মুক্তির ঝোড়ো বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

মিলনের আত্মত্যাগ সব পাশার দান উল্টে দিল। কারফিউ উপেক্ষা করে ছাত্রছাত্রী-শিক্ষক-চিকিৎসক-আইনজীবী-সাংবাদিক-সাংস্কৃতিক কর্মী-কর্মচারী-কর্মকর্তা-শ্রমজীবী-পেশাজীবী জনতা রাজপথে মিছিলের বন্যা বইয়ে দিল, ঘেরাও হলো সচিবালয়

শামসুল আলম খান মিলন । ২১ আগস্ট ১৯৫৭, মৃত্যু: ২৭ নভেম্বর ১৯৯০
শামসুল আলম খান মিলন । ২১ আগস্ট ১৯৫৭, মৃত্যু: ২৭ নভেম্বর ১৯৯০

ডা. শামসুল আলম খান মিলনকে অজ্ঞাতপরিচয় বন্দুকধারী ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারসংলগ্ন রাস্তায় গুলি করে হত্যা করে ১৯৯০ সালের ২৭ নভেম্বর। মিলন একা রিকশায় বসে অপেক্ষা করছিল জালাল ভাইয়ের জন্য। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তৎকালীন মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন আরেকটি রিকশায় আসছিলেন পিজি হাসপাতালে (এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) বিএমএর ডাকা চিকিৎসকদের সভায় যোগ দিতে। অপর রিকশায় মিলনকে দেখে তিনি থামতে বলেছিলেন, একসঙ্গে পিজিতে যাবেন বলে। তিনি নিজের রিকশা ছেড়ে দিয়ে মিলনের রিকশায় ওঠার আগে তাঁর রিকশার সহযাত্রী যুবলীগের নেতা নজরুলের সঙ্গে কথা বলছিলেন। এমন সময় মিলন বলে ওঠেন, ‘জালাল ভাই, দেখেন তো, আমার পিঠে কী হয়েছে?’ মোস্তফা জালাল এগিয়ে আসেন। পিঠে গুলিবিদ্ধ মিলন ঢলে পড়লেন মোস্তফা জালালের হাতে।
এটা পরিষ্কার যে মিলনকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু করেই হত্যা করা হয়েছিল। একটি মাত্র বুলেট মিলনের হৃৎপিণ্ড ভেদ করে যায়। ১৯৯০ সালের ২৭ নভেম্বর সকালে মিলন যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে যান, তখনই ঘাতক দলের গোয়েন্দারা সে খবর পৌঁছে দেয় বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেওয়া ঘাতকদের কাছে। তখনো বাংলাদেশে মুঠোফোন চালু হয়নি। কেবল ওয়্যারলেস সেটের মাধ্যমেই সে খবর পৌঁছে দেওয়া সম্ভব ছিল। মিলনকে যে লক্ষ্য করে গুলি ছুড়েছিল, সে প্রশিক্ষণ নেওয়া রাইফেল শুটার ছিল বটে। ঢাকা মেডিকেল কলেজের অস্ত্রোপচারকক্ষে অপারেশন করে মিলনের বুকের নিচ থেকে যে বুলেটটা বের করা হয়, সেটা ছিল রাইফেলের। গুলি পিঠ দিয়ে ঢুকে হৃৎপিণ্ড ও ফুসফুস ভেদ করে বুকের নিচে গিয়ে থামে। বুলেটটি মিলন হত্যা মামলার আলামত হিসেবে পুলিশের কাছে সংরক্ষিত ছিল।
মিলন হত্যার একটা বিচার হয়েছে নিম্ন আদালতে, ঢাকার জজকোর্টে। কিন্তু কোনো খুনি পাওয়া যায়নি। শুধু একটি লোককে অবৈধ অস্ত্র রাখার জন্য সামান্য শাস্তি দেওয়া হয়েছিল। মামলার পুনঃ তদন্তের জন্য অ্যাডভোকেট শামসুল হক চৌধুরীর মাধ্যমে মিলনের মা আবেদন করেছিলেন। এ পর্যন্ত তার কোনো ফলাফল জানা যায়নি।

মিলন কেন হত্যার লক্ষ্য

এরশাদের অবৈধ সরকারের বিরুদ্ধে হাতে গোনা সবচেয়ে আপসহীন যে কজন নেতা ছিলেন, মিলন তাঁদের একজন। গণবিরোধী স্বাস্থ্যনীতি চাপিয়ে দেওয়ায় পুরো চিকিৎসক সমাজ এরশাদের সামরিক সরকারের বিরুদ্ধে ফুঁসছিল। এর পরের আন্দোলন এমনি এমনি হয়ে যায়নি। আন্দোলনের যুক্তিগুলো চিকিৎসক সমাজের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য দরকার ছিল লাগাতার আদর্শগত ও সাংগঠনিক কার্যক্রম ছাড়া। আন্দোলনকে সংগঠিত করা, আপসহীন রাখা, রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও অন্যান্য পেশাজীবী সংগঠনকে চিকিৎসকদের আন্দোলনে সম্পৃক্ত ও একাত্ম করা­—এসবে মিলনের অবদান ছিল মৌলিক ও নির্ধারক পর্যায়ের। সেটা এরশাদ-জান্তার গোয়েন্দাদের অজানা ছিল না।

গুলিবিদ্ধ ডা. মিলন, ২৭ নভেম্বর ১৯৯০। ছবি: ইউসুফ সা’দ
গুলিবিদ্ধ ডা. মিলন, ২৭ নভেম্বর ১৯৯০। ছবি: ইউসুফ সা’দ

মিলন শুধু চিকিৎসকদের আন্দোলনের জন্যই এরশাদ-জান্তার লক্ষ্যবস্তু ছিলেন না। এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখল করার পর থেকেই ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তুতি শুরু করে। সে সময় ঢাকা মেডিকেল কলেজে ছাত্র ও ডাক্তারদের যেসব গোপন সভা হতো, সেখানে মিলন শুধু উপস্থিতই থাকতেন না, সফল করারও দায়িত্ব নিতেন। ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি এরশাদের শিক্ষানীতি বাতিলের দাবিতে ছাত্রসংগ্রাম পরিষদের ডাকে হাজার হাজার ছাত্রছাত্রীর বিশাল শান্তিপূর্ণ মিছিলে পুলিশ-বিডিআরের পাইকারি গুলিবর্ষণে জয়নাল নামের একজন ছাত্র যখন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন, তখন তাঁর মরদেহ পুলিশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। মিলনের নেতৃত্বে চিকিৎসক ও মেডিকেল ছাত্ররা পুলিশের সে চেষ্টা ব্যর্থ করে দেয়। ছাত্রসংগ্রাম পরিষদের কর্মীরা জয়নালের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় নিয়ে আসেন। একইভাবে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে নিহত আরও একজন ছাত্র নাজিরুদ্দীন জেহাদের লাশও পুলিশি ছিনতাই থেকে বাঁচিয়ে মিলনের নেতৃত্বে চিকিৎসক ও মেডিকেল ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ছাত্রদের (সর্বদলীয় ছাত্রঐক্য তখনো গড়ে ওঠেনি) হস্তান্তর করেন। জেহাদের লাশ সামনে রেখেই গড়ে ওঠে বাংলাদেশের ইতিহাসে ছাত্রদের সর্বোচ্চ ঐক্যের কাঠামো, সর্বদলীয় ছাত্রঐক্য।

পরদিন ১১ অক্টোবর জেহাদ হত্যার প্রতিবাদে সর্বদলীয় ছাত্রঐক্য হরতাল ডাকে। হরতাল সফল করার জন্য সর্বদলীয় ছাত্রঐক্যের অন্তর্ভুক্ত ২২টি ছাত্রসংগঠনের নেতারা হাতে হাত ধরে রাস্তায় মিছিলে নামেন। সে মিছিলে পুলিশ লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। পুলিশি হামলায় ছাত্রনেতারা আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য এলে মিলনের নেতৃত্বে চিকিৎসক ও মেডিকেল ছাত্ররা সব ছাত্রনেতাকে মেডিকেল ছাত্রদের চিকিৎসার জন্য নির্ধারিত স্টুডেন্টস কেবিনে ভর্তি করান। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে মিলন এ কাজটি করেন। সেটা হলো সদ্য গড়ে ওঠা ছাত্রঐক্যকে আরও সংহত করা, ছাত্রনেতাদের বোঝাপড়াকে আরও মজবুত করা এবং এদের দেখতে এসে সমাজের সর্বস্তরের মানুষ যেন এদের কেন্দ্র করে জাতীয় পর্যায়ে ঐক্যের আবহ সৃষ্টি করতে পারে। পরবর্তী ঘটনাপ্রবাহ প্রমাণ করে, মিলনের সে উদ্দেশ্য সফল হয়েছিল। সমাজের সর্বস্তরের মানুষ সে ছাত্র কেবিনে এসে এরশাদবিরোধী আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন। স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্রের পাহারাদারেরা মিলনের এ ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং মিলনকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র আঁটতে থাকে।

এরশাদ-জান্তার গুপ্তঘাতকেরা মিলনকে হত্যা করে আন্দোলন থামিয়ে দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু এরশাদের সে উদ্দেশ্য কি সফল হয়েছিল? মিলনের মৃত্যুর পর যেন অগ্নিগিরির লাভা বিস্ফোরিত হলো। চিকিৎসক সমাজের বাইরে মিলনের জনপরিচিতি ছিল না। কিন্তু মানুষের জন্য জীবন দেওয়া মিলনের মতো নির্ভীক তরুণের পরিচয় দেশময় ছড়িয়ে পড়তে সময় লাগেনি। সারা দেশের মানুষ জেনে গেল ঢাকা মেডিকেল কলেজের এক তরুণ আদর্শবাদী শিক্ষককে এরশাদের গুপ্তঘাতক বাহিনী গুলি করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হত্যা করেছে।পাড়া-মহল্লা থেকে ঝাঁকে ঝাঁকে তরুণ-যুবক-ছাত্রছাত্রী-কর্মজীবী মানুষ নেমে এল রাস্তায়। এরশাদ সারা দেশে কারফিউ জারি করে পরিস্থিতি সামাল দিতে চাইলেন।

এরশাদের পরিকল্পনা ছিল মিলন হত্যার দায় দুই দল ছাত্রের সংঘর্ষের ওপর চাপিয়ে দিয়ে আবার রাজনৈতিক অধিকারকে হরণ করে ক্ষমতাকে নিরঙ্কুশ করবেন, আন্দোলনকে দমিয়ে দিতে বা বিভক্ত করতে পারবেন আগের মতোই। কিন্তু মিলনের আত্মত্যাগ সব পাশার দান উল্টে দিল। কারফিউ উপেক্ষা করে ছাত্রছাত্রী-শিক্ষক-চিকিৎসক-আইনজীবী-সাংবাদিক-সাংস্কৃতিক কর্মী-কর্মচারী-কর্মকর্তা-শ্রমজীবী-পেশাজীবী জনতা রাজপথে মিছিলের বন্যা বইয়ে দিল, ঘেরাও হলো সচিবালয়। সংবাদপত্রগুলো স্বৈরাচারের পতন হওয়া পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্ত নিল। মিলনের রক্ত ছুঁয়ে চিকিৎসক সমাজ শপথ নিল এরশাদের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। সব চিকিৎসক একযোগে সরকারি চাকরি থেকে পদত্যাগ করলেন, স্বেচ্ছাশ্রমে হাসপাতালে চিকিৎসা অব্যাহত রাখেন। কারফিউর মধ্যেই ঢাকার প্রেসক্লাব চত্বর হয়ে উঠল বিদ্রোহী গণ-অভ্যুত্থানের কেন্দ্রস্থল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এরশাদের ঘোষণা অমান্য করে বিশ্ববিদ্যালয় খোলা রাখল। ছাত্রছাত্রীরা হল ত্যাগের নির্দেশ অমান্য করে হলে থেকে গেলেন। হল কতৃর্পক্ষও তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করল। সচিবালয় থেকে কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নির্দেশ অমান্য করে রাজপথে এসে জনতার সঙ্গে একাত্ম হলেন ৪ ডিসেম্বর।

এক অভূতপূর্ব অসহযোগ এরশাদ সরকারকে ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অচল রাখে। এ সময় ৫, ৭ ও ৮ দলের তিন জোট এরশাদের পতনের পর কীভাবে দেশ চলবে, তা সংক্ষেপে বিবৃত করে তিন জোটের রূপরেখা ঘোষণা করে। অবশেষে ৪ ডিসেম্বর রাত ১০টার পর বেতার-টিভিতে এরশাদের পদত্যাগের ঘোষণা এল। সরকারি রেডিও-টিভিতে ঘোষণা আসায় দেশবাসী প্রথমে তা বিশ্বাস করেনি। রাত ১০টা ৩০ মিনিটে বিবিসি একই খবর প্রকাশ করলে জনতার বাঁধভাঙা জোয়ার মধ্যরাতের বাংলাদেশকে প্রকম্পিত করে তোলে। বিদায় হয় প্রায় এক দশক ধরে জগদ্দল পাথরের মতো চেপে বসা এরশাদের সামরিক স্বৈরশাসন। মিলনের রক্তে যে গণ-অভ্যুত্থান জেগে উঠেছিল, তা বিজয় লাভ করে ৪ ডিসেম্বর মধ্যরাতে। দেশবাসীর শোক ও ক্ষোভ পরিণত হয় বিজয়োল্লাসে।

যে মিলনের রক্তে জেগে উঠল গণ-অভ্যুত্থান, সেই মিলন কে ছিলেন? মিলন কীভাবে দেশবাসীর মিলন হয়ে উঠলেন? ১৯৫৭ সালের ২১ আগস্ট শামসুল আলম খান মিলনেন জন্ম ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে। ১৯৭৩ সালে ঢাকা শহরের তেজগাঁওয়ে অবস্থিত সরকারি বিজ্ঞান কলেজ থেকে ইন্ডাস্ট্রিয়াল আর্টে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে এসএসসি, ১৯৭৫ সালে নটর ডেম কলেজ থেকে প্রথম বিভাগে এইচএসসি। ১৯৮০ সালে বিয়ে। একই বছর বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) ঢাকা মেডিকেল কলেজ শাখার সাহিত্য সম্পাদক নির্বাচিত। পরের বছর ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক নির্বাচিত। ছাত্রজীবনে একজন তুখোড় ফুটবল খেলোয়াড় ও অ্যাথলেট। ১৯৮২ সালে ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি। ১৯৮৩ সালে এমবিবিএস। ইন্টার্নি থাকা অবস্থায় কেন্দ্রীয় ইন-সার্ভিস ট্রেইনি চিকিৎসক পরিষদের আহ্বায়ক। ১৯৮৬ সালে বিএমএর প্রকাশনা সম্পাদক। ১৯৮৮ সালে তৎকালীন আইপিজিএমআর থেকে প্রাণরসায়নে এমফিল ডিগ্রি লাভ। একই বছর বিএমএর যুগ্ম সম্পাদক নির্বাচিত। ১৯৮৯ সালে ঢাকা মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগে প্রাণরসায়ন বিষয়ে প্রভাষক পদে যোগদান।

ঢাকা মেডিকেল কলেজ শহীদ মিনার চত্বরে শুয়ে থেকে আজও মিলন নতুন প্রজন্মের জন্য মুক্তির ঝোড়ো হাওয়ার বার্তা দিয়ে চলেছেন।

মুশতাক হোসেন: বিএমএর কার্যকরী পরিষদের সদস্য