ভবনধসে মৃত্যুর মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধস্ত রানা প্লাজা থেকে উদ্ধার তৎপরতা চলছে। ছবি: সাহাদাত পারভেজ
বিধস্ত রানা প্লাজা থেকে উদ্ধার তৎপরতা চলছে। ছবি: সাহাদাত পারভেজ

২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধস শুধু ২০১৩ সালের নয়, বিশ্বের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভবনধসের ঘটনা হিসেবে স্থান পেয়েছে। মোট প্রাণ হারিয়েছেন এক হাজার ১৩৪ জন; আহত আড়াই হাজারের বেশি, তাঁদের অনেকে চিরতরে অঙ্গহীন হয়ে পড়েছেন। নিখোঁজ রয়েছেন ৩২৩ জন। তাঁরা তৈরি পোশাকশিল্পের শ্রমিক, অধিকাংশই নারী।

২৪ এপ্রিল সকালে সাভারে রানা প্লাজা নামের আটতলা ভবনটি সমূলে ধসে পড়ে। ভবনটিতে ছিল পাঁচটি পোশাক কারখানা, একটি ব্যাংক ও অনেক দোকানপাট। আগের দিন ভবনটিতে ফাটল দেখা দেওয়ায় পোশাকশ্রমিকেরা আতঙ্কে বেরিয়ে যান। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভবনের মালিক ঘোষণা দেন, ওই ফাটলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভবনটি ধসে পড়ার কোনো আশঙ্কা নেই। পরদিন হরতালের মধ্যেও শ্রমিকদের বাসা থেকে ডেকে এনে কাজে যোগ দিতে বাধ্য করা হয়। ফাটলের কারণে দোকানপাট খোলেনি, ব্যাংকটি আগের দিনই বন্ধ ঘোষণা করা হয়। শুধু পোশাক কারখানাগুলোই খোলা রাখা হয় এবং শ্রমিকদের ডেকে এনে কাজ করানো হয়।

ভবনটি ধসে পড়ার কিছু সময় পরেই আশপাশের পোশাক কারখানাগুলোর শ্রমিকেরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় মানুষ, ও পথচারীরা। খালি হাতে বা খুন্তি-শাবল নিয়ে তাঁরা আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা আটকে পড়া ব্যক্তিদের জীবিত অবস্থায় উদ্ধারের লক্ষ্যে চেষ্টা চালান, সেই সঙ্গে তাঁরা প্রচুর মৃতদেহও বের করে আনতে থাকেন। এভাবে প্রথম পাঁচ দিন জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টায় হাতুড়ি-শাবল-খুন্তি ব্যবহার করা হয়। এ সময় দুজন উদ্ধারকর্মী প্রাণ হারান। তারপর বুলডোজারসহ ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়, চলে ২১ দিন। দুর্ঘটনার ১৭ দিন পর অলৌকিভাবে জীবিত উদ্ধার করা হয় রেশমা আক্তার নামের এক নারীকে।

রানা প্লাজা ভবনটি ছয়তলার অনুমোদন নিয়ে আটতলা করা হয়, কিন্তু স্থানীয় পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি। বুয়েট পরীক্ষা করে জেনেছে, ভবনটি তৈরিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। ভবনধসের পর দেশ-বিদেশের মানুষের চাপে সরকার ভবনের মালিক সোহেল রানা ও তাঁর বাবা আবদুল খালেক, পৌর মেয়র রেফাতউল্যাহসহ ২১ জনকে গ্রেপ্তার করে। কিন্তু মামলার ধারাগুলো দুর্বল, আবদুল খালেক ও রেফাতউল্যাহসহ আটজন জামিনে বেরিয়ে গেছেন।

এই দুর্ঘটনার পর পোশাকশিল্পের শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনেকেই প্রতিশ্রুত ক্ষতিপূরণ পাননি। এখনো অন্যত্র সরিয়ে রাখা ধ্বংস্তূপ থেকে মাথার খুলি ও হাড়-হাড্ডি পাওয়া যাচ্ছে। ডিসেম্বরে ১৫ দিনের ব্যবধানে পথশিশুরা দুটি মাথার খুলি ও হাড় পেয়েছে ধ্বংস্তূপ থেকে। ভবনধসের স্থানটি এখন বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। বেড়ায় হাত দিয়ে এখনো স্বজনহারাদের বলতে শোনা যায়, ‘আমার সন্তানের হাড্ডিগুলো পেলেও শান্তি পাব।’

আনোয়ার হোসেন