ম্যামের প্রেরণা হয়ে ওঠার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয় শিক্ষকের সঙ্গে লেখক নাঈম উদ্দীন। ছবি: লেখক
প্রিয় শিক্ষকের সঙ্গে লেখক নাঈম উদ্দীন। ছবি: লেখক

আমার প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় তৌহিদা ম্যাম। তিনি কিভাবে আমার প্রিয় শিক্ষক হয়ে উঠলেন, কিভাবে হলেন আমার সেরা প্রেরণা সেই গল্পই বলব আজ...।

আমি চট্টগ্রামের পটিয়ার জঙ্গল খাইন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। ২০১৪ সালে নবম শ্রেণিতে উর্ত্তীণ হয়ে, আমি স্যারকে পাই শ্রেণি শিক্ষক হিসেবে। অন্যান্য ক্লাসে তেমন ক্লাস নিতেন না বলে আমি অন্যান্য ক্লাসে ম্যামকে পাই নি। নবম শ্রেণীতে যখন ম্যামকে পেলাম খুব খুশী হয়ে ছিলাম। আর শ্রেণি শিক্ষক হয়ে উঠেন আমার শ্রেষ্ঠ প্রেরণা, আমার প্রিয় শিক্ষক। তিনি আমাদের ‘সাধারণ গনিতে’র ক্লাস নিতেন। খুব সুন্দরভাবেই অংকগুলো বুঝাতেন আর ভুলগুলো ধরিয়ে দিতেন। আমার এখনও মনে পড়ে, সম্পাদ্যের চিত্র প্রায়ই ভুল করতাম, আর তিনি তা শুদ্ধ করে শেখাতেন।

সবচেয়ে বেশি ভালো লাগত, যখন তিনি আমাদের আচরণ শেখাতেন, উপদেশ দিতেন। তিনি সবকিছু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন। নবম শ্রেনিতে আমার রোল ছিল তিন। হাতের লেখা সুন্দর হওয়ায় ম্যামের আদরও পেতাম। উনার অনন্য একটা গুণ, মাতৃ সমতুল্য স্নেহ। আর সুন্দরভাবে শাসন করার ক্ষমতা। মাঝে মাঝে আমাদের সহপাঠীর অনেকের আচরণে, ক্লাস চলাকালীন কথা বলা,দুষ্টুমিতে খুব কষ্ট পেতেন। ২০১৪ সালের শেষ দিকে কিছু দুষ্টু প্রকৃতির সহপাঠীর কারণে আমাদের নবম শ্রেণির শিক্ষার্থীরা হয়ে উঠে সবার চক্ষুশূল। নবম শ্রেণির কেউ কিছু করলে তার জন্য কথা শুনতে হত ম্যাম’কে। ম্যাম খুব কষ্ট পেতেন।

২০১৪ সালের ২২ নভেম্বর (ডায়েরি থেকে), ম্যাম হয়ত খুব কষ্ট পেয়েছিলেন। ক্লাসে প্রবেশ করতেই আমাদেরকে ধমাকাতে শুরু করলেন, বুঝালেন যে আমরা অনেক খারাপ হয়ে যাচ্ছি সবার কাছে। বলতে বলতে একসময় ম্যামে’র চোখ ভিজে যায়। আমি, আমরা আর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমরাও কান্না শুরু করলাম। ম্যামে’র কাছে ক্ষমা চাইতে শুরু করলাম। কান্না ছিল পাপমোচনের, অনুতাপের। তারপর ম্যাম সবাইকে জড়িয়ে কান্না করেছিলেন। বলেছিলেন, ‘তোমরা ভালো করে চললে, কেউ তোমাদের খারাপ বলতে পারবে না’। সেদিনের পর থেকে, সত্যিই আমরা সবাই খুব বদলে গেলাম। সবাই ক্লাসে কোনো হইচই করত না, ভালো করে পড়ত। সবসময় আমাদের বুঝাতেন ভালো করে চলতে।

শিক্ষক তৌহিদার সঙ্গে লেখক নাঈম উদ্দীন। ছবি: লেখক
শিক্ষক তৌহিদার সঙ্গে লেখক নাঈম উদ্দীন। ছবি: লেখক

তাছাড়া, তিনি আমাদের জীববিজ্ঞান আর রসায়নের ক্লাস নিতেন। মূলত গ্রুপ সাবজেক্টগুলোর কারণেই আমি হয়ে উঠি ম্যামে’র আদরের। সবার চেয়ে আলাদা আর সুন্দর সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে পারতাম, রসায়নে বিক্রিয়াসহ প্রশ্নের উত্তর লিখতাম আর জীববিজ্ঞানের চিত্রও সুন্দর করে আঁকতে পারতাম বলে ম্যাম আমায় খুব স্নেহ করতেন। একদিন জীববিজ্ঞান ক্লাসে, মানব কঙ্কাল প্রদর্শন করার কথা। কেউ ভয়েও কঙ্কালটি স্পর্শ করছে না। আমি গিয়ে কঙ্কাল স্পর্শ করে সব বোনসের নাম বললাম। ম্যামতো দারুণ খুশি। আমার অনেক প্রশংসা করলেন, ম্যাম বললেন কঙ্কালটি ঝুলিয়ে রেখে বাসন্তী দিদিকে (স্কুলের দপ্তরী) ডেকে আনতে। দিদিতো কঙ্কালটি দেখে সেন্স লেস হয়ে যাবেন! কিন্তু যখনি ডাকতে যাব, তখনি ক্লাস ব্রেকের ঘন্টা পড়ল। বাসন্তী দিদির কি অবস্থা হত এই নিয়েই ঐ দিন আমরা অনেক্ষণ হেসেছিলাম।

চট্টগ্রামের পটিয়ার জঙ্গল খাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদা। ছবি: লেখক
চট্টগ্রামের পটিয়ার জঙ্গল খাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদা। ছবি: লেখক

আমাকে সবসময় উৎসাহ দিতেন ভালো করে পড়াশোনা করার জন্য যাতে এসএসসিতে এ+ পাই! পড়াশোনার খোঁজ খবর নিতেন। ১৪ আগস্ট ২০১৫, দিনটি এখনও আমার মনে আছে। ম্যাম আমাকে বলেছিলেন, ‘খুব ভালো হয়েছে, এ+ নিশ্চিত। একটু মনোযোগী হও’। সত্যি ওইদিন সবার সামনে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়েছিল। আর এই কথাটা আমাকে খুব প্রেরণা দিত। আল্লাহর রহমতে শিক্ষকদের আর আমার কষ্টে আমি এ+ (গোল্ডেন) পেয়ে এসএসসি পাশ করি। যেদিন বিদ্যালয় থেকে আমরা বিদায় হব, সেদিন খুব কষ্ট লেগেছিল। কিন্তু ম্যাম আমাদের কাউকেই কান্না করতে দেয়নি। এখনও প্রায়ই ম্যাম ফোন করেন, সার্বিক খোঁজ খবরাখবর নেন। পড়াশোনার কি অবস্থা জিজ্ঞাসা করেন, সঙ্গে প্রেরণাও যোগান। প্রেরণা দিতে পিছপা হন না। সবাইকে প্রতিযোগিতার মাঠে তিনি নামিয়েই দিতেন। তাইতো ম্যাম’ই আমার প্রিয় শিক্ষক।

তবে আমি মনে করি আমার মাধ্যমিকের সফলতার পেছনে সব শিক্ষকের অবদান আছে। আমার জন্য, আমাদের সবার ভালো ফলাফলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কারোর অবদান অস্বীকার করার নয়। আমার সকল শিক্ষকের প্রতি অনেক শ্রদ্ধা আর অগাধ ভালোবাসা।