নতুন বছরের পৃথিবী : আরব বসন্ত (একমাত্র তিউনিসিয়া ছাড়া) সব জায়গায় অবশ হয়ে পড়লেও সংশ্লিষ্ট অঞ্চলের জনগণের প্রত্যাশা, আকুতি ও উদ্বেগ এখনো জীবন্ত ও প্রাসঙ্গিক।
মধ্যপ্রাচ্যের আলোর বিন্দুগুলো

আমার রাজনৈতিক জীবনের সূচনা হয় ১৯৯১ সালে। সে বছরই

উপসাগরীয় যুদ্ধ শুরু হয় এবং স্পেনের মাদ্রিদে মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলন বসে। ফিলিস্তিন সমস্যার সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য সমস্যার জটিল যোগসূত্র সম্পর্কে সে সময়কার নেতারা ভালোভাবেই জানতেন। দুর্ভাগ্যক্রমে, সেই যোগসূত্র এখনো ছিন্ন হয়নি।
তখন থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাত নিরসনের হরেক প্রচেষ্টা, পরিকল্পনা ও প্রকল্পের সাক্ষী হয়ে আছি। বলা নিষ্প্রয়োজন, ওই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা নিশ্চিত করার সব রকম আন্তর্জাতিক উদ্যোগে আমার দেশ তুরস্ক সামনের সারিতেই ছিল। সংসদ সদস্য, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও চূড়ান্তভাবে প্রেসিডেন্ট হিসেবে এর কোনো কোনোটিতে আমি ব্যক্তিগতভাবেও ভূমিকা রেখেছি।
সিকি শতাব্দীজুড়ে বিপুল শক্তি ও সম্প¬দ ব্যয় করা সত্ত্বেও প্রচেষ্টাগুলো কাঙ্ক্ষিত কোনো ফল দেয়নি। মধ্যপ্রাচ্যে ও তার বাইরে যখন হাজারো নিরীহ মানুষ সহিংসতা, ঘৃণা ও প্রতিহিংসার বলি হয়েছে, এমনকি তখনো ছোটখাটো অগ্রগতি হয় অন্তর্ঘাতের শিকার হয়েছে, নয়তো অপ্রতুল বলে গণ্য হয়েছে। গত গ্রীষ্মে গাজায় বহু শিশুসহ বেসামরিক মানুষের ওপর চালানো গণহত্যা, আইসিসের বর্বরতা, জেরুজালেমের সিনাগগে রাব্বিদের হত্যা এবং গত মাসে অটোয়ায় সন্ত্রাসী হামলা—সবই এই সরল সত্য প্রকাশ করে যে: সহিংসতা সংক্রামক।
১৯৯১ সালে এ অঞ্চলের হুমকি ছিলেন কেবল সাদ্দাম হোসেন। এখন তা বহুগুণে বেড়ে গেছে, সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান ক্ষতির অভিঘাত। ১৯৯১ সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যৌথভাবে মাদ্রিদ শান্তি সম্মেলনের পোষকতা করেছিল। অথচ আজ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের অবকাশ অতি অল্প।
কিন্তু মধ্যপ্রাচ্যের সমস্যাগুলোর আরও অবনতিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক কুশীলবেরা গভীরভাবে হতাশ হলেও অধিকতর নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিস্থিতি আরও নেতিবাচকই করে তুলবে। তাই আসুন, সাম্প্রতিক মাসগুলোর ছড়ানো–ছিটানো ইতিবাচক লক্ষণ ও প্রবণতা থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করি।
গোড়াতেই বলতে হয়, আসাদ সরকারের হাতে মজুত থাকা রাসায়নিক অস্ত্র অপসারণ আমাদের দেখিয়ে দিয়েছে, যৌথ প্রচেষ্টার ফল শুভ হয়। যেমন ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে আন্তর্জাতিক আলাপ-আলোচনায় সম্মতি চূড়ান্ত কোনো চুক্তির জন্য বিভিন্ন পক্ষের মধ্যে একটি প্রতিশ্রুতির আশা জিইয়ে রেখেছে। সেটি ঘটলে তা হবে বহুপক্ষীয় কূটনীতির এক বিরাট বিজয়। মধ্যপ্রাচ্য ও বিশ্বজুড়ে ইরানের সঙ্গে সেই সফল সংলাপের (প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে যার বিভিন্ন পর্যায়ে আমিও জড়িত ছিলাম) ব্যাপক রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত প্রভাব পড়বে। এর সমাধান হয়ে গলে এ অঞ্চলের অন্যান্য সমস্যা সমাধানেও ইরান উদ্বুদ্ধ হতে পারে। এ ছাড়া এ অঞ্চলের অন্য যেসব শক্তির হাতে পরমাণু অস্ত্র আছে বা আছে বলে ধারণা করা হয়; তারাও নিরস্ত্রীকরণের বিপক্ষে আর কোনো অজুহাত পাবে না।
কাণ্ডজ্ঞানে উদ্বুদ্ধ হয়ে এবং ভেতর-বাইরের কুশীলবদের সমন্বিত প্রচেষ্টার প্রভাবে ইরাকে আরও অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা হওয়াও একটি ইতিবাচক লক্ষণ। এটি হবে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার ও বাগদাদের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মধ্যেকার বিবাদ মীমাংসার একটি পদক্ষেপ। কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের তরফে স্বাধীনতার প্রশ্নে গণভোটের দাবি নিয়ে চাপাচাপি না করার সিদ্ধান্তও ইরাকসহ এ অঞ্চলের স্থিতিশীলতা শুভ লক্ষণ।
একই কথা খাটে আইসিসের বিরুদ্ধে গঠিত জোট গঠনের বেলাতেও। কিন্তু এ মুহূর্তে সামরিক সাফল্যের আশা দৃশ্যমান হলেও শুধুমাত্র ‘প্রবল’ শক্তির এদের পরাস্ত করার জন্য যথেষ্ট হবে না। সমাধানটি শেষ বিচারে নিহিত থাকবে ধৈর্যের সঙ্গে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিকাঠামো নির্মাণের মধ্যেই। এর মধ্যে দিয়েই হতাশা ও ভয়ে নিমজ্জিত অবস্থায় চরম পন্থার দিকে ঝুঁকে পড়া স্থানীয় জনগণ ও নেতাদের সমর্থন আদায় করা সম্ভব।
আইসিসের বিরুদ্ধে যথাযথ পথে সামরিক ক্ষমতার প্রয়োগে সমাধান এলে—আফগানিস্তান, ইরাক, লিবিয়া ও সিরিয়ার ভুলের পুনরাবৃত্তি করা ঠিক হবে না—বেশি দেরি না করেই সামরিকতা থেকে বেরিয়ে আসা, সেনাদের ফিরিয়ে আনা এবং রাজনৈতিক রূপান্তরের কর্মকৌশল গ্রহণ করার কথা ভাবতে হবে। এ অঞ্চলের রাজনৈতিক, মতাদর্শিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যাধিগুলো আইসিসের দ্বারা আরও ঘনীভূত হওয়ার বাস্তবতা রয়ে গেছে বলে সম্ভাব্য সমাধানটি হতে হবে সুদৃঢ় ও পূর্ণাঙ্গ।
একইভাবে, ইউরোপের কিছু সরকার, দল ও সংসদের পক্ষ থেকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াও একটি সুলক্ষণ। হাল আমলে এ ব্যাপারে বিরাজমান কূটনৈতিক অচলাবস্থার জন্য ফিলিস্তিনিরা নয়, ইসরায়েলই আগাগোড়া দায়ী। এই অচল অবস্থাজাত হতাশার প্রতিফলন ঘটেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে। আশার ব্যাপার হলো, ইসরায়েল ও ফিলিস্তিনের যে পক্ষগুলো ন্যায্য সমাধান চায়, এসব উদ্যোগ তাদের আরও উত্সাহিত করবে। পশ্চিম তীরে বসতি স্থাপন এবং জেরুজালেম ও এর পবিত্র তীর্থগুলো সম্পর্কে ইসরায়েল সরকারের সংযত থাকা সবার স্বার্থেই জরুরি।
শেষ কথা হলো, আরব বসন্ত (একমাত্র তিউনিসিয়া ছাড়া) সব জায়গায় অবশ হয়ে পড়লেও সংশ্লিষ্ট অঞ্চলের জনগণের প্রত্যাশা, আকুতি ও উদ্বেগ এখনো জীবন্ত ও প্রাসঙ্গিক। গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার, নরনারীর সমতা ও সামাজিক ন্যায়বিচারের যে দাবিগুলো আরব বসন্তের বৈশিষ্ট্য, তা এ অঞ্চলের এজেন্ডাগুলোকে প্রভাবিত করতেই থাকবে।
কীভাবে এসব অর্জন সংহত করা যাবে এবং প্রগতির পরিচর্যা চলবে, সেটাই আজকের দিনের প্রশ্ন। ইউরোপের মতো করে নিরাপত্তা ও সহযোগিতার কাঠামো প্রতিষ্ঠা করাই হতে পারে এ ব্যাপারে সম্ভাবনাময় গঠনমূলক পদক্ষেপ। ১৯৮০-এর দশক থেকেই এ স্বপ্নটি এখানে সজীব রয়েছে। এ কাঠামো সৃষ্টির পথে প্রতিকূলতা সত্ত্বেও কিংবা মূলত বাধা আছে বলেই স্বপ্নটিকে বাঁচিয়ে রাখতে হবে। কেননা এ ধরনের কার্যক্রমের জন্য দরকার হবে জোরালো অর্থনৈতিক সহযোগিতার মাত্রা। এর সঙ্গে যুক্ত করতে হবে জ্বালানি ও পানির সমস্যা।
এটি দীর্ঘমেয়াদি কৌশলগত চিন্তাভাবনাকে যেমন উত্সাহিত করবে, তেমনি সমস্যার উদ্ভব হলে তা সমাধানে বহুপক্ষীয় উদ্যোগেরও ভিত্তি হয়ে উঠবে।
যে বিপর্যয় মধ্যপ্রাচ্যকে গিলে ফেলছে, আগে আমরা তা কখনোই দেখিনি। এ জন্যই আগের যেকোনো সময়ের চেয়ে আশাবাদের প্রয়োজন বেশি। একমাত্র ইতিবাচক পরিবর্তন ও রূপকল্পের ওপরই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফেরানোর শর্ত ও তার নিশ্চয়তা দাঁড়িয়ে থাকতে পারে। এর বিকল্প এতটাই ভয়াবহ যে নিরাশাবাদীদের কাছেও তা কল্পনাতীত।
আবদুল্লাহ গুল: তুরস্কের সাবেক প্রেসিডেন্ট।