মানুষের কাছে ওষুধ পৌঁছানোর প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস এম সাইফুর রহমান। ছবি: জাহিদুল করিম
এস এম সাইফুর রহমান। ছবি: জাহিদুল করিম

জীবন রক্ষাকারী নতুন ড্রাগ মলিকিউল উদ্ভাবনের জন্য গবেষণা ও উন্নয়ন ব্যয় মেটাতে এখন চাপের মুখে রয়েছে পশ্চিমা বিশ্বের কোম্পানিগুলো, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি ফোর্বস ম্যাগাজিন এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। একটি হিসাবে জানা যায়, ২০০৭ সালে সারা বিশ্বে ওষুধ গবেষণা ও উন্নয়ন খাতে ৬০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করার পরও পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্বাচিত হয় মাত্র ১৭টি মলিকিউল। ২০০১-এ প্রসেস সায়েন্টিস্ট হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করার সময়ই আমি বুঝতে পেরেছিলাম, গবেষণা ও উন্নয়ন খাতের এই বিপুল খরচের চাপ একসময় সামলাতে পারবে না পশ্চিমা বিশ্বের ওষুধ কোম্পানিগুলো। তখনই এ শিল্পে বাংলাদেশের সম্ভাবনা দেখতে পেলাম আমি। কারণ, আমাদের রয়েছে মেধাবী জনগোষ্ঠী এবং বিশাল বাজার।
মনে হলো, সঠিক অবকাঠামো ও প্রশিক্ষিত জনগোষ্ঠী পেলে গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব যা ব্যয় করে, তার খুব সামান্য অংশ ব্যবহার করেই আমরা এ ধরনের ‘হাই-টেক’ গবেষণা করতে পারব। তা ছাড়া মেধাস্বত্ব সংরক্ষণ-বিষয়ক ট্রিপস চুক্তির (অ্যাগ্রিমেন্ট অন ট্রেড-রিলেটেড আসপেক্টস অব ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস) কারণে নিকট ভবিষ্যতে জীবন রক্ষাকারী ড্রাগ মলিকিউল গবেষণায় যুক্ত হওয়া ছাড়া আমাদের কোনো উপায়ও থাকবে না। এ বিষয়গুলো মাথায় রেখেই অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের জন্ম, যার মাধ্যমে মলিকিউল গবেষণার নতুন জগতে প্রবেশ করেছি আমরা।
শুধু এপিআই ও ফাইন কেমিক্যাল উৎপাদন করতেই অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের জন্ম হয়নি; বরং বর্তমানে যেসব পেটেন্ট করা ওষুধ বাজারে আছে, তাদের মৌলিক উৎস অনুসরণে উৎপাদিত (ডেরিভেটিভস) ওষুধ খুঁজে বের করতেও কাজ করছি আমরা। গবেষণা ও উন্নয়নে সক্রিয় অবদান রাখতে অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও কাজ করছে যৌথভাবে।

সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে ওষুধ কেনা এবং সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করে ন্যায্য মূল্যে ক্রেতার হাতে তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য

ট্রেড-রিলেটেড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস অনুসারে জেনেরিক পেটেন্ট ওষুধ উৎপাদনের বিশেষ অনুমতির মেয়াদ ২০১৬ সালে শেষ হয়ে যাবে, তবে এটি হয়তো ২০২১ সাল পর্যন্ত বাড়তেও পারে। তারপর একটি কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছি আমরা, যেখানে ভারত ২০০৫ সালের পর থেকেই এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করে আসছে। এ মুহূর্তে ভারতে জীবন রক্ষাকারী ওষুধের দাম অনেক বেশি এবং ভারতীয় হাইকোর্টে বহুজাতিক ওষুধ কোম্পানিগুলোর দায়ের করা পেটেন্ট-সংক্রান্ত অসংখ্য অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় আছে। বাংলাদেশকেও এ ধরনের পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।
শুধু ওষুধ নয়, যথাযথ গুণমানের ওষুধ সরবরাহ-প্রক্রিয়া নিশ্চিত করার জন্যও আমরা কাজ করছি। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে সরাসরি অবদান রাখার লক্ষ্যে ২০১২ সালে অ্যাকটিভ ফাইন কেমিক্যাল হেলথ লিমিটেডের জন্ম হয়। শুরুতেই ঢাকার চারটি স্থানে আমরা ফার্মেসি সেবা চালু করি এবং খুব দ্রুতই ঢাকার আরও বেশ কয়েকটি এলাকায় উদ্বোধন করতে যাচ্ছি আমাদের ফার্মেসি। সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে ওষুধ কেনা এবং সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করে ন্যায্য মূল্যে ক্রেতার হাতে তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
ফার্মেসি চালু করার পর আরেকটা খাতে নজর দিয়েছি আমরা। সেটা হলো চিকিৎসাসেবা খাত। আমাদের এত বিপুল-সংখ্যক জনগোষ্ঠীর তুলনায় মানসম্পন্ন চিকিৎসাসেবার সুবিধা খুবই অপ্রতুল। সরকারি হিসাবমতে, ঘনবসতিপূর্ণ এই দেশে হাসপাতালগুলোয় রোগীর মোট শয্যা মাত্র ৯১ হাজার ১০৬টি (এই সংখ্যা সামান্য কমবেশি হতে পারে)। সরকারি ও বেসরকারি পর্যায়ে যা কিছু উন্নয়ন হয়েছে, তার বেশির ভাগই ঢাকাকেন্দ্রিক, ঢাকার বাইরে তেমন কিছু নেই বললেই চলে। ঢাকার বাইরের মানুষের কাছে বিশ্বমানের চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য ভারতের প্রখ্যাত ফরটিস হেলথকেয়ার গ্রুপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি আমরা। এবং ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট নামে খুলনায় যাত্রা শুরু করেছে আমাদের প্রথম হাসপাতাল। আন্তর্জাতিক মানের এই হাসপাতাল বেশ সফলতার সঙ্গে খুলনা ও সংলগ্ন এলাকার রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। ফরটিস হেলথকেয়ার গ্রুপের সঙ্গে চুক্তির আওতায় আমরা বাংলাদেশের আরও বেশ কিছু এলাকায় কয়েকটি বিশ্বমানের হাসপাতাল করতে যাচ্ছি। এসব হাসপাতালের মাধ্যমে ঢাকার বাইরের, তথা চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া, সিলেট প্রভৃতি এলাকার মানুষ ফরটিসের বিশ্বমানের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে।
সম্প্রতি অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের হাসপাতাল খাতে হংকংয়ের ওসাইরিস নামের বিনিয়োগকারী প্রতিষ্ঠান বিপুল বিনিয়োগ করেছে। মলিকিউল গবেষণা খাত এবং বিশ্বমানের হাসপাতালের সঙ্গে অদূর ভবিষ্যতে আমরা পশ্চিমা বিশ্বের তুলনায় কম খরচে বিশ্ববাসীকে বেশ কিছু সফল জীবন রক্ষাকারী ওষুধ উপহার দিতে পারব বলে আশা রাখি।
মাথাপিছু আয় দুই হাজার ডলারের বেশিতে পৌঁছাতে হলে আমাদের এই ধরনের হাই-টেক গবেষণায় যুক্ত হতে হবে। স্বল্প খরচে জীবন রক্ষাকারী ড্রাগ মলিকিউল উদ্ভাবন করতে পারলে সারা বিশ্বের কাছে আমাদের মর্যাদাও বৃদ্ধি পাবে বহুলাংশে। স্বাধীনতার ৪৪ বছর পরে এই ১৬ কোটি মানুষ নিয়ে আমাদের একটিও ওষুধ উদ্ভাবন-সংক্রান্ত পেটেন্ট নেই।
যেখানে ইসরায়েল একটি ছোট স্বল্প জনগোষ্ঠীর দেশ হয়েও বিশ্বকে বহু জীবন রক্ষাকারী সফল ওষুধ দিতে পারছে, আমরা কেন পারব না? ইসরায়েলের উদ্ভাবিত ওষুধগুলোর মধ্যে রয়েছে, ক্যাপস্কেন (যা মাল্টিপল স্করোলসিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, ২০০৪ সালের টার্নওভার চার বিলিয়ন ডলার), এজিলেক্ট (পারকিনসন্স রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, ২০০৭ সালের টার্নওভার ১৭৫ মিলিয়ন ডলার), এক্সিলন (আলঝেইমার রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়, ২০০০ সালের টার্নওভার ৪৩০ মিলিয়ন ডলার) ইত্যাদি।
আশা রাখি, একদিন আমরা বাংলাদেশের সব মানুষের কাছে জীবন রক্ষাকারী ওষুধ পৌঁছে দিতে পারব।
এস এম সাইফুর রহমান: ব্যবস্থাপনা পরিচালক, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড