মাছরাঙা টিভি

কিংবদন্তির আজ হলুদ সন্ধ্যা
মাছরাঙা টিভিতে শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি কিংবদন্তির আজ হলুদ সন্ধ্যা। লিখেছেন সাগর জাহান। পরিচালনা করেছেন রতন রিপন। অভিনয় করেছেন মিলন, তিশা, শর্মিলী আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। কিংবদন্তির আজ গায়েহলুদ। কিংবদন্তির বন্ধু ফাহাদ বাসায় এসে হাজির। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ফাহাদকে কিংবদন্তি ভালোবাসত। কিন্তু ফাহাদ সব সময় তার ভালোবাসাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। ফাহাদ এখন অনুতপ্ত। তাই কিংবদন্তির কাছে ছুটে এসেছে সে।
এবং প্রেম
মাছরাঙা টিভিতে ঈদের দিন সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক এবং প্রেম। লিখেছেন সঞ্জয় কান্ত। পরিচালনা করেছেন শান্তা রহমান। অভিনয় করেছেন নিশো, তিশা প্রমুখ।
দস্যি মেয়ে হিসেবে লতাকে সবাই চেনে। পাড়ার ছেলেরা তাকে বেশ ভয় পায়। লতার একমাত্র ছেলেবন্ধু বোধন। আর কোনো ছেলে লতার পাশ ঘেঁষে না। একসময় লতা বুঝতে পারে, এই বয়সে প্রায় সব ছেলেমেয়েই প্রেম করে। তাহলে লতার প্রেম নেই কেন? বোধন বুঝতে পারে, লতাকে ছাড়া তার এক মুহূর্তও চলা সম্ভব নয়।
মাইনাসে মাইনাসে প্রেম
মাছরাঙা টিভিতে বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি মাইনাসে মাইনাসে প্রেম। লিখেছেন ও পরিচালনা করেছেন শওকত আলী। অভিনয় করেছেন মিলন, তিশা, দিলারা জামান, মাসুম আজিজ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। পুরান ঢাকার দুই প্রতিবেশী সামসুদ্দীন ও রহমত। দুজনই তাদের ছেলে জনি এবং মেয়ে হাবিবার মধ্যে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা হলো ছেলে জনি লন্ডনে থাকে মামার কাছে। ছেলেমেয়ে দুজনই তাদের বাবাকে ভয় পায়। তাই কেউই কোনো প্রতিবাদ না করে টেলিফোনেই কবুল বলে ফেলে। কিন্তু এরপর যখনই তারা ফোনে কথা বলে, তখনই শুধু ঝগড়া করে। তাদের দাবি, এই বিয়ে তারা মানে না।
মর্নিং ওয়াক
মাছরাঙা টিভিতে ঈদের দিন রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক মর্নিং ওয়াক। লিখেছেন ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। অভিনয় করেছেন সোহানা সাবা, ইন্তেখাব দিনার প্রমুখ। শরীরের মেদ কমানোর জন্য জুঁইয়ের পরামর্শে মর্নিং ওয়াক শুরু করে অপু। আর এই মর্নিং ওয়াক করতে গিয়েই ঘটে বিপত্তি। লিনার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে অপু। লিনার স্বামী জসিম তাকে নানাভাবে নির্যাতন করে বলে অপুর কাছে আশ্রয় চায় সে। অপুরও লিনার প্রতি দুর্বলতা বাড়তে থাকে। একদিন মর্নিং ওয়াকে লিনাকে দেখে চমকে ওঠে অপু। সারা শরীরে নির্যাতনের চিহ্ন। অপু সিদ্ধান্ত নেয়, লিনাকে আর তার স্বামীর কাছে যেতে দেবে না। কিন্তু এর পেছনে অপুর জন্য অপেক্ষা করছে অন্য কিছু।
একটি পূর্বপরিকল্পিত বিবাহ
মাছরাঙা টিভিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক একটি পূর্বপরিকল্পিত বিবাহ। লিখেছেন ফারজানা আফরীন। পরিচালনা করেছেন সঞ্জয় বড়ুয়া। অভিনয় করেছেন নাঈম, মেহজাবিন প্রমুখ। বিয়ের তিন মাস পর বনিবনা হচ্ছে না বলে ডিভোর্স করবে—এ চুক্তিতে বিয়ে করে নাঈম ও মেহজাবিন। কিন্তু একসঙ্গে থাকতে গিয়ে তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। একদিন রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে কথাটা যখন বলতে যাবে, ঠিক তখনই ঝড়ের মতো হাজির হয় অহনা। তার সঙ্গে ভাব জমিয়ে মেহজাবিনের মুখ থেকে ভালোবাসার কথাটা বের করতে চায় নাঈম। এদিকে বন্ধু আবিরকে প্রেমিক সাজিয়ে নাঈমের সঙ্গে ভালোবাসার অভিনয় করে মেহজাবিন।
সেই সন্ধ্যায়
মাছরাঙা টিভিতে বৃহস্পতিবার রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক সেই সন্ধ্যায়। লিখেছেন সৈয়দ ইকবাল। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, জিতু আহসান, মৌসুমী নাগ প্রমুখ। গ্রামে দীপক ডাক্তারের অন্য রকম একটা ইমেজ আছে। তার পরিবারে আছে স্ত্রী ও পাঁচ বছরের ছেলে। কিন্তু তার জীবনে ‘সুখ’ শব্দটার উপস্থিতি কম। প্রতিদিন সন্ধ্যায় চৌধুরীবাড়ির লায়লা খালাকে দেখতে যেতে হয় তাকে। লায়লা খালার দেখাশোনা করার জন্য রয়েছে সায়মা। সায়মার কাছে নিজের অপূর্ণ সুখকে খুঁজছে দীপক ডাক্তার। একদিন সন্ধ্যায় দীপক ডাক্তারকে একটি মূল্যবান হার দেখায় লায়লা খালা। এবার এই হারটি নিতে চায় দীপক ডাক্তার।
সার্টিফিকেট
মাছরাঙা টিভিতে শুক্রবার সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক সার্টিফিকেট। লিখেছেন জাকির হোসেন। পরিচালন করেছেন শামীম জামান। অভিনয় করেছেন আ খ ম হাসান, শামীম জামান, জয়রাজ, হুমায়রা হিমু, মৌটুসী, ইনামুল হক প্রমুখ। এসএসসি পরীক্ষায় তিনবার ফেল করার পর ক্ষোভে-দুঃখে লেখাপড়া ছেড়ে দিয়েছে জয়নাল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় তার প্রেমিকা আলতার বাবা। তার সাফ কথা, সার্টিফিকেট নেই—এমন ছেলের সঙ্গে মেয়ের বিয়ে নয়। জয়নাল এবার অবৈধ উপায়ে সার্টিফিকেট জোগাড় করার চেষ্টা করে। তা জানার পর আলতা জয়নালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।