মায়ের গর্ভে আমার দ্বিতীয় জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার যত রাগ, ক্ষোভ, অনুরাগ, বিরাগ, বিরক্তি—তা উগরে দেওয়ার উৎকৃষ্ট জায়গা আমার মা। আর যেসব ঝাল অন্যদের ওপর ঝাড়তে পারি না, তা মায়ের ওপর ঝেড়ে হালকা হই। এমনকি সন্তানদের ভারও মায়ের ওপর দিয়ে আমি নির্ভার হই। ছোটবেলায় মায়ের কড়া শাসনের কারণে হরদম মনে হতো—আমি নিশ্চয় তাঁর ‘কুড়িয়ে আনা সন্তান’। বড় হতে হতে মায়ের সঙ্গে বন্ধুত্ব বাড়তে লাগল। পাল্লা দিয়ে বাড়তে লাগল ঝগড়াও। রাগ-ভালোবাসা সমপরিমাণ নিয়েই মায়ের সঙ্গে আমার বসবাস।
পৃথিবীজুড়ে মা-মেয়ের সম্পর্ক তো এমনই। আমার মা আমাকে আগলে রাখেন। পৃথিবীর সব মা তো তা-ই করেন। আমার মা কি আর ব্যতিক্রম? আমিও সন্তানের মাঝে স্বপ্ন খুঁজে ফিরি, সন্তানকে নিয়েই বাঁচতে চাই। আমার মা-ও তাই। তবে হ্যাঁ, ব্যতিক্রম একটা আছে বৈকি! আমার মা আমাকে দুবার জন্ম দিয়েছেন। ষাটোর্ধ্ব একজন মায়ের আমার মতো পূর্ণবয়স্ক একজন নারীকে নিয়ে লড়াই করা খুব সহজ কিছু নয়।

অনেকেই বলেন, আমি আমার মায়ের মতো না। আমার আবেগ বেশি। মা ইস্পাতকঠিন। বিপর্যয়ের সময়ও তাঁর চোখে জল আসে না। তিনি কঠিনভাবে তাঁর দায়িত্ব পালন করেন। সত্যিই তা-ই! এ কারণেই আমি তাঁর গর্ভে দ্বিতীয়বার জন্ম নিতে পেরেছি। আত্মহত্যাচেষ্টার কারণে ক্ষতবিক্ষত আমাকে তিনি একটু একটু করে আবার গড়ে তুলেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে শুরু করে কেবিন, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের প্রতিষ্ঠান সিআরপি, এরপর দেশের বাইরে উন্নত চিকিৎসা নেওয়া—সবখানেই তাঁর সেবা-শুশ্রূষা আমাকে একটু একটু করে নতুন করে জন্ম দিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ১০ দিন থাকার পর কেবিনে স্থানান্তর হলাম। মাথায় সেলাই। স্যালাইন চলে সারাক্ষণ। ডান হাতের কনুই ভেঙে গুঁড়ো গুঁড়ো। বিছানার পাশে একটি স্ট্যান্ডে হাত ঝুলিয়ে রাখা হতো। শরীরের ডান পাশ এতটাই ক্ষতবিক্ষত ছিল যে এক ইঞ্চিও নড়তে পারতাম না। ‘প্রেশার শোর (বিছানায় দীর্ঘ সময় শুয়ে থাকলে ঘা হয়ে যাওয়া)’ এড়াতে চিকিৎসকের নির্দেশ ছিল প্রতি আধঘণ্টা পরপর আমাকে পাশ ফিরিয়ে দিতে হবে। এই বয়সী মা সেই কাজ করতেন। মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত আমি বাঁ পাশে ফিরে থাকতে বেশি পছন্দ করতাম। বাঁ হাতে টাইলসের দেয়ালে আঁকিবুঁকি করতাম। তা ছাড়া চিকিৎসক, নার্স, মনোবিদ, দর্শনার্থী—সবই ছিল আমার অপছন্দ।
বাঁ পাশে ফিরে থাকলে কারও চেহারা দেখতে হতো না বলে সেভাবেই থাকতে চাইতাম। মা জোর করে পাশ ফেরাতেন। বিছানাতেই আমাকে পরিচ্ছন্ন করতেন। আমাকে তুলে বসানো যেত না। আধশোয়াও করা যেত না। সম্পূর্ণ শোয়া অবস্থায় আমার মুখে অল্প অল্প খাবার তুলে দিতেন মা। এভাবেই চলল আড়াই মাস। সিআরপিতে স্থানান্তরিত হলাম। সেখানে আরেক কঠিন জীবন। চারপাশে পক্ষাঘাতগ্রস্ত রোগী। তাঁদের সমস্যা আমার চেয়েও গুরুতর। তত দিনে আমি হুইলচেয়ারে করে ঘুরে বেড়ানোর মতো সুস্থতা অর্জন করেছি। দুবেলা করে চলে ফিজিওথেরাপি। এর বাইরে নিজেদেরও করতে হতো। সেখানেও ভরসা মা। সিআরপির খাবার খেতে পারি না। মা গণরান্নাঘরে গিয়ে আমার জন্য রান্না করে নিয়ে আসেন। ডান হাত ভাঙা থাকায় মায়ের হাতেই খেতে হয়। মাঝেমধ্যে মা ভাত মেখে দিলে বাঁ হাত দিয়ে চামচে করে খেতে পারি। তবে মায়ের হঠাৎ মনে হলো, চামচে করে খেলে আমি কম খাই। তাই বেশির ভাগ সময় আমাকে নিজ হাতে খাইয়ে শান্তি পেতেন।

সত্যি বলতে কি, সে সময় কাছের দুজন মানুষও মায়ের সঙ্গে সাধ্যমতো সেবা করতেন। তবে সুস্থ হওয়ার পথে আমার দীর্ঘ লড়াইয়ে তাঁরা ধৈর্য রাখতে পারেননি। একসময় তাঁদের প্রয়োজনে তাঁরা নিজের জগতে ফিরে গেছেন। শুধু মা-ই রয়ে গেলেন। মা বলেই হয়তো ছেড়ে যেতে পারলেন না। সিআরপিতে আড়াই মাস থাকার পর বাসায় ফিরে এলাম। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমাকে নিয়ে লড়াইটা চালিয়ে গিয়েছিলেন আমার মা, যাকে আমি ‘আম্মা’ বলে ডাকি।