মানবতাবিরোধী অপরাধের বিচার: ১২ মাসে ৯টি রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৩তম বিজয় দিবসের প্রাক্কালে গত ১৫ ডিসেম্বর রাত ১০টা এক মিনিটে আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়। মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়ায় এটি প্রথম কার্যকর হওয়া দণ্ড।

২০১৩ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশের মানুষ চার দশকের বিচারহীনতা থেকে মুক্তির দিন হিসেবে মনে রাখবে। সেই সঙ্গে ইতিহাসের পাতায় দিনটির সঙ্গে জড়িয়ে থাকবে বাংলাদেশের তরুণ প্রজন্মের নাম। একাত্তরে নৃশংসতার জন্য কসাই কাদের নামে পরিচিতি পাওয়া কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলে তরুণ প্রজন্ম বিক্ষোভে ফেটে পড়েছিল। তাদের আন্দোলনের চাপে দুই পক্ষকে আপিলের সমান সুযোগ দিয়ে আইন সংশোধন করা হয়, তারপর সর্বোচ্চ আদালতে আপিল এবং সেখানে ফাঁসির রায়।

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার করার লক্ষ্যে গঠিত দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২০১৩ সালজুড়ে মোট নয়টি রায় ঘোষিত হয়েছে। ২১ জানুয়ারি জামায়াতের সাবেক সদস্য পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-২। ৫ ফেব্রুয়ারি কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল-২, আর ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল-১। সাঈদীর রায় ঘোষণার পর সহিংস হয়ে ওঠে জামায়াত, এক সপ্তাহের সহিংসতায় সারা দেশে ৭৭ জন প্রাণ হারান।

গত ৯ মে ট্রাইব্যুনাল-২ জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন। জুলাই মাসে এক দিনের ব্যবধানে দুটি রায় হয়। মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য অপরাধ করেও বয়সের কারণে ৯০ বছরের কারাদণ্ডের সাজা পান জামায়াতের সাবেক আমির গোলাম আযম। গত ১৫ জুলাই ট্রাইব্যুনাল-১-এর এই রায়ের এক দিন পর ১৭ জুলাই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ডের সাজা দেন ট্রাইব্যুনাল-২। গত ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-১। ৯ অক্টোবর ট্রাইব্যুনাল-২ সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন। অপরাধের মাত্রা বিবেচনায় তিনিও মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেও শারীরিক অসুস্থতা বিবেচনায় তিনি আমৃত্যু কারাদণ্ডের সাজা পান।

 গত ৩ নভেম্বর ট্রাইব্যুনাল-২ যুক্তরাজ্যপ্রবাসী চৌধুরী মুঈনুদ্দীন ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আশরাফুজ্জামান চৌধুরীর মৃত্যুদণ্ড ঘোষণা করেন। আলবদর নেতা হিসেবে পরিচিত এই দুজনের দণ্ড হয় বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যার দায়ে। বিচার-প্রক্রিয়ার পুরো সময় তাঁরা উভয়ে আদালতে অনুপস্থিতি ছিলেন।

পলাতক আযাদ ও মুঈনুদ্দীন-আশরাফুজ্জামান ছাড়া দুই ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্ত প্রত্যেকেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেছেন। এর মধ্যে শুধু কাদের মোল্লার আপিল নিষ্পত্তি শেষে সাজা কার্যকর হয়েছে। ছয়জনের আপিল এখনো বিচারাধীন।

বিচার-প্রক্রিয়ার গুণগত মান নিয়ে দেশে ও বিদেশে নানা প্রশ্ন ওঠে; বিশেষত স্কাইপ কেলেংকারির ফলে বিচার-প্রক্রিয়ায় সরকারি হস্তক্ষেপের অভিযোগ ওঠে।

কুন্তল রায়