ভ্রান্তিরাজ্য

মধ্যপ্রাচ্যে আরব বসন্ত শুরু হওয়ার পর থেকে গত তিন বছরের রাজনৈতিক তোলপাড়ের মধ্যে সৌদি আরব যেকোনো মূল্যে তার প্রাধান্যমূলক অবস্থান ধরে রাখার চেষ্টা করেছে। ২০১৩ সালজুড়ে আঞ্চলিক মিত্রের সন্ধান করেছে দেশটির রাজপরিবার। সেই সঙ্গে চেয়েছে পুরোনো মিত্রদের ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করতে, যেমনটা হয়েছে মিসরে। এ ছাড়া রাজতান্ত্রিক দেশটি আঞ্চলিক স্থিতিশীলতা আনার জন্য তার বিপুল তেলসম্পদ কাজে লাগিয়েছে। দীর্ঘদিন ধরে এ ধরনের স্থিতিশীলতায় তারা অভ্যস্ত।
তিউনিসিয়া, মিসর, ইয়েমেন, বাহরাইন, লিবিয়া বা সিরিয়ায় আরব বসন্ত কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি করতে পারেনি, সৌদি শাসকদের জন্য যা খুবই স্বস্তিদায়ক। তাঁদের দৃষ্টিকোণ থেকে আরও যা ভালো হয়েছে তা হলো, মাথাচাড়া দিয়ে ওঠা ইসলামপন্থী সরকারগুলো হয় মৌলিকভাবে অদক্ষ (সেহেতু সহজেই ক্ষমতাচ্যুত), নয়তো নেহাতই অকার্যকর। এ দুইয়ের উদাহরণ যথাক্রমে মিসরের মুরসি সরকার ও তিউনিসিয়া। এ কারণে এসব সরকার অঞ্চলটির অন্য দেশগুলোর জন্য মডেল হতে পারেনি।
এর পরও স্বীকার করতে হবে যে আরব বসন্তের বিপ্লব এ অঞ্চলের পুরোনো ব্যবস্থার ভিত প্রবলভাবে নাড়িয়ে দিয়েছিল। সৌদি আরবের জন্য সাবেকি ব্যবস্থা ছিল খুব স্বস্তিদায়ক। আরব বসন্তের হাওয়া মিসরের হোসনি মোবারক ও তিউনিসিয়ার জাইন এল আবেদিন বেন আলির (যিনি পালিয়ে রিয়াদে আশ্রয় নেন) মতো সৌদি আরবের নির্ভরযোগ্য পুরোনো মিত্রদের উচ্ছেদ করেছে। অন্যদিকে সিরিয়ার বাশার আল-আসাদের মতো একদা সহনীয় সরকারগুলো পরিণত হয়েছে ঘাতক প্রতিপক্ষে। অঢেল পেট্রোডলার দিয়ে মদদ দেওয়া ব্যবস্থাটির ধ্বসের মুখে সৌদি আরবের প্রাথমিক জবাব ছিল এখনো টিকে থাকা মিত্রদের প্রতি সমর্থন আরও বাড়িয়ে দেওয়া। এদের মধ্যে আছে জর্ডান, লেবানন ও বাহরাইন। এর পরবর্তী পদক্ষেপ ছিল মিসরে মোহাম্মদ মুরসির মুসলিম ব্রাদারহুড সরকারকে উৎখাতে মদদ দেওয়া। এটি করে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিল।
এ মুহূর্তে সিরিয়াই এ অঞ্চলে সৌদি আরবের মনোযোগের কেন্দ্রবিন্দু। ২০১৩ সালে তা স্পষ্ট হয়ে উঠেছে। বিষয়টি সৌদি আরবের কাছে তার অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত। সৌদি আরব বাশার আল-আসাদ ও তাঁর বিরোধীদের মধ্যে লড়াইকে বিবেচনা করে তাদের মূল প্রতিপক্ষ ইরানের সঙ্গে ‘ছদ্মযুদ্ধ’ হিসেবে। সৌদি আরবই আসাদের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত সুন্নি গেরিলাদের অস্ত্রশস্ত্র ও অর্থ সরবরাহের প্রধান উৎস। অন্যদিকে আসাদের বাহিনীকে ব্যাপকভাবে সাহায্য করছে শিয়া প্রাধান্যপুষ্ট ইরান ও লেবাননভিত্তিক শিয়া গেরিলা বাহিনী হিজবুল্লাহ্।
রাশিয়ার সমর্থনপুষ্ট ইরানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দ্বৈরথে সৌদি আরব অবশ্যই তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অব্যাহত সুরক্ষা কামনা করবে। কিন্তু সৌদিরা আর তাদের কার্যকলাপের বিষয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদনের জন্য অপেক্ষা করার বাধ্যবাধকতা বোধ করে না। এমনকি যুক্তরাষ্ট্রের পছন্দের পরিপন্থী কাজ করা থেকে বিরত থাকারও তাগিদ বোধ করে না। সৌদি আরব আসলে যুক্তরাষ্ট্র কর্তৃক পরিত্যক্ত হওয়ার ভীতিতে ভুগছে। আর সে অনুযায়ীই তারা কাজ করছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। তবে ১৯৩৮ সালে তেল অনুসন্ধানের প্রথম অনুমোদনের পর থেকেই সামরিক ও রাজনৈতিক সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করেছে সৌদি আরব। রাসায়নিক অস্ত্র নিয়ে সিরিয়ার আসাদ সরকারের ‘সীমারেখা’ অতিক্রমের বিষয়ে নিজের ঘোষিত হুঁশিয়ারি কার্যকর করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই প্রেক্ষাপটে সৌদি শাসকেরা এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, এটি ২২ বছর আগের সেই যুক্তরাষ্ট্র নয়। দেশটি তখন সৌদির প্রতিবেশী কুয়েত থেকে ইরাকের সাদ্দাম হোসেনের বাহিনীকে হটাতে পাঁচ লাখ সেনা পাঠিয়েছিল। সৌদি শাসকদের কাছে এই মুহূর্তের প্রশ্ন হচ্ছে: যুক্তরাষ্ট্র কি সৌদি আরবের সবচেয়ে বড় ভয়ের বিষয়ে কেবল উদাসীনই থাকবে, নাকি মধ্যপ্রাচ্যে মার্কিন নীতি এসব ভীতি আরও বাড়িয়ে দেবে? ২০১৪ সাল এবং তার পরও সৌদি-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে ইরান হবে একটি পরিমাপক।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী ইরান সম্ভবত এখন দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রাথমিক পর্যায়ে রয়েছে। বস্তুত, তিন দশকের বৈরিতা থেকে যতটা মনে হওয়া সম্ভব, সে কাজটি তত কঠিন না-ও হতে পারে।
হেনরি কিসিঞ্জার প্রায়শই যেমনটা বলেছেন, যুুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কৌশলগত স্বার্থ রয়েছে, যা মূলগতভাবে সংগতিপূর্ণ। ১৯৭৯-উত্তর বিচ্ছেদটাই বরং অস্বাভাবিক। সত্যি বলতে কি, ইসলামি বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক নীতির ভিত্তি ছিল ইরান। অন্য সব রাজার মতো সৌদি শাসকেরাও অতীতের কথা ভাবেন। তাঁরা ইরানের এ ইতিহাস সহজেই মনে করতে পারেন। এ কারণে ইতিহাসের পুনরাবৃত্তির ভয়ে তাঁরা ভীত।
যুক্তরাষ্ট্র কেন ইরানের সঙ্গে চুক্তি করতে চায়, সে বিষয়ে সৌদি রাজপরিবার অবশ্যই সচেতন। ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সহজ সামরিক জবাব নেই। কোনো বোমা হামলার মাধ্যমে পারমাণবিক বিষয়ে তাদের জ্ঞানও মুছে ফেলা যাবে না। কেবল নিষেধাজ্ঞা দিয়ে ইরানের পারমাণবিক উচ্চাভিলাষ ঠেকানো যাবে না। তবে ওই নিষেধাজ্ঞা ক্রমশ কঠোরতর করায় ইরানের শাসকগোষ্ঠী যথেষ্ট দুর্বল হয়েছে। এখন ফাঁসের আঁটুনি আরেক দফা শক্ত করার (যাতে হয়তো তাদের পতন ঘটতে পারে) বদলে ওবামা বরং ফাঁসটা আলগা করছেন।
সৌদিদের জন্য উদ্বেগটা শুধু ইরানের কথিত পারমাণবিক সক্ষমতা নিয়ে নয়। পারমাণবিক কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সঙ্গে ইরানের কোনো চুক্তি হলে সে দেশের শাসকদের আঞ্চলিক প্রভাব এমন বৈধতা পাবে, যা গত কয়েক দশকে ঘটেনি। এটি ইরানকে তার প্রভাব বিস্তারের লক্ষ্য পূরণে সহায়তা করবে। সৌদি আরবের জন্য আরও বড় হুমকি বা ভয়টি হচ্ছে, ইরানের চূড়ান্ত লক্ষ্য হয়তো ইসলামের পীঠস্থান মক্কার নেতৃত্ব।
এ জন্যই সৌদি শাসকেরা চান ইরান বরং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শেকলে আবদ্ধ থাকুক। এটা সত্যি, অর্থনৈতিক অবরোধে থেকেও ইরান আরব রাজনীতিতে আগের চেয়ে বেশি করে প্রবেশ করতে পেরেছে। তবে সাদ্দামের সুন্নি সংখ্যালঘু শাসককে উৎখাত করার মাধ্যমে এর দরজা খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে বাগদাদের ক্ষমতায় শেষ পর্যন্ত বসেছে ইরান-সমর্থিত একটি শিয়া সরকার।
সৌদি শাসকেরা বিশেষ করে উদ্বিগ্ন উপসাগরীয় ক্ষুদ্র শেখ-শাসিত রাজ্যগুলো নিয়ে ইরানের একটি পরিকল্পনায়। এক দশক ধরে ইরান ওই রাজ্যগুলোকে এমন একটি নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে রাজি করাতে চেষ্টা করছে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না। এ কারণেই বাহরাইনের সংখ্যাগরিষ্ঠ শিয়া জনগোষ্ঠী আরব বসন্তের হাওয়ায় উজ্জীবিত হয়ে প্রতিবাদ-বিক্ষোভ করলে সৌদি আরব দেশটির সরকারের সমর্থনে সেনা পাঠিয়েছিল। ইরাকের ঘটনা থেকে শিক্ষা নেওয়া যুক্তরাষ্ট্র একই কারণে এতে মৌন সম্মতি দেয়।
সৌদি আরবের তুরুপের তাস তেলের হ্রাসমান গুরুত্ব সবকিছুকে আরও বিভ্রান্তিকর করে তুলছে। নতুন জ্বালানি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় পাওয়া শেল তেলের সরবরাহ যুক্তরাষ্ট্রের কাছে সৌদি আরবের গুরুত্ব কমিয়ে দিয়েছে। ২০১৪ সালে পারমাণবিক কর্মসূচি বিষয়ে একটি চুক্তি হলে বিশ্ববাজারে বড় তেল রপ্তানিকারক হিসেবে ইরানের ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হবে। এতে বাজারে ইরান ও ইরাকের ‘শিয়া’ তেলের ঢল নামলে তেলের দামের ওপর সৌদি আরবের নিয়ন্ত্রণ আরও শিথিল হয়ে পড়বে। সে ক্ষেত্রে ‘দুই পবিত্র মসজিদের হেফাজতকারী’ খেতাবটিও সৌদি বাদশাহর অনুকূলে মুসলিম বিশ্বের নেতৃত্ব নিশ্চিত করতে পারবে না।
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট
অনুবাদ: সুমন কায়সার