বিয়ের ছবি

এখনকার বিয়েতে ছবি তোলাটা বেশ গুরুত্বপূর্ণ। তবে আগে এই চিত্র ছিল ভিন্ন। বিয়ের ছবি তোলা অর্থাৎ ওয়েডিং ফটোগ্রাফি এখন একটি পেশায় দাঁড়িয়ে গেছে। এখন অনেক বিয়েতেই দেখা যায় পেশাদার আলোকচিত্রীকে দিয়ে ছবি তোলা হচ্ছে। বর–কনে চান তাঁদের জীবনের এই মুহূর্তটিকে খুব ভালোভাবে ধরে রাখতে।
যেকোনো পেশাতেই কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে—খুব স্বাভাবিক। কিন্তু সামাজিকভাবে ছবি তোলার পেশার অবস্থান একসময় ছিল নাজুক। সেই যুদ্ধটা আজও চলছে। আমার ছবি তোলা শুরু হয়েছিল ফিল্ম ক্যামেরা দিয়ে। ২০০৪–এর শেষের দিকে কিংবা ২০০৫–এর প্রথমে, রোকেয়া হলের এক ছাত্রী জানালেন, আমার তোলা ছবি তাঁর পছন্দ হয়েছে। আমি তাঁর বিয়েতে ছবি তুলব কি না? এককথায় রাজি হয়ে গেলাম! বলে দিলাম, ৬০০ টাকা প্রতি রোল। দুই রোলের চুক্তি হলো।
জাপান কালার ল্যাবে ফিল্ম ডেভেলপ করার সুবাদে তখনকার সব বাঘা বাঘা ওয়েডিং ফটোগ্রাফারের দেখা পেতাম। যাঁরা অনুষ্ঠানের পরদিন ছবি ডেভেলপ করাতে এসে একে অন্যের সঙ্গে আলাপ করতেন। বেশ লাগত আলাপগুলো। মনের অজান্তেই ল্যাবের ওই আড্ডাটা আমাকে বিয়ের ফটোগ্রাফির প্রতি আগ্রহী করে তোলে।
১৩ থেকে ১৫ বছর আগের কথা! শুভ্র ভাই তখন ডাকসাইটে ওয়েডিং ফটোগ্রাফার। ল্যাবের সিঁড়িতে সাহস করে একদিন বলে ফেললাম, ‘আপনার সঙ্গে আমাকে একটা ইভেন্টে নেবেন?’ ‘হ্যাঁ’ বলে দিলেন। সেদিনের সেই হ্যাঁ–এর জন্য স্যালুট শুভ্র ভাই। লরেল ভাইয়ের সঙ্গে কয়েকটা ইভেন্টে গিয়েছিলাম সহকারী হিসেবে।
সেই সময় ওয়েডিং ফটোগ্রাফিকে অনেকেই দেখতেন, ‘খ্যাপ’ হিসেবে। কেউই এটাকে মূল পেশা হিসেবে ভাবছিলেন না। আমিও না!
আমার স্বপ্ন ছিল ফটোসাংবাদিক হওয়ার। পত্রিকার কাজের পাশাপাশি বেশি বেশি বিয়ের ছবি তোলাও শুরু করি সে সময়, শুধু অর্থের জন্য। পত্রিকার চাকরি সম্মানের, নামধাম হচ্ছিল কিন্তু উপার্জন মনমতো হচ্ছিল না। এদিকে খরচের চাপ বাড়ছিল ক্রমেই। যে কয়টা বিয়ের অনুষ্ঠানের ছবি তুলতাম, মাসে মন দিয়ে ভালো কিছু করার চেষ্টা করতাম। ধীরে ধীরে অনুভব করলাম, হাসিখুশি মানুষের চেহারার ছবি, কান্নারত কনের ছবি, মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের গল্প তৈরি করতে ভালোই লাগছে।
কত শুনেছি, ‘আপনি এত ভালো ছবি বোঝেন, বিয়ের ছবি তোলেন কেন?’ এমনকি, পারিবারিকভাবেও আত্মীয়স্বজন চমকে উঠত। বলত, ‘কী বলো? অর্থনীতির ছাত্র হয়ে বিসিএস না দিয়ে ছবি তুলবে? তাও বিয়ের ছবি?
আমি বিয়ের আলোকচিত্রী হতে চাইনি সেভাবে কখনোই। তবে ভালো উপার্জনের পাশাপাশি বর-কনের ভালোবাসা আমাকে মোহিত করত! কিন্তু হঠাৎ যেন এক অদ্ভুত সত্য আবিষ্কার করলাম, আমি যেই কয়েক বছর ধরে একটু একটু করে ওয়েডিং ফটোগ্রাফির প্রতি আমার আগ্রহের কথা জানান দিচ্ছি, ঠিক সেই সময়টাতে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছিলাম সব জায়গাতেই। কত শুনেছি, ‘আপনি এত ভালো ছবি বোঝেন, বিয়ের ছবি তোলেন কেন?’ এমনকি, পারিবারিকভাবেও আত্মীয়স্বজন চমকে উঠত। বলত, ‘কী বলো? অর্থনীতির ছাত্র হয়ে বিসিএস না দিয়ে ছবি তুলবে? তাও বিয়ের ছবি?
বাংলাদেশের আধুনিক বিয়ের ফটোগ্রাফিতে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তিনি হলেন মোজাম্মেল হক এবং তাঁর দল ‘ছবি ডটনেট’। তিনি রাজীব ভাই, ইমরান ভাইসহ একটা দুর্দান্ত দল তৈরি করেন। মোজাম্মেল হক আমাদের দেখিয়েছেন, শিখিয়েছেন তাঁর কাজের মধ্য দিয়ে কীভাবে নিজের কাজের সঠিক মূল্যায়ন করতে হয়। সেই সময়ই মোজাম্মেল ভাই ছবি তুলতেন লাখ টাকার বিনিময়ে! উনি অল্প কয়েক বছর পর ছেড়ে দেন ওয়েডিং ফটোগ্রাফি। অথচ এই লোকটার ভীষণ প্রয়োজন ছিল ভালো মানের ইন্ডাস্ট্রি তৈরির জন্য!
একসময় জেদ চেপে বসল। সিদ্ধান্ত নিলাম, সব ছেড়ে দিয়ে ওয়েডিং ফটোগ্রাফিই করব! নিজের সঙ্গে আমার বোঝাপড়া হয়ে গেল। বিয়ের ছবির প্রদর্শনীর আয়োজন করলাম ২০০৯ সালে আমার প্রতিষ্ঠান ‘ওয়েডিং ডায়েরি’র ব্যানারে। কোনো স্পনসর পাইনি। দৃক থেকে অনুমতি পেলাম গ্যালারি ব্যবহারের জন্য। ফিতা কাটার জন্য কাউকে রাজি করাতে পারছিলাম না! ঠিক সেই সময়টায় তারেক মাসুদের বাসায় যাওয়ার সুযোগ হলো রোবাব ভাইয়ের সঙ্গে। তিনি তো অন্য আট-দশটা লোকের মতো নন! তাঁর মান যাওয়ার ভয় নেই! সাহস করে বলে ফেললাম! বললেন, ‘প্রীত, আমি আছি তোমার সঙ্গে।’
কিছুদিন পর একজন কোরীয় আলোকচিত্রী ‘দি স্টোরি’ নামে বেশ বড় একটা স্টুডিও ঢাকায় প্রতিষ্ঠা করেন, মূলত পাশ্চাত্যের আদলে স্টুডিওভিত্তিক বিয়ের ছবি তোলার ধারণা। কয়েক বছর পর সেটা বন্ধ হয়ে যায়। পরে হয় ফ্যাশন ফটোগ্রাফার অপূর্ব আব্দুল লতিফের ‘ওয়েডিং স্টোরি বাংলাদেশ’। তিনি ত্রিমাত্রিক ভিডিও (থ্রিডি) করা শুরু করেন।
এর পর বিয়ের ছবি নিয়ে প্রদর্শনী করেন সজীব পাল। ২০১০ সালে রূপক রহমানের ‘ক্রিয়েশন’ সুনাম অর্জন করেন। এ ছাড়া আক্কাছ মাহমুদের ‘ওয়েডিং কালার প্লাস’, মাহমুদুল হাসানের ‘ব্রাইডাল ক্যানভাস’ এবং তানভীর আলির ‘ওয়েডিং মোমেন্ট’ উল্লেখযোগ্য। ইসরাত আমিন ২০১০ সাল থেকেই অনেক নারী আলোকচিত্রীদের প্রেরণা জুগিয়েছেন। চটগ্রামে সঞ্জয় শুভ্র, ফয়সাল আজিম, এনামুল হক প্রমুখ ভালো মানের কাজ করছেন। ২০১১ সালে প্রতিষ্ঠিত চেকমেট ইভেন্ট, ২০১২ সালের ড্রিম উইভার ও স্ন্যাপ শট বিয়ের ছবি তোলায় ভালো কাজ করছে। অভিজিত নন্দী ও তাঁর চিত্রকাব্য দলের কাজ ভিন্ন মাত্রা জুগিয়েছে ইন্ডাস্ট্রিতে নিঃসন্দেহে। এ ছাড়া কোকো লাইট, ব্রাইডাল হেরিটেজ, আর্ট ল্যান্ড, মেট্রো ওয়েডিং, ব্রাইডাল হারমনি, সিগনেচার ওয়েডিং বাংলাদেশ, উইন্ড ফটোগ্রাফি বাংলাদেশ ইত্যাদি এখন বেশ খ্যাতি পেয়েছে।
শুধু আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় এই পথে পা বাড়ালে সফল হওয়ার সম্ভাবনা কম! আগ্রহ, ভালোবাসা থাকলে, পরিশ্রম এবং সততার মাধ্যমে লক্ষ্যে পৌঁছানো যাবে। একা একা কখনো কোনো কিছু বড় হতে পারে না। আমরা এখন অনেকেই আছি এ পেশায়। এবার কেবল এগিয়ে যাওয়ার পালা।
প্রীত রেজা : আলোকচিত্রী