মন দুলুক আজ গণিতের মূর্ছনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গণিত উত্সবে শিক্ষার্থীদের উল্লাস ষ ফাইল ছবি
জাতীয় গণিত উত্সবে শিক্ষার্থীদের উল্লাস ষ ফাইল ছবি

অবশেষে আমরা আমাদের প্রাণের উৎসব শুরু করতে পারছি। মহান সৃষ্টিকর্তার কাছে এ জন্য শুকরিয়া। ২০১৩ সালের প্রায় পুরোটা সময় দেশে অস্থিতিশীলতা বিরাজ করেছে। আমরা যারা দেশব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবের আয়োজনের সঙ্গে যুক্ত, তাদের সবার মনে মনে আশা ছিল, ডিসেম্বরের শেষে আমরা উৎসব শুরু করতে পারব। কিন্তু সেটা সম্ভব ছিল না। উৎকণ্ঠিত অভিভাবক, শিক্ষক এবং আমাদের উৎসবের প্রাণ শিক্ষার্থীদের একই প্রশ্ন, এবারের গণিত উৎসব কবে শুরু হবে?
আমাদের মতো শিক্ষার্থীরাও জানে, ফেব্রুয়ারির মধ্যে আমাদের জাতীয় উৎসব শেষ করতে হবে। নতুবা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বা আইএমওর জন্য আমরা দল গঠন করতে পারব না। আমরা একবার ভেবেছি, এ বছর আর উৎসব করা যাবে না। আমাদের হয়তো নির্ধারিত ভেন্যুগুলোতে কেবল বাছাই পরীক্ষা নিতে হবে। তার পরও আমরা অপেক্ষা করেছি আশায় আশায়। আর আল্লাহর রহমতে আমরা ১৭ জানুয়ারি থেকে ওই উৎসব শুরু করতে পারছি।
বছর বছর আমাদের আঞ্চলিক উৎসবের পরিসর বেড়েছে, সঙ্গে বাড়ছে আয়োজনের দিনগুলোও। সেই ২০০২-০৩ সালে, নিউরনে অনুরণনের সময়কালে আমি বলতাম, একসময় আমাদের গণিত উৎসবের গাড়ি থাকবে, সেটি এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়াবে। এক অঞ্চলের উৎসব থেকে অন্য উৎসবে। সেই গাড়িতে থাকবেন আমাদের ‘আশি ঊর্ধ্ব তরুণ’ গণিতবিদ খোদাদাদ খান স্যার আর লুৎফুজ্জামান। সারা রাত ট্রেন জার্নি করে ভোররাতে কুয়াশার মধ্যে ফেনী রেলস্টেশনে নামবেন জাফর ইকবাল স্যার। গাড়িতে বসে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বশেষ পরিসংখ্যান জানাবেন কায়কোবাদ স্যার। ফাঁকতালে গণিত অলিম্পিয়াড কমিটির চ্যান্সেলর অব এক্সচেকার আব্দুল কাইয়ুম শিখিয়ে দেবেন, কীভাবে ২৪৩-কে দ্রুত ১১ দিয়ে গুণ করা যায়। গণিতের গল্প একটু ঢিমেতালে হলে গান গাইবেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান। আর যখন এটি এক জেলা থেকে অন্য জেলায় যাবে, তখন পথিমধ্যে গাড়ি থামিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর মা-বাবা বলবেন, ‘আমাদের বাসায় চারটে ডাল-ভাত খেয়ে যান।’ ২০ পদের ওই ডাল-ভাত খেয়ে আমাদের মনে হবে, চৌদ্দগ্রামের ওই স্কুলের বেঞ্চিতেই ঘুমিয়ে পড়ি।
কয়েক বছর ধরে আমরা এভাবেই আঞ্চলিক উৎসবগুলো করেছি। এ বছর আমাদের আঞ্চলিক উৎসবের স্থান বেড়েছে। ১৭টি অঞ্চলের জায়গায় ২২টি। পুরোনো সব বড় জেলায় উৎসব আয়োজনের আমাদের যে লক্ষ্য, এ বছর আমরা তার প্রায় কাছাকাছি পৌঁছালাম। কিন্তু গণিতের গাড়ি এবার নেই! কারণ, ২১টি আঞ্চলিক উৎসবের আয়োজন করতে হচ্ছে মাত্র তিন দিনে!
ঝড়ের বেগে উৎসব আয়োজনের কারণে, আমাদের এবারের উৎসবে হয়তো বই, বিজ্ঞানের স্টল থাকবে না। তবে আমি জানি, উৎসবের আনন্দে তাতে কোনো ঘাটতি হবে না। কারণ, এ তো আমাদের প্রাণেরই উৎসব।
যুগপূর্তির গণিত উৎসব
দেখতে দেখতে গণিত উৎসবের এক যুগ হয়ে গেল। প্রথম আলোর ‘বিজ্ঞান প্রজন্ম’ পাতায় শুরু হওয়া ‘নিউরনে অনুরণন’ এখন আমাদের ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। ২০০৩ সালের জানুয়ারি মাসে হয়েছে প্রথম উৎসব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। সে বছরই আমাদের অভিভাবক জামিলুর রেজা স্যারের নেতৃত্বে আমরা গঠন করি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। প্রথম আলোর সম্পাদকের চেষ্টায় পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয় দেশের শীর্ষ বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। আমার মনে আছে, প্রথম আলোর সম্পাদক মতি ভাই ডাচ্-বাংলা ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদের কাছে গিয়েছিলেন বারডেম হাসপাতাল থেকে। মতি ভাই হাসপাতালে ভর্তি ছিলেন অসুস্থ হয়ে। সেই অসুস্থতার মধ্যেই তিনি গণিত অলিম্পিয়াডের জন্য অন্যতম জরুরি কাজটি করে দিয়েছেন। সেই থেকে ডাচ্-বাংলা ব্যাংক হয়েছে আমাদের ব্যাংক।
২০০৪ সালে গ্রিসে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে গিয়ে আমি বাংলাদেশের সদস্যপদের জন্য আবেদন করি। তখন একটা নিয়ম ছিল, নতুন কোনো দেশ দুবার পর্যবেক্ষক থাকবে এবং তারপর পূর্ণ সদস্যপদ পাবে (এখন অবশ্য এ নিয়ম অনেক শিথিল হয়েছে)। কিন্তু ডেলফি কনভেনশন সেন্টারের দেয়ালে ওরা প্রথম আলোতে ছাপা বাংলাদেশের খুদে গণিতবিদদের ছবি দেখে খুবই অবাক ও আশ্চর্য হয়েছে। আর যখন শুনেছে, গ্রীষ্মের খরতাপ আর কালবৈশখীর তাণ্ডব উপেক্ষা করে বাংলাদেশের শিক্ষার্থীরা গণিতের প্রতি ভালোবাসা প্রকাশ করে, তখন আর আমাদের সদস্যপদ দিতে কেউ আপত্তি করেনি। ২০০৫ সালে মেক্সিকো থেকেই আমাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে পদচারণ অব্যাহত রয়েছে। এরই মধ্যে আমাদের ঝুলিতে যোগ হয়েছে একটি রৌপ্য, একটি ব্রোঞ্জ এবং সম্মানজনক স্বীকৃতি। সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য।
বাড়ছে পুরস্কারও
প্রতিবছর আমাদের জাতীয় উৎসবে বিজয়ীদের জন্য পুরস্কারের সংখ্যা বাড়ছে। এ বছর এ রকম আরও দুটি বিশেষ পুরস্কার প্রবর্তিত হবে। এর মধ্যে একটি হবে প্রাইমারি শাখার সবচেয়ে তুখোড় ছাত্রীর জন্য। অন্যটি হবে ভিন্নতর। তবে সেগুলো বিস্তারিত জানার জন্য শিক্ষার্থীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
জয় হোক গণিত উৎসবের
যুগপূর্তির গণিত উৎসব কড়া নাড়ছে দোরগোড়ায়। ১০ তারিখ থেকে ২২ অঞ্চলে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কোথাও কোথাও সেটি এরই মধ্যে শেষও হয়েছে। একাডেমিক দলের প্রশ্ন তৈরি করা শেষ। মেডেল, টি-শার্ট ঢাকা থেকে রওনা হয়ে গেছে সব ভেন্যুর উদ্দেশে। বন্ধুসভা মুভার্সদের কর্মব্যস্ততার কমতি নেই। চলছে নতুন নতুন ভেন্যুর বিশেষ খাবারের তালিকা সংগ্রহ। প্রকাশকেরা পিছিয়ে নেই। এরই মধ্যে প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুমের গণিতের জাদু। ছাপানো হচ্ছে গণিত অলিম্পিয়াডের যত প্রশ্ন।
জাতীয় উৎসব ও জাতীয় ক্যাম্পেই শেষ হবে না এবারের আয়োজন। বছরজুড়ে থাকবে একাধিক ক্যাম্প, যার কয়েকটি হবে ঢাকার বাইরে। সংখ্যা ভ্রমণের পাশাপাশি চালু হবে জ্যামিতি ভ্রমণ। আর হবে কম্বিনেটরিক্সের বিশেষ ক্যাম্প।
লাল-সবুজের পতাকা নিয়ে একদল খুদে গণিতবিদ যাবে দক্ষিণ আফ্রিকা মাতাতে। কাজেই আর দেরি কেন?
উঠেছে বেজে ওই উৎসবের ঘড়ি
এসো সবে আজ গণিত করি

জাতীয় গণিত উত্সব ফাইল ছবি
জাতীয় গণিত উত্সব ফাইল ছবি