মায়ের টাকায় বেরিয়েছিল প্রথম বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান আমলের দিনরাত্রি। বগুড়ার করতোয়া নদীর পারে সাত ভাইবোনের বিশাল পরিবারে হেসেখেলেই বড় হচ্ছিল মেয়েটি। গাছ থেকে আম-পেয়ারা পাড়া—তার কী বিস্তর কাজ! আরেকটা কাজও আছে, চুপিচুপি কবিতা লেখা এবং সেগুলো তোষকের নিচে লুকিয়ে রাখা। তাদের বাড়িতে আসে নানা ধরনের পত্রপত্রিকা। মা মরিয়মুন নেসা বেগম পত্রিকার নিয়মিত গ্রাহক। ১৯৬২ সালের কোনো একদিন বেগম-এ ছাপা হওয়া একটি কবিতায় চোখ আটকে গেল মায়ের। কবিতার শিরোনামের পর কবির নাম ছাপা হয়েছে—সেলিনা হোসেন। মা ভাবলেন, এ কোন সেলিনা হোসেন, তাঁর মেয়ে নয় তো।

মেয়েকে ডেকে জিজ্ঞেস করলেন তিনি, ‘এই কবিতা তুমি লিখেছ?’
যথেষ্ট ভয়ে ভয়ে উত্তর এল সেদিনের অষ্টম শ্রেণিপড়ুয়া সেলিনা হোসেনের কাছ থেকে, ‘হ্যাঁ, আমিই লিখেছি। টিফিনের পয়সা বাঁচিয়ে খাম কিনে তাতে পাঠিয়েছিলাম বেগম পত্রিকায়।’
এবার সেলিনা হোসেনের মা মরিয়মুন নেসা করলেন এক চমকপ্রদ কাণ্ড। মেয়ের হাতে এক টাকা দিয়ে বললেন, ‘এই টাকাটা রাখো। টিফিনের পয়সা বাঁচিয়ে আর খাম কিনতে হবে না। লেখালেখির জন্য এখান থেকে খরচ করো। আমি সংসার থেকে বাঁচিয়ে প্রতি মাসে তোমাকে টাকা দেব।’
’৬২ সালে সেদিনের সেই কিশোরী সেলিনা হোসেনের খাতা ভর্তি ছিল কবিতায়। কে জানত একসময় তাঁর হাতেই বিস্তৃতি পাবে বাংলাদেশের গদ্যসাহিত্যের জমিন! নীল ময়ূরীর যৌবন, গায়ত্রী সন্ধ্যা, হাঙর নদী গ্রেনেড, নিরন্তর ঘণ্টাধ্বনি, পোকামাকড়ের ঘরবসতি, পূর্ণ ছবির মগ্নতা প্রভৃতি জননন্দিত উপন্যাসের রচয়িতা তো তিনিই।
মা মরিয়মুন নেসা একদিন মেয়ের লেখালেখিতে উত্সাহ দিয়েছিলেন। পরে সেলিনা হোসেনের প্রথম গল্পের বই ‘উৎস থেকে নিরন্তর’ যখন অর্থাভাবে প্রকাশ পাচ্ছিল না, তখন তিনিই সহায় মেয়ের। কাহিনিটি সেলিনা হোসেনের মুখেই শোনা যাক, ‘১৯৬৯ সাল। তত দিনে বিভিন্ন পত্রপত্রিকায় আমার বেশ কিছু গল্প বেরিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষক অধ্যাপক আবদুল হাফিজ আমাকে বললেন, “তোমার গল্পগুলো একসঙ্গে করে একটি বই করো। কাজে লাগবে।”
‘আমি তখন নতুন লেখক। কে গাঁটের পয়সা খরচ করে আমার বই করবে।—কথাটি স্যারকে বলতেই আমাকে তিনি বলেন, “তোমার মায়ের কাছে যাও।”
‘আবারও মায়ের দারস্থ হলাম। মায়ের দেওয়া টাকাতেই বের হলো আমার প্রথম গল্পের বই উৎস থেকে নিরন্তর।’

সেলিনা হোসেন
সেলিনা হোসেন

মাকে নিয়ে গল্পের শেষ নেই সেলিনা হোসেনের। ৬ মে এই লেখকের বাসায় বসে যখন শুনছি তাঁর মায়ের গল্প, আমাদের চোখে ভেসে উঠছে মমতাময়ী, সর্বংসহা ও শিক্ষাব্রতী এক মায়ের মুখচ্ছবি। ‘আমার মা তেমনভাবে শিক্ষিত ছিলেন না কিন্তু নিজের ছেলে শুধু নয়, মেয়েদেরও তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন,’—এটুকু বলে একটু দম নিলেন। তারপর পুনরায় সরব তাঁর কণ্ঠ, ‘সেই সময়ে, বগুড়ার সেই গণ্ডগ্রামে বসে মা আমার বোনদের ভারতেশ্বরী হোমসে পাঠিয়েছিলেন উচ্চশিক্ষার্থে। একবার বোনেরা যখন ছুটিতে বাড়ি এসেছেন, এ সময় মা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। বাঁচা-মরা অবস্থা আর কি। বোনেরা কান্নাকাটি করে বললেন, মা সুস্থ না হওয়া অব্দি ভারতেশ্বরী হোমসে ফিরবেন না তাঁরা। তবে এ কথা শুনে মা তো অগ্নিশর্মা, বললেন, “আমি মরি-বাঁচি, যা হয় হোক; তোমরা ছুটি শেষ হলেই ফিরে যাবে। আমি চাই না তোমাদের পড়ালেখার কোনো ক্ষতি হোক।”’
মায়ের স্মৃতি সেলিনা হোসেনকে আচ্ছন্ন করেছে অতীত দিনের বৃত্তে। তাঁর কথার বাঁকে বাঁকে হরেক স্মৃতির ঝিলিমিলি। এর মধ্যে ‘মাকে কীভাবে অনুভব করেন?’ আমাদের জিজ্ঞাসায় তাঁর এক কথার উত্তর, ‘মা ছাড়া এত দূর আসতে পারতাম না।’ এর পরেই বলেন, মোক্ষম কথাটি, ‘একজন মা হলো মানবসভ্যতার ধারাবাহিক রক্ষাকর্তা।’
সেলিনা হোসেন কথাটি যখন বলছেন, তাঁর মুখে তখন ভর করেছে অন্য এক আভা—এ তো মায়েরই মুখ!