
‘বিয়ের বাজার দেশেই’—এই স্লোগানে প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র ‘নকশা’ আয়োজন করে আসছে বিয়ে উৎসব। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর প্রথমবার আয়োজন করা হয় ‘পন্ডস–নকশা বিয়ে
উৎসব’। বিয়ে আয়োজনের দরকারি সব অনুষঙ্গের নির্মাতা, জনপ্রিয় প্রতিষ্ঠানগুলো অংশ নেয় এই উৎসবে।
প্রথমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ও দ্বিতীয়বার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানটি ছিল সবার জন্য উন্মুক্ত। গত ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয় এবারের পন্ডস–নকশা বিয়ে উৎসব।
দুই আয়োজনেই ছিল মানুষের উপচে পড়া ভিড়। পোশাক, খাবার, সাজ, গয়না, বিয়ের কার্ড, বিয়ের মিষ্টি, বিয়ের ছবি তোলার প্রতিষ্ঠান, মধুচন্দ্রিমায় বেড়ানোর জন্য রিসোর্ট বা হোটেলের স্টল ছিল সেখানে। দর্শনার্থীরা সরাসরি এসে তথ্য নিয়েছেন। সন্ধ্যার পর আমন্ত্রিত অতিথিদের নিয়ে হয়েছে বিশেষ ফ্যাশন শো। বিয়ের সাজপোশাকের চলতি ধারা তুলে ধরা হয় এই উৎসবে। আর হ্যাঁ, সব পোশাকই ছিল দেশি।
প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা প্রতিবছরই বিয়ে নিয়ে বিশেষ সংখ্যা প্রকাশ করে আসছে। ২০১৪ সাল থেকে প্রতিবছর ডিসেম্বরে প্রকাশিত হচ্ছে বিশেষ ম্যাগাজিন ‘বর্ণিল বিয়ে’।