মানবতার খাতিরেই এগিয়ে গিয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আক্রান্ত পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে গেলেন ঝরনা বেগম। ছবি: শহীদুল ইসলাম
আক্রান্ত পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে গেলেন ঝরনা বেগম। ছবি: শহীদুল ইসলাম

ওই দিন কোনো কিছু পাওয়ার আশায় আমি পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে উদ্ধারে এগিয়ে যাইনি। মানবতার খাতিরে ও বিবেকের তাগিদেই আমি ওই পুলিশকে সাহায্য করতে গিয়েছিলাম। ওই সময় আমার মাথায় শুধু কাজ করছিল ওই পুলিশ কর্মকর্তাকে যেভাবে হোক, যত দ্রুত হোক, হাসপাতালে নিতে হবে। সে আমার পরিচিত না অপরিচিত, ভালো না খারাপ, তখন এত চিন্তার সময়ই ছিল না। আজও ওই ঘটনার কথা মনে পড়লে আমার গা শিউরে ওঠে।

দিনটি ছিল ১ এপ্রিল, ২০১৩। বেশ কয়েক দিন ধরেই রাজশাহীতে জামায়াত-শিবিরের তাণ্ডব চলছিল। আমার বাড়ি নগরের শালবাগানে। ওই দিন হামলার আগে বাসা থেকে আমি ককটেল বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। আমার ছেলে বাইরে থাকায় তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়েই ছুটে যাই রাস্তায়। হঠাৎ দেখলাম রাস্তার ওপর একজন পুলিশকে ফেলে নির্মমভাবে আঘাত করা হচ্ছে। মাথায় আঘাত করা হচ্ছে, রক্ত ঝরছে। আমি দেখলাম, পুলিশের অন্য সদস্যরাও তাঁকে রক্ষায় এগিয়ে আসছেন না। কিছুক্ষণের মধ্যে হামলাকারী শিবিরকর্মীরা তাঁর পিস্তলটি ছিনিয়ে নিয়ে ওই পুলিশ সদস্যকে রাস্তায় ফেলে রেখে চলে গেল।

এমন নির্মম দৃশ্য দেখে আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি। কোনো কিছু চিন্তা না করে বাড়ি থেকে বেরিয়ে দৌড়ে গিয়ে তাঁকে তোলার চেষ্টা করি। আমার ডাকে পাশ থেকে দুজন সাংবাদিক এগিয়ে আসেন। তাঁদের সহায়তায় একটি অটোরিকশায় তুলে পুলিশের ওই কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাই। তারপর বেলা দুইটা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম আমি।

ওই দিন হাসপাতাল থেকে বাসায় ফিরে টেলিভিশনে হামলার দৃশ্য দেখে শিউরে উঠি আমি। এমন করে কেউ কাউকে মারতে পারে, তা বিশ্বাস করতে পারছিলাম না। এত কিসের শত্রুতা? মানবতা, বিবেক এসব যদি না থাকে, তাহলে কিসের মানুষ আমরা?

এ ঘটনার পর পুলিশ সদর দপ্তর, রাজশাহী সিটি করপোরেশন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, রাজশাহী মহানগর পুলিশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক পরিষদ ও মহিলা পরিষদসহ বিভিন্ন সংস্থা আমার প্রশংসা করেছে, আমাকে সংবর্ধনা দিয়েছে। যুবলীগের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সাহসিকতার পুরস্কার দিয়েছেন। দৈনিক প্রথম আলো আমাকে নিয়ে প্রতিবেদন করার পর সারা দেশ থেকে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান আমাকে চাকরি দিতে চেয়েছে। এবং প্রথম আলোর সহযোগিতায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আমার একটি স্থায়ী সরকারি চাকরি হয়েছে। কিন্তু আমি যখন ওই আক্রান্ত পুলিশ সদস্যকে বাঁচাতে এগিয়ে যাই, তখন এসব প্রাপ্তির কোনো ভাবনাই আমার মাথায় ছিল না।

আমি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। একটি বিউটি পারলারে কাজ করতাম। অসুস্থ থাকায় সে চাকরিটিও চলে যায়। অন্যদিকে স্বামী পাঁচ বছর ধরে আমার সন্তানের কোনো খরচ দিচ্ছে না। যদিও ওই দিন আমি কোনো উদ্দেশ্য নিয়ে ওই পুলিশ কর্মকর্তাকে বাঁচাইনি। কিন্তু তার পরও একটি ভালো কাজ এবং একটি চাকরি আমার জীবনকে বদলে দিয়েছে। একটি ভালো কাজ করে আমি সন্তানদের পড়ালেখা করানোর সুযোগ পেয়েছি। এ জন্য আমি প্রথম আলো, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ সবার কাছে কৃতজ্ঞ। এ ধরনের ঘটনা আমার চোখের সামনে হলে আমি এভাবেই এগিয়ে যাব। আমি মনে করি, প্রত্যেক নাগরিকেরই উচিত যে কারও বিপদে এভাবে এগিয়ে যাওয়া। মানুষের বিপদ-আপদে মানুষকেই এগিয়ে আসতে হয়; নইলে আমাদের মানবজন্মের সার্থকতা কী?

অনুলিখন: রোজিনা ইসলাম