ভুস করে জেগে উঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্কাস সার্কাস নাটকের দৃশ্য
সার্কাস সার্কাস নাটকের দৃশ্য

২০১৩ সালে যখন গাজার আটকে থাকা মানুষের ওপর ইসরায়েল আবার আক্রমণ চালায়, ফেসবুক আর ইউটিউব ছেয়ে যায়, তাকানো যায় না এমন সব মৃতমুখের ছবিতে। প্রায় ৬৫ বছর ধরে একটি অন্যায় যুদ্ধ চলছে পৃথিবীর সব মনবীয় বক্তব্যের ওপর একটি দেশ প্রজন্ম থেকে প্রজন্ম লাল হয় রক্তে আর একটি দেশ লাল হয় অর্থে। আমি এই যোদ্ধা জাতকে একটা লং ওয়াক উত্সর্গ করতে ঢাকার মার্কিন দূতাবাস থেকে ধানমন্ডির দৃক গ্যালারি পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা খালি পায়ে পাথর বেঁধে সিংগিং বোলের শান্ত সুর ছড়িয়ে হেঁটে যাই। আমি আমার ১৫ জন বন্ধু, সহকর্মী আর পরিবারের সদস্য যাঁরা নিজেরাও ব্যক্তিগত জীবনে কোনো না কোনোভাবে যোদ্ধা, তাদের বলি তোমরা কি মৃতমুখের কথা ভেবে তোমাদের সবচেয়ে প্রিয় কিছু উত্সর্গ করতে পারো? জবাবে চুল, শিশুর প্রথম গন্ধমাখা কাপড়, মৃত্যু পথযাত্রী মায়ের কাছে লেখা পত্রসহ ব্যক্তিগত কত প্রিয় জিনিস দান করেন সকলে আমার হাঁটা শেষে জ্বালানো হোমাগ্নিতে।
যদি কাজই মানুষের জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হয়ে থাকে, তবে আমি সেই গোত্রের মানুষ। সে কাজ প্রতিদিনের জীবনে শুধু নারী বলে যে কাজ আমাকে আমাদের পারিবারিক ও বাবার ছায়ায় চলা ব্যবস্থা নির্ধারণ করে দিয়েছে, সেটাও। আমি আমার কাজে যখন একেবারে ভাবনার অতলে ডুবে যাই, তখন রান্না একটি বড় সহায় হয়ে ওঠে। আমার শিশুটির সঙ্গে কাটানো সময়ের তুলনা তো কোনোকিছুর সঙ্গেই হতে পারে না। কিন্তু এসব কিছুর আনন্দ নিতে কিন্তু আমাকে শিখতে হয়েছে। জীবনের শুরু থেকেই মূলত মা তার সঙ্গে মামি-চাচি-বড় বোনদের যে প্রচণ্ড তাগাদা ছিল বহির্মুখী করার প্রতি, যোদ্ধা বানানোর প্রতি, নারী না হয়ে ওঠার প্রতি—তার তোড়ে ছোট্ট বালিকা বেড়ে ওঠে দেহহীন, প্রেমহীন এক আধুনিক ঘোড়সওয়ারি হয়ে। সে গতির রাশ টেনে ধরার প্রয়োজন পড়ে হঠাৎ​ যখন ভেসে যেতে থাকা ইমেজগুলো থেকে ভুস করে জেগে উঠতে থাকে থেমে যাওয়ার প্রবল ইচ্ছা বা ভুলিয়ে দেওয়া শরীর বা মনটার ইচ্ছা।

ঋতু সাত্তার
ঋতু সাত্তার

এ সময়ের সবচেয়ে বিখ্যাত পারফরম্যান্স আর্টিস্ট মারিনা আব্রামোভিচের একটা কথা এই মুহূর্তে যেভাবে মনে পড়ছে, ‘যত অস্থির-উপদ্রুত ছোটবেলা তত তুমি ভালো শিল্পী হতে পারো।’ ভালো-মন্দের আপেক্ষিকতায় নাই যাই। কিন্তু আমার আমিটাকে যদি ভোলাতে না শেখাত কেউ তবে হয়তো তাকে খুঁজতেও যেতাম না কখনো। কইন্যা নাটকে মস্তুরা এমন এক সাধুর মরণ সঙ্গী যে আমার নারী হয়ে ওঠার সঙ্গে পথে পুরুষকে নতুন চোখে দেখা, জানা, বোঝার চোখকে খুলে দেয় আর নারীকেও দেখি যে প্রবল শক্তি নিয়ে দোদুল্যমান আর অপস্রিয়মাণ, তা শুধু একটা সংক্ষুব্ধ সমাজ আর সংকুচিত পারিবারিক চেতনার কারণেই। আজকেও নারী বাড়ির প্রধান পটল-আলু ক্রেতা, শিশুর সব দায়িত্ব প্রকৃতি নারীকেই দিয়েছে, তাই কোথায় যেন পুরুষের গা বাঁচানোর চেষ্টা একটা স্বাভাবিক প্রবণতা। তাই আমার প্রায়ই মনে হয়, সৃষ্ট প্রগতি আর উচ্চাশা। সমাজ সৃষ্টির প্রবণতায় পুরুষ যদি পর্যায়ক্রমে নারীর ক্ষমতা কেড়ে না নিত এবং নারীর অর্জনকে দিনের পর দিন হেয় করে না দেখত তবে আজ যে জটিল অস্তিত্ব আর পরিচয়ের সংকটে নারী পড়েছেন সেটা হয়তো হতোই না। শহরে বেড়ে ওঠার ফলে যেসব মানসিক সংকট তা আস্তে আস্তে প্রশ্নের মুখে পড়তেই থাকে সার্কাস দলের প্রিন্সেস সুলতানা বা মস্তুরা বা শাইলক অ্যান্ড সিকোফেন্টসের সুরাইয়া চরিত্রে রূপদান করতে করতে।

যা-ই হোক, বলছিলাম আমার নারী হয়ে ওঠার, হতে চাওয়ার পথে আমার উপলব্ধির কথা। এই যাত্রায় সবচেয়ে বড় সহায়ক ছিল আমার কাজ, থিয়েটার। থিয়েটার যেমন প্রতি মুহূর্তেই পুরুষের চোখে নিজেকে দেখার মনের অবচতনের ইচ্ছাগুলোকে চিনিয়ে দিচ্ছিল, ভেঙে দিচ্ছিল—আবার পুরুষ নিজের অজান্তেই কোন অধিকর্তার আসনে আসীন তা-ও চিনিয়ে দেয়। এই প্রবল পুরুষের মাঝে নিজের পরিচয় আর ইচ্ছাগুলো প্রকাশ আরেক সংঘাতের নাম।

আমি মনে করি, যখন থেকে আমি আমার পরিচয়কে বুঝতে চেষ্টা করেছি, আমার অবস্থানকে স্বীকার করে নিয়েছি, ঠিক তখনই সম্ভব হয়েছে যেখানে বসে গাজার অসহায় মানুষের জন্য উত্সর্গ এ বার্ড অব স্টোন বা ড্রোনের নিচে যে অসহায় মানবতা, তার জন্য পাঁচ হাজার ফুট অবতল কিংবা এই যে আমরা লেখক হত্যা থেকে শুরু করে আমাদের প্রচণ্ড পুরুষালি তাণ্ডবকেও গলার ভেতর দলার মতো আটক রাখি, সেই দলাটি হারিয়ে যাওয়ার আগে অন্তত নিজের কানে শোনানোর জন্য ধারণ করি ব্ল্যাকব​েক্স। এসব কাজ একদমই অন্য রকম হতো যদি একজন বিপরীত বা বিকল্প লিঙ্গের মানুষ করতেন। আমি এমন একটি মাধ্যমে কাজ করতে চেয়েছি যা আমার আমিকে ধারণ করবে অন্য কিছুই নয়।