মানুষের আস্থাই সাংবাদিকতার প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন বিভিন্ন দেশের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকতা জগতের ২০ জন বিশিষ্ট ব্যক্তি। মতপ্রকাশের স্বাধীনতা, প্রযুক্তির উন্নয়ন, রাজনৈতিক ও গোষ্ঠীগত স্বার্থের বাধা, উগ্রপন্থার উত্থান ইত্যাদি নানা ধরনের চ্যালেঞ্জের পটভূমিতে সংবাদপত্র এবং সাংবাদিকতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিকেরা। তাঁদের এসব সাক্ষাৎকার ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে। আজ দ্বিতীয় কিস্তি

স্যান্ডি ব্রেমনার
স্যান্ডি ব্রেমনার

স্যান্ডি ব্রেমনার বিবিসি স্কটল্যান্ডের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জের ব্যবস্থাপনা সম্পাদক, খ্যাতনামা স্কটিশ সাংবাদিক। বিবিসিতে যোগদানের আগে তিনি স্কটল্যান্ডের ‘ইয়ং জার্নালিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পান। মিয়ানমারে অং সান সু চির নেতৃত্বে পরিবর্তন সূচিত হলে দেশটির সরকার বিবিসির সহায়তায় একটি ব্রডকাস্টিং নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে। তিনি সেখানে বিবিসির অ্যাকশন উপদেষ্টা হিসেবে যুক্ত হন। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান  

প্রথম আলো: এই মুহূর্তে বিবিসি সব থেকে বড় কী চ্যালেঞ্জ মোকাবিলা করছে?

স্যান্ডি ব্রেমনার: সব থেকে একক ও বৃহত্তম চ্যালেঞ্জ, যা বিবিসিই নয়, সব মূলধারার মিডিয়া মোকাবিলা করছে সেটা হলো, নতুন প্রজন্মের কাছে নিজেদের প্রাসঙ্গিক রাখা। এই প্রজন্ম টিভির খবর শুনতে অনাগ্রহী। তাদের জন্য দরকার এমন ব্যবস্থা করা, যাতে তারা তাৎক্ষণিক জানতে পারে। তাদের জন্য মোবাইলে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। অপেক্ষায় থাকা চলবে না, আবার একই সঙ্গে সেই তথ্য হতে হবে সঠিক। সামাজিক মিডিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমি আনন্দের সঙ্গে বলছি, এসব মোকাবিলায় বিবিসি উপযুক্ত কর্মকৌশল গ্রহণ করেছে।

প্রথম আলো: সরকার ও রাজনীতিকেরা কীভাবে বিবিসির স্বাধীন সাংবাদিকতাকে দেখছেন? তাঁরা কীভাবে তাঁদের বিরক্তি বা অস্বস্তি প্রকাশ করে থাকেন?

স্যান্ডি ব্রেমনার: আমি এভাবে যুক্তি দেব, যদি আমরা যথাযথভাবে সাংবাদিকতার কাজটি করতে পারি এবং যা আমাদের করা উচিত: অবশ্যই স্বাধীন সাংবাদিকতা দ্বারা সময়ে সময়ে কিছু রাজনীতিককে আমরা আহত করে থাকি এবং তাঁরাও তাঁদের ক্ষোভ দ্রুত প্রকাশ করে থাকেন। কিন্তু সেই ভয়ে বিবিসি তার ইতিহাসে কখনো সত্য প্রকাশে দ্বিধাগ্রস্ত থাকেনি। আমাদের সাংবাদিকতায় ট্রাস্ট বা বিশ্বাস থাকাটাই হলো সাংবাদিকতার হৃদয়। বিবিসি সাংবাদিকদের নিরপেক্ষতা ও স্বাধীনতাকে দুর্দান্তভাবে সুরক্ষা দিয়ে থাকে। রাজনীতিকেরা যেকোনোভাবেই প্রতিক্রিয়া দেখান না কেন, সাংবাদিকতার মান সাহসের সঙ্গে বজায় রাখতে হবে। শুধু বিবিসি নয়, বিশ্বের সব প্রান্তের নিরপেক্ষ সাংবাদিকতার জন্য এটাই সত্য। রাজনীতিকদের ক্রোধের কারণে আপসের ঘটনা ঘটলে, আমরা থমকে গেলে, আমরা ব্যর্থ হব।

প্রথম আলো: ব্রিটিশ মন্ত্রী বা সরকারের প্রভাবশালী ব্যক্তিরা কোনো খবরে ক্রুদ্ধ হলে তাঁরা সাধারণত কী করেন? 

স্যান্ডি ব্রেমনার: তাঁরা সাধারণত এটা মানেন যে যা লেখা হয়েছে সেটা করাই আমাদের কাজ। তবে গত ৯০ বছরে সরকারি ও বিরোধী শিবিরের রাজনীতিকদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আমরা তাঁদের কারোরই সমর্থক বা বিরোধী নই। তাই অধিকাংশ রাজনীতিক মনে করেন আমরা আমাদের কাজ, আর তাঁরা তাঁদের কাজ করছেন। সময়ে সময়ে আমরা তাঁদের একটা কঠিন সময়ের মধ্যে ফেলে দিই।

প্রথম আলো: অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ তাঁরা কীভাবে ঘটান? মানহানি বা রাষ্ট্রদ্রোহ ধরনের মামলা ঠুকে দেওয়ার প্রবণতা কেমন?

স্যান্ডি ব্রেমনার: না। রাজনীতিকেরা সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির কোনো মামলা করেছেন, তেমন নজির ব্রিটেনে খুবই বিরল। এটা বরং অনেক সময় নাগরিকেরা যাঁরা মনে করেন তাঁদের সুনাম ক্ষুণ্ন হয়েছে, তাঁরা মামলা করে থাকেন, কিন্তু রাজনীতিবিদেরা মিডিয়ার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে বিমুখ থাকেন। তাঁরা সাধারণত যেটা করেন সেটা হলো ক্ষুব্ধ হলে স্টুডিওতে ছুটে যান। সেখানেই তাঁরা সাংবাদিকদের জন্য কঠিন সময় তৈরি করেন। প্রকাশিত বা প্রচারিত খবর খণ্ডন করে নিজের পক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন।

প্রথম আলো: আইএস বা কথিত ‘ইসলামি সন্ত্রাসবাদ’, ‘ইসলামি সন্ত্রাসী’ ধরনের খবর প্রকাশে ধর্মীয় অনুভূতি বিবেচনায় বিবিসির সংবাদনীতিতে কোনো সতর্কতা?

স্যান্ডি ব্রেমনার: যে রিপোর্টে যে ধরনের শব্দ ও পরিভাষা ব্যবহার যথাযথ, বিবিসি সেটাই করে থাকে। উত্তেজনাকর শব্দ ব্যবহারকে বিবিসি সর্বদা নাকচ করে থাকে। যেসব চ্যালেঞ্জ মোকাবিলাকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ মনে করি তার মধ্যে এই বিষয় অন্যতম। তবে আমি এ বিষয়ে নির্দিষ্ট করে বলতে পারি না।

প্রথম আলো: আপনি আপনার দীর্ঘ অনুসন্ধানী সাংবাদিকতা জীবনে কখনো গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে কাউকে অর্থ দিয়েছেন? ব্রিটিশ সাংবাদিকতায় এর নজির আছে? নৈতিক সাংবাদিকতায় এটা গ্রহণযোগ্য?

স্যান্ডি ব্রেমনার: এটা বিবিসির নীতিমালার পরিপন্থী। আপনি যদি আমার কথা বলেন, তাহলে ব্যক্তিগত মত হলো, এটা সম্পূর্ণরূপে আমার নৈতিকতাবিরোধী। বৃহত্তর জনস্বার্থসংশ্লিষ্ট হলেও আমি এই পথে হাঁটব না। প্রয়োজনে আমি তেমন করে তথ্য এনে কোনো রিপোর্ট লিখবই না। কেউ আমাকে তথ্য নিতে চাপ দিয়েছেন, তথ্যের বিনিময়ে অর্থ চেয়েছেন, আমি দৃঢ়তার সঙ্গে ‘না’ বলেছি। তবে ব্রিটেনের কতিপয় সংবাদপত্র অতীতে জনস্বার্থের দোহাই দিয়ে অর্থ পরিশোধ করেছে।

প্রথম আলো: কিন্তু তৃতীয় বিশ্বের কোনো দেশের সাংবাদিকেরা যদি বৃহত্তর জনস্বার্থে অর্থের পরিবর্তে সামান্য অন্য ধরনের কিছু আনুকূল্য দেন, তাহলে?

স্যান্ডি ব্রেমনার: (হেসে) তাহলেও না। কোনো অবস্থাতেই না। এমনকি আমি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার বিনিময়ে কাউকে একটি চকলেট বার দিতেও রাজি নই। রাজনীতিকেরা অনেক সময় তাঁদের প্রচারণার জন্য তথ্য দিতে চান, সেটা বোধগম্য। কিন্তু কখনো তাঁরা সঠিক তথ্য দিয়ে আশা করেন, যাতে সেই সঙ্গে তার একটি সাক্ষাৎকারও ছাপা হয়, সেখানেও আমার অভিমত হলো, এটা করা যাবে না। যদি সম্পাদকীয় সিদ্ধান্ত ভিন্নরূপ হয়, তাহলে সেটাই করতে হবে। আর সম্পাদকীয় সিদ্ধান্ত কোনোমতেই পাঠকের যে ট্রাস্ট বা বিশ্বাস, তার সঙ্গে কোনো বিচ্যুতি ঘটিয়ে হতে পারবে না। সেটা করলে সাংবাদিক ও সংবাদপত্র হিসেবে আপনি মারা যাবেন।  

প্রথম আলো: দুনিয়ার সর্বত্র সব পরিস্থিতির জন্য এটাই শেষ কথা?

স্যান্ডি ব্রেমনার: আমি তা বলব না। আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বলেছি। আমি তো বলেছি, ব্রিটেনে এটা কেউ কেউ করে থাকেন। ব্রিটেনে বহু ধরনের গণমাধ্যম রয়েছে, তাদের অগ্রাধিকারও বিভিন্ন ধরনের।  

প্রথম আলো: বিবিসি কতটা সরকারের ওপর নির্ভরশীল? আর সেটা তার স্বাধীন সাংবাদিকতায় কোনো প্রভাব ফেলে কি না?

স্যান্ডি ব্রেমনার: বিবিসি প্রধানত ব্রিটিশ জনগণের লাইসেন্স ফিতে (২০১৪-২০১৫ সালে শুধু টিভিতেই লাইসেন্স ফি থেকে পাওয়া অর্থ খরচ হয় ২৩৬৮ মিলিয়ন পাউন্ড) চলে। সরকারের কাছ থেকে কিছু ক্ষেত্রে অর্থ নিয়ে থাকে। সরকার থেকে আমাদের স্বাধীনতাকে পৃথক রাখার নীতিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের সঙ্গে বিবিসির গুরুতর মতভিন্নতা হয়েছে। সম্প্রতি রয়্যাল চার্টারের আওতায় অন্তত আরও ১১ বছরের জন্য বিবিসিকে সরকার লাইসেন্স ফি নেওয়ার অধিকার দিয়েছে। 

প্রথম আলো: একটা কম অগ্রসর রাষ্ট্রে প্রথম আলো ১০০ বছর বাঁচার স্বপ্ন দেখে, আপনার মন্তব্য?

স্যান্ডি ব্রেমনার: ৯০ বছরের বেশি সময় বিবিসি টিকে আছে ব্রিটিশ জনগণের ট্রাস্টের ওপর। বিবিসির অস্তিত্ব বহুলাংশে তার মূল্যবোধের ওপর দাঁড়ানো। আমি বিশ্বাস করি, প্রথম আলো তার পাঠকদের বিশ্বাস নিয়েই তার পথচলা অব্যাহত রাখবে। ট্রাস্টই আসলে চূড়ান্ত অর্থে একটি সংবাদপত্রের ইনস্যুরেন্স পলিসি। রাজনীতিকেরা যা-ই বলুন বা করুন না কেন, পাঠকের বিশ্বাসই আপনাদের যেকোনো সাংবাদিকের জন্য ইনস্যুরেন্স পলিসি। বিবিসি যা কিছুই করুক না কেন, এক মুহূর্তের জন্যও সে ভুলে থাকে না যে জনগণের ট্রাস্টই তার সর্বস্ব। এবং সত্যিই সেই ট্রাস্ট সুরক্ষায় আমাদের সামর্থ্য একটা অবিশ্বাস্য স্তরে পৌঁছেছে।

প্রথম আলো: বিপদও ডেকে আনবে। কারণ ব্রেক্সিট ও মার্কিন নির্বাচনী এক্সিট ফলগুলো জনগণকে বিভ্রান্ত করেছে।

স্যান্ডি ব্রেমনার: গার্ডিয়ান-এর মতো কিছু সংবাদপত্র ব্রেক্সিটের বিরুদ্ধে, আবার মিরর ও এক্সপ্রেস এর পক্ষে অবস্থান নিয়েছিল। ব্রেক্সিট ও ট্রাম্প-হিলারি বিতর্কে বিবিসি নিরপেক্ষ থেকেছে। কারণ, বিবিসির সাংবাদিকেরা জানেন তাঁরা পক্ষ নিলে চাকরি যাবে। আর এক্সিট পোলগুলো মিডিয়ার ছিল না। অথচ প্রধানত এর ওপর নির্ভর করার ফলেই অধিকাংশ মিডিয়া ভাষ্যকার উভয় ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছেন। ব্রেক্সিট পোলস ব্রিটিশ সাংবাদিকদের একটা শিক্ষা দিয়ে গেছে। তবে এর বহু আগ থেকেই বিবিসির নীতি হলো কোনো ধরনের এগজিট পোলের ফলাফল লিড আইটেম হতে পারবে না। এর কারণ হলো, যেকোনো জরিপ হলো একটা অবস্থানের স্ন্যাপ শট। সুতরাং তা যখন ঠিক ও বেঠিক দুই হতে পারে, তখন আমি কেন পাঠককে বিভ্রান্ত করব।