মোস্তাফিজরা হারেন না

হরতাল ছিল। এর মধ্যেই মোস্তাফিজকে যেতে হবে সাতক্ষীরা থেকে ঢাকা। ডাক এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলের নেটে বল করার। এমন সুযোগ কি ছাড়া যায়! সেদিন মোস্তাফিজুর রহমানকে জিতিয়ে দিয়েছিলেন তাঁর সেজ ভাই মোখলেছুর রহমান।
কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রাম থেকে প্রথমে মোটরসাইকেলে খুলনার চুকনগর। তারপর ভাড়া গাড়িতে ঢাকা। ঠিক সময়ে মোস্তাফিজ পৌঁছে গেলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নেটে।
মোস্তাফিজের বয়স তখন ১৪ কি ১৫ বছর। ভাই-বন্ধুদের সঙ্গে এলাকার একটা টুর্নামেন্টে খেলছিলেন রাজাপুর আরপি সংঘের হয়ে। অন্য বোলাররা সুবিধা করতে পারছিল না বলে অধিনায়ক মোখলেছুর রহমান ছোট ভাই মোস্তাফিজের হাতে বল তুলে দিলেন। বাকিদের মনে তো তখন খচখচানি। মোস্তাফিজ পারবেন তো? পেরেছিলেন তিনি। তৃতীয় বলেই উইকেট।
মোস্তাফিজের আজকের ‘ফিজ’ হয়ে ওঠার শুরুটা ছিল সংগ্রাম আর প্রতিকূলতায় ভরা। যখন তাঁর বয়সীরা আরামে ঘুমাত, শীতের সময় লেপের ভেতর থেকে বের হয়ে স্কুলে যেতে চাইত না, মোস্তাফিজ তখন রাস্তায়। ভাইয়ের মোটরসাইকেলের পেছনে বসে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেতুঁলিয়া গ্রাম থেকে সাতক্ষীরা শহরে যেতেন অনুশীলন করতে।
শীত-গ্রীষ্ম-বর্ষা—কিছুতেই থামত না মোটরসাইকেল। প্রতিদিন এক ঘণ্টার মতো মোটরসাইকেলে চড়ে তবেই মোস্তাফিজ পৌঁছাতেন অনুশীলনে। সন্ধ্যায় বাড়ি ফিরতে আবার এক ঘণ্টা। মাঝেমধ্যে মনে হতো মোস্তাফিজের, ‘ধুর! এত কষ্ট করে কী হবে! এর চেয়ে গাঁয়ের মাঠে খেলি।’ কিন্তু ওই মনে হওয়া পর্যন্তই। পরদিন ভোরে ঠিকই ঘুম থেকে উঠে ভাইয়ের পেছনে চেপে বসতেন তিনি । মোস্তাফিজ ওই বয়সেও হারেননি। হারেননি বলেই তিনি আজকের মোস্তাফিজ, ‘ফিজ’।
>মোস্তাফিজুর রহমান
এপ্রিল, ২০১৫ টি-টোয়েন্টি অভিষেক
জুন, ২০১৫ ওয়ানডে অভিষেক
জুলাই, ২০১৫ টেস্ট অভিষেক
এপ্রিল, ২০১৬ সান রাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল অভিষেক
জুলাই, ২০১৬ সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে অভিষেক
২০১৬ কাঁধের চোট। এক বছরের জন্য মাঠের বাইরে।
২০১৭ অ্যাঙ্কেলের চোট। চার মাস মাঠের বাইরে।
ভারতের বিপক্ষে ঢাকায় অভিষেক ওয়ানডেতে ৫ উইকেট, পরের ম্যাচেই উইকেট ৬টি।
ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতেই ৫ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার ।
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট
ডাম্বুলার ওয়ানডেতে ৩ উইকেট
২০১৭ সালে চট্টগ্রাম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ উইকেট
মোস্তাফিজ আজও হারেন না। এই তো সেদিন, এশিয়া কাপের ঘটনা। আবুধাবির প্রচণ্ড গরমে আফগানিস্তানের বিপক্ষে খেলছিল বাংলাদেশ। নিজের দ্বিতীয় স্পেলের তৃতীয় ওভার করার পরই হাঁপিয়ে উঠলেন মোস্তাফিজ। ওদিকে পায়ের মাংসপেশিতেও ব্যথা। বোধ হয় টান পড়েছে। অধিনায়ক মাশরাফিকে গিয়ে বললেন, ‘আর তো পারছি না, ভাই!’ মাশরাফি তাঁকে বোলিং থেকে ক্ষণিকের বিশ্রাম দিলেও জানতেন, ক্লান্ত মোস্তাফিজই পারেন বাংলাদেশকে জয় এনে দিতে। নয়তো ম্যাচের শেষ ওভারে কেন তাঁর হাতেই তুলে দেবেন বল!