ভোট দিতাম না কেউরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি গরিব মানুষ। বউ আর তিন বাচ্চা লইয়া কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উনাইশায় ভাড়া বাসায় থাহি। ভাড়ায় সিএনজি চালাইয়া সংসারডা কোনোমতে চালাই। অরতাল-অবরুধে গাড়ির চাক্কা বন্ধ রাখলে প্যাট চলব ক্যামনে? ২৫ নভেম্বর তো সেই সবকিছুই আছিল না। অথচ হেদিনই আমার সর্বনাশডা করল।

ওই দিন রাতে আমি বাসার পাশে গ্যারেজে গাড়ি রাখতে যাইতেছিলাম। গাড়ি রাইখা বাসায় যাওয়ার কথা। কিন্তু কুমিল্লার কচুয়া চৌমুহনী এলাকায় যহন পৌঁছি, লাঠিসোঁটা উঁচাইয়া কয়েকডা পোলা আমার সিএনজিডা আটকাইল, বাইরায়া ভাইঙ্গা আমারেসুদ্দা উল্টাইয়া দিল সিএনজিডা। চিক্কুর পাইরা বাইর হওনের চেষ্টা করছি। দেহি, গাড়িতে দাউ দাউ কইরা আগুন জ্বইলা উঠছে। আগুন লাগল আমার শরীলেও। আগুন লইয়া কোনোমতো গাড়ি থেইকা বাইর হইয়া ঝাপটাইয়া আগুন নিভায়া রাস্তায় শুইয়া পড়লাম। কারা জানি আমারে উডাইয়া কুমিল্লার হাসপাতালে নিয়া গেল।

আমার হাত আর কোমর থেইকা পায়ের তালু পর্যন্ত পুইড়া গেছে। ডাক্তারে কয় ২৩ পারসেন্ট। ২৬ তারিখে আমার বউ আমারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লয়া আসে। তার পর থিকা হাসপাতালে আছি। তিনডা ছোড ছোড বাচ্চারে বাসায় রাইখা আইছে আমার বউ। তারা হামিশক্ষণ কান্নাকাটি করতাছে। কী খাইতেছে জানি না। বাচ্চাগো লাইগা আমার পরানডা পুইড়া যাইতেছে। হাসপাতালে থাকতে থাকতে আমার বউও অসুস্থ হইয়া পড়ছে।

এক মাস যাবৎ সংসারের কোনো আয় নাই। বাসাভাড়াও বাকি পইড়া গেছে। হাসপাতালে ৪০ হাজার ট্যাকার মতো অর্থ সাহায্য পাইছি। কিছু বাচ্চাদের লাইগা পাঠাইছি। কিছু ওষুধপত্তের খরচ লাগছে। এখন আর টাকা নাই। সামনে কীভাবে সংসার চলব, চিকিৎসা চলব, কখন সুস্থ হইয়া গাড়ি চালামু জানি না।

আমার মা-বাপ বাঁইচ্চা নাই। তিনডা বাচ্চারে লেখাপড়া করাইতেছিলাম। লেখাপড়া দূরের কথা, এখন খাওয়াতে পারি কি না, তা আল্লাহই জানে। শরীরে অনেক ব্যাগ রক্ত দিলাম, এক মাস ধইরা চিকিৎসা চলতাছে। তার পরও শরীরের অশান্তি যায় না। জ্বালাপোড়া করে। চিন্তা করতাছি, বাসায় চইলা যামু। কপালে মরণ থাকলে তো মরতে অইব। তয়, বাচ্চাদের চেহারা দেইখাই মরি। মরার আগে এট্টুক সুখ পাইতে চাই।

রাজনৈতিক দলেরা নিজেরা মারামারি করে, আর আমরা সাধারণ পাবলিকে পুইড়া মরি! তারা আবার আমাগো ভোটও চায়। সুস্থ হইয়া লই, ভোট দিতাম না কেউরে। পাবলিকরে পুড়ায়া মারা যাগো রাজনীতি, আমরা সেসব দল চাই না।

অনুলিখন