দিত। দু-একটা কিনে সে পয়সা দিয়ে আবার চিনির ছাঁচে গড়া পাখি। পাখি চাটতে চাটতে যখন পাতলা কাগজের মতো হয়ে যেত তখন প্রতিমা বিসর্জনের করুণ ধ্বনি। ঢাকের বাড়ি ধীরে—
‘ঠাকুর থাকবে কতক্ষণ
ঠাকুর যাবে বিসর্জন’
লাল পেড়ে সাদা শাড়ি পরা কপালে ডগডগে লাল সিঁদুরের বউ-ঝিরা কাঁদত। মাটির প্রতিমার জন্য কেন কান্না? তখন বুঝিনি। এ কান্না তো আসলে নিজের জন্য। মায়ের বাড়ি ছেড়ে কাল-পরশু তো তাদেরও চলে যেতে হবে। নিজের বেড়ে ওঠা শৈশব, কৈশোর, খেলার সাথি, সরু গলি, মায়ের সোহাগ, ধুলোর গন্ধ, পানি-কাদার স্পর্শ, মেঘের ডাকে অকারণ বুক ভারী, পরিচিত পাখির ডাক, ফেরিওয়ালার হাঁক...সব পেছনে ফেলে সেই তো আবার বন্দিজীবন, ঘরসংসার ও রান্নাবাটি। আবার কবে আসবে শরৎ। দুর্গা মা বছর বছর বাপের বাড়ি এলেও সামনের বার আর আসা হবে কি না, বাপের বাড়ি—এ ভাবনায় ডুবে যাওয়া প্রতিমার দিকে উদাস তাকিয়ে থাকা রায়বাড়ির মেয়েটি সংবিৎ ফিরে পায় পাশেই পরিচিত গন্ধের কারও উপস্থিতিতে। সেই কৈশোরে কোনো একদিন আমাদের ঝোপের পুকুরে পা পিছলে পড়ে যেতে গেলে যে ছেলেটি তাকে ধরে ফেলেছিল, কয়েক সেকেন্ড বুকে চেপে রেখেছিল—যে বুক এখনো তার অবসরের আশ্রয়, সে। আমি হাঁড়িভরা মিষ্টি হাতে আড়ালে সরে গিয়ে সেই সন্ধ্যায় আমার ভাইকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছিলাম। কারণ, আমি জানতাম কপালে লাল সিঁদুর আঁকা মেয়েটি প্রতিমা বিসর্জনের ছলে যে জলে কপোল ভাসায় সে জলের প্রতিটি ফোঁটায় লেখা যায় একেকটি বেদনার ইতিহাস।