মেগাস্ট্রাকচার বানানোর স্বপ্ন দেখি

ছোটবেলার কথা মনে করলেই মনে পড়ে ফড়িং ধরার কথা। যখন স্কুল ছিল না, তখন কাজই ছিল ঝোপঝাড়ে আর বনবাদাড়ে ফড়িং ধরা। আর ছিল খেলা। ক্রিকেটের জনপ্রিয়তা তখন এ রকম ছিল না, খেলতাম সাত-চারা, লাটিম, বউচি, মাংস চোর—এ রকম নানা দেশীয় খেলা। মা বলেন, খেলার নেশা প্রবল হলেও আমি নাকি পড়া শেষ করেই খেলতে যেতাম। কিন্তু আমার যত দূর মনে পড়ে, খেলাতেই ছিল আমার সব আগ্রহ। শুক্রবারের বিকেলটা ছিল আমার জন্য খুবই মন খারাপের বিষয়; কারণ ওই দিন সবাই ব্যস্ত থাকত বিটিভির বাংলা ছায়াছবি দেখার জন্য, আর আমি খুঁজে পেতাম না কোনো খেলার সাথি।
পড়াশোনায় আমার যা অগ্রগতি, তার প্রায় সব কৃতিত্ব আমার বাবা-মায়ের। লেখাপড়ার ব্যাপারে তাঁরা কোনো দিনও ছাড় দেননি। নিজ হাতে আমাকে তাঁরা লেখাপড়া শিখিয়েছেন। ভবিষ্যৎ জীবনের জন্য আমাকে প্রস্তুত করার চেষ্টা করেছেন। বাবার চাকরি ছিল বদলির। কিন্তু যখন যেখানে গিয়েছি, আমাকে তাঁরা সেখানকার সবচেয়ে ভালো স্কুলটিতেই ভর্তি করিয়েছেন। আমার মনে পড়ে, বাবা আমাকে নিয়ে বিটিভিতে জাতীয় স্কুল বিতর্ক দেখতেন। আরও দেখতেন বিভিন্ন বোর্ড থেকে স্ট্যান্ড করা ছাত্রছাত্রীদের নিয়ে প্রচারিত অনুষ্ঠান। সেখানে ক্যাডেট কলেজ থেকে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের আধিক্য দেখে বাবা আমাকে তখন থেকেই বলতেন যে আমাকে ক্যাডেট কলেজে ভর্তি হতে হবে। মা-বাবার ইচ্ছাতেই সপ্তম শ্রেণিতে ভর্তি হই রাজশাহী ক্যাডেট কলেজে। ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষাই বোধ হয় আমার প্রথম জাতীয় পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষা। এ সময় থেকেই আমার নিজেকে সচেতন হতে হয়েছে নিজের পড়াশোনা নিয়ে। প্রকৃতপক্ষে ক্যাডেট কলেজে যে সময়টা কেটেছে, তা আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি এখানে খেলাধুলা, সংস্কৃতিচর্চা, নেতৃত্বসহ বিভিন্ন কর্মকাণ্ড আমার ব্যক্তিত্ব গঠনে অবদান রেখেছে বলেই আমার মনে হয়।
বিজ্ঞান নিয়ে আগ্রহ আমার সব সময়ই ছিল। তার ওপরে বিশেষ পারদর্শিতা ছিল গণিতে। ফলে নির্দ্বিধায় বিজ্ঞান বিভাগেই পড়াশোনা করার সিদ্ধান্ত নিলাম। ২০০৪ সালে এসএসসি এবং ২০০৬ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। আমাদের দেশে এইচএসসি পাস করার পর শিক্ষার্থীদের শুরু হয় এক সংগ্রাম। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংগ্রাম। পাস করা ছাত্রছাত্রীর তুলনায় বিশ্ববিদ্যালয়ের সিটের সংখ্যা কম। তার ওপর গ্রেডিং সিস্টেমের পরিবর্তন, শিক্ষাপদ্ধতির পরিবর্তন, ভার্সিটির ভর্তি প্রক্রিয়ার পরিবর্তন—এ রকম নানা এক্সপেরিমেন্ট। ফলে এ সময় ছাত্রছাত্রীদের অবস্থা চিন্তা করলেই আমার রবীন্দ্রনাথের ফটিকের কথা মনে পড়ে। যা-ই হোক, আমার তখন সিদ্ধান্ত নেওয়ার সময়, ভবিষ্যৎ ক্যারিয়ার কোন সেক্টরে গড়ব। বিজ্ঞান আর গণিতে দক্ষতার কারণে স্বাভাবিকভাবেই ইঞ্জিনিয়ারিংকে বেছে নিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ভর্তি পরীক্ষায় অবস্থান ছিল ২৫তম। বিশেষ কোনো বিষয়ের ওপর ঝোঁক না থাকায় অনেকটা পরিবারের ইচ্ছাতেই ভর্তি হলাম পুরকৌশল বিভাগে। ধীরে ধীরে একটা ভালো লাগা তৈরি হলো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি। সবচেয়ে ভালো লাগত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখতাম ‘মেগাস্ট্রাকচারস’ আর ভাবতাম, যদি কখনো এ রকম বড় কিছু বানানোর সুযোগ পেতাম কিংবা যদি কোনো আইকনিক প্রজেক্টের ইঞ্জিনিয়ার হতে পারতাম (স্বপ্নটা অবশ্য এখনো আছে)! কোনো দিনও বাস্তবায়িত হবে কি না, জানি না। তবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ভালোবাসার জোরেই হোক কিংবা নিজের চেষ্টায় হোক কিংবা মা-বাবা আর শিক্ষকদের দোয়ায় হোক, স্নাতক পাস করি ২০১২ সালে। প্রথম স্থান অধিকার করি। পুরকৌশল অনুষদে (পুরকৌশল বিভাগ ও পানিসম্পদ বিভাগ) প্রথম স্থান অধিকার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর স্বর্ণপদক অর্জন করি ২০১৫ সালে। এটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন। মহান আল্লাহর রহমত এবং মা-বাবা, আত্মীয়স্বজন, শিক্ষক, বন্ধুবান্ধবসহ সবার দোয়াই মূলত আমার সব অর্জনের চাবিকাঠি।
গ্র্যাজুয়েশনের এক মাসের মধ্যেই বুয়েটের পুরকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করি। কিছুটা স্বাধীনতা, কিছুটা গবেষণার সুযোগ, সবকিছু মিলিয়ে চাকরিটা বেশ আকাঙ্ক্ষিতই ছিল। প্রথম দিকে অবশ্য ক্লাসের লোড অনেক বেশি ছিল, তার সঙ্গে আমার নিজের মাস্টার্সের ক্লাস। সব মিলিয়ে একটা অতিমাত্রায় ব্যস্ত সময় কাটাতে হয়েছে; তবুও ভালো লাগত। প্রতি সেমিস্টারে নতুন নতুন ছাত্রছাত্রীদের পড়ানো, তার ফাঁকে ফাঁকে থিসিসের কাজ। এভাবেই একসময় মাস্টার্সটাও শেষ করে ফেললাম। বেশ কয়েকটা ভালো জার্নাল পেপার আর কনফারেন্স পেপার প্রকাশ করেছি। এ ছাড়া বুয়েটের পুরকৌশল বিভাগে থাকার সুবাদে বেশ কিছু জাতীয় গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করার সুযোগও পেয়েছি। সবকিছু মিলিয়ে আমি আসলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি; এই দেশমাতৃকার প্রতি আমি যে চিরঋণী।
বর্তমানে বুয়েটের সিভিল ডিপার্টমেন্টেই সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। দেশের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য যতটুকু সম্ভব পালন করার চেষ্টা করি। যে অতি সীমিত জ্ঞান অর্জন করেছি, তা দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত বিধায় এ বিষয় নিয়েই আমার চিন্তাভাবনা। আমার মতে, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিজ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। আমাদের দেশে আসলে বিজ্ঞান গবেষণার সুযোগ-সুবিধার অপ্রতুলতা রয়েছে। অবশ্য উন্নত বিশ্বের সঙ্গে তুলনা করলে তো হবে না, দেশের অর্থনীতির অবস্থাও তো দেখতে হবে। ছোট্ট এই দেশের এই বিশাল জনগোষ্ঠী সামলানো মোটেই সহজ কাজ না। তবে দেশের অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত উন্নয়নও হচ্ছে। এর সঙ্গে সঙ্গে সরকারের উচিত হবে বিজ্ঞান গবেষণার সুযোগ সৃষ্টি করা। কেননা টেকসই শিল্প উন্নয়নের মূল চাবিকাঠি নিহিত আছে মৌলিক ও ফলিত বিজ্ঞানের মাঝেই। সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে করপোরেট সেক্টরকেও। ইদানীং অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেই মনে হয়। ভবিষ্যতে এ দেশে বিজ্ঞানশিক্ষা ও গবেষণা আরও পৃষ্ঠপোষকতা লাভ করবে বলে আশা রাখি।
বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে বাংলাদেশের অফুরন্ত সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। কিন্তু এই সম্ভাবনাকে বাস্তবায়ন করার জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে। আমাদের মেধার কোনো কমতি নেই, কিন্তু এই মেধাকে লালন করতে হবে, পরিস্ফুটিত হওয়ার সুযোগ দিতে হবে। দেশের শিক্ষাব্যবস্থাকে স্থিতিশীল করতে হবে। আমার মতে, আমাদের শিক্ষাপদ্ধতি, মূল্যায়ন-প্রক্রিয়া সবই খুবই পরিবর্তনশীল। এদিকে একটু নজর দেওয়া দরকার। বিজ্ঞান শিক্ষার ওপর জোর দিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকেও আমাদের শিক্ষার্থীরা নানা বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন প্রতিযোগিতায় সুনাম অর্জন করছে। গণিত অলিম্পিয়াড, প্রোগ্রামিং, রোবটিকস প্রভৃতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ খুবই আশাব্যঞ্জক। এসব মেধাবী শিক্ষার্থীকে আরও উৎসাহিত করতে হবে, এ দেশে তাদের ভালো কিছু করার জন্য সুযোগ করে দিতে হবে এবং যথাযথ মূল্যায়ন করতে হবে। ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি প্রশংসার দাবি রাখে। এ খাতটিকে যদি ভালোমতো পৃষ্ঠপোষকতা করা যায়, অতি শিগগির এটি তৈরি পোশাক ও জনশক্তি রপ্তানির পরই আমাদের অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠতে পারে। আবার দেশে পদ্মা সেতু, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মতো বড় বড় প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। নিঃসন্দেহে দেশ এগিয়ে চলেছে। এখন আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের লক্ষ্য হওয়া উচিত সব বাধা অতিক্রম করে দেশের অগ্রগতির চাকাকে আরও সচল করা। আশা রাখি, আমরা অচিরেই সামগ্রিকভাবে সমৃদ্ধ এক বাংলাদেশ গড়তে পারব।
মো. আবুল বাশার ইমন
সহকারী অধ্যাপক
পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিজয়ী