ভালোবাসি এ কথা বলি না

মাকে নিয়ে যত কিছুই লিখি না কেন, তবু মনে হয় কিছুই লিখিনি। আমার বাবা নেই। বাবা কেমন, যখন বুঝতে শিখেছি, তার আগেই বাবা মারা গেছেন। সেই থেকে মা একাই মা-বাবা দুজনের দায়িত্ব পালন করে যাচ্ছেন। মা বটবৃক্ষের মতো হাজার ঝড়-ঝঞ্ঝা সামলে আদর, স্নেহ দিয়ে আমাদের দুই ভাইবোনকে আগলে রেখেছেন।
দরিদ্র পরিবারের সন্তান আমি। আমি যে গরিব, এটা আমার দুর্বলতা নয়, বরং প্রেরণা। আজকের এই আমি, তার পুরো কৃতিত্ব পাবেন আমার মায়ের। তবে আরও কিছু মানুষও তার ভাগীদার।
বাবা মারা যাওয়ার পর অথই সমুদ্রে পড়ে গেলাম। কোনো দিশা না পেয়ে লেখাপড়া বন্ধের উপক্রম।
যদিও আমাদের অনেক কষ্টে দিন পার করতে হয়েছে। কখনো আধা পেট খেয়ে, কখনো না খেয়ে। তবু দিন কেটে গেছে। মা সেলাই জানতেন। এক আত্মীয় মাকে সেলাই মেশিন কিনে দেন। মা দিনরাত এক করে অর্ডারি কাজ করতেন, যদিও খুব কম মজুরি পেতেন। তবু মানুষের কাছে ধার নিতেন না। আগের মতো অন্তত না খেয়ে থাকতে হতো না। কত ঈদ যে গেছে মা আমাদের নতুন জামা দিতে পারেননি। যখন সবাই নতুন জামা পরত, আমরা দুই ভাইবোন চেয়ে দেখতাম। মাকে কখনো বলতাম না নতুন জামা লাগবে। আড়ালে কাঁদতে দেখেছি কতবার, কিছু বলতে পারিনি।
আমার স্কুলের এক শিক্ষিকার সহযোগিতায় পড়াশোনা আবার শুরু করলাম। ওপরের ক্লাসে উঠছি, খরচ বাড়তে লাগল। মা সেলাইয়ের পাশাপাশি ছাত্র পড়াতে লাগলেন। অনেক খাটুনি যেত মায়ের ওপর দিয়ে।
আমি যখন রাত জেগে পড়তাম, মা আমার পাশে বসে হাতের কাজ করতেন। আমি ঘুমাতে বললে বলতেন, ‘তুই একা ভয় পাবি, তাই তো জেগে আছি।’ তুমি তাহলে সেলাই করছ কেন?’ বলতেন, ‘চুপচাপ বসে থাকার চেয়ে কিছু করা ভালো।’ আমি জানতাম, মা বাড়তি আয়ের জন্য এমন করতেন আর আমাকে মিথ্যা বলতেন। মা আমাকে মাঝেমধ্যে বলতেন, ‘এত কষ্ট করে তোকে পড়াচ্ছি, আমার মানটা রাখিস।’
এসএসসি পরীক্ষা দিলাম। জিপিএ-৫ পেলাম। মায়ের আনন্দ দেখে কে! চোখের কোনায় অশ্রু দেখলাম। খুশিতে মা কাঁদছেন। মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, ‘মা, তোমার মান রাখতে পেরেছি।’
এরপর কলেজে ভর্তির পালা। খরচ যে আরও বেশি। ভাবছি, এই বুঝি পড়া বন্ধই হয়ে যায়। তখন সহায়তা পেলাম ব্র্যাক ব্যাংক–প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিলের। নতুন করে আশার আলো জেগে উঠল। মায়ের কষ্টটা একটু কমল। মায়ের আবার সেই কথা, ‘প্রথম আলো তোকে সাহায্য করছে, ওরা তোর থেকে শুধু ভালো রেজাল্ট চায়, আর কিছু না।’ খুব চাপের মধ্যে থেকেছি। পড়তে বসলে মায়ের কথাটাই শুধু কানে বাজত, যে করেই হোক, রেজাল্ট ভালো করতে হবে।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পেলাম। ঢাকার একটা কলেজে ভর্তি হলাম স্নাতক পড়ার জন্য। আসার সময় মায়ের চোখে বিজয়ের হাসি।
টিউশনির প্রথম বেতন পেয়ে মাকে শাড়ি দিয়েছিলাম। মা সেই শাড়ি কতজনকে দেখিয়েছেন, তা জানি না। সেদিনও মা খুশিতে কেঁদেছেন।
লেখক: প্রথম আলো ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত অদম্য শিক্ষার্থী