ভাষার ভেলায় ভেসে ভেসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাষা প্রতিযোগ কোনো প্রতিযে​াগিতা নয়, বরং বাংলা ভাষা চর্চার এক অন্য রকম উৎ​সব
ভাষা প্রতিযোগ কোনো প্রতিযে​াগিতা নয়, বরং বাংলা ভাষা চর্চার এক অন্য রকম উৎ​সব

২০০৫ সালে প্রথম আলো ও হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন—এইচএসবিসি যৌথভাবে দেশব্যাপী ভাষা প্রতিযোগিতার সূচনা করে। সে আয়োজনের যুগপূর্তি হলো এবার, ২০১৬ সালে। ‘ভাষা প্রতিযোগ’ নামটি অধ্যাপক আনিসুজ্জামানের দেওয়া এবং এই ১২ বছর ধরে তিনি ভাষা প্রতিযোগ পর্ষদের সভাপতি। উত্সবে শিক্ষার্থীদের তিনি বলেন, ‘আমরা যেমন মায়ের কোলে জন্ম নিই, তেমনি মাতৃভাষার কোলে আমাদের জন্ম হয়। এই ভাষা আমাদের সহজাত, তবুও মাতৃভাষাকে যত্ন করে শেখা এবং জীবনে পরিচর্যা করার আবশ্যকতা আছে। ভাষা সম্পর্কে তোমরা আরও সতর্ক হবে, ভাষাকে আরও গভীরভাবে ভালোবাসবে—এ জন্যই ভাষা প্রতিযোগের আয়োজন।’
বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য আমরা প্রাণ দিয়েছি। কিন্তু বাংলাদেশে কর্মক্ষেত্রে বাংলা ভাষার গুরুত্ব প্রতিষ্ঠিত হয়নি। ছেলেমেয়েরা আপনিতেই মাতৃভাষা লিখতে, পড়তে ও বলতে শিখে যাবে, এর পেছনে যথেষ্ট সময় দেওয়ার প্রয়োজন নেই—এমন ধারণা বা মনোভাব রয়েছে আমাদের অভিভাবকদের মধ্যে। সেই ভুল ধারণা ভাঙাতে ভাষা প্রতিযোগ যত্ন করে বাংলা পড়া আর বাংলা শেখার ওপর গুরুত্ব আরোপ করেছে।
এক যুগে দেশের নানা প্রান্ত ও কেন্দ্রে ভাষা প্রতিযোগ করতে গিয়ে আমরা শিক্ষার্থীদের মধ্যে যেমন গভীর আগ্রহ দেখেছি, তেমনই সাড়া পেয়েছি অভিভাবকদেরও। ভাষা উত্সবে শিক্ষার্থীদের নিয়ে আসার জন্য অভিভাবকেরা যে কষ্ট স্বীকার করেন তা বিস্ময়কর। একজন মা ৩০–৪০ কিলোমিটার পথ পেরিয়ে দুই হাতে দুটো বাচ্চা নিয়ে ভাষা উত্সবে আসেন।
প্রথম আলোর সঙ্গে ভাষা উত্সবের সহযোগী এইচএসবিসি। বর্তমানে এর সঙ্গে যুক্ত হয়েছে গণসাক্ষরতা অভিযান। বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি ও ভাষাতত্ত্ব বিভাগ এবং স্কুল-কলেজের বাংলা ও ইংরেজি বিভাগের অনেক শিক্ষক এর সঙ্গে যুক্ত। এ উত্সবে যোগ দিতে দেশের নানা প্রান্তে ছুটে বেড়ান তাঁরা। প্রতিটি উত্সবে উদ্দীপনা নিয়ে ছুটে যান এইচএসবিসির একদল কর্মী।
‘বাংলা ভাষায় কাঁদি হাসি/সকল ভাষা ভালোবাসি।’—ভাষা প্রতিযোগের এ স্লোগানও অধ্যাপক আনিসুজ্জামানের দেওয়া। এর অর্থ হলো, বাংলা আমাদের মাতৃভাষা, এ ভাষাতেই আমাদের যাবতীয় অনুভবের প্রকাশ। তাই বলে পৃথিবীর অন্য ভাষাগুলোর প্রতি আমরা বৈরী নই। ইংরেজিসহ পৃথিবীর যেকোনো ভাষা শেখাও আমাদের জন্য ইতিবাচক হবে।

এক নজরে
সূচনা: ২০০৫ সাল
আঞ্চলিক উত্সব হয়েছে: ৪০টি জেলায়
প্রতিযোগে অংশ নিয়েছে: প্রায় ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থী