মৎস্য মারিব খাইব সুখে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: তুলি
আঁকা: তুলি

আপনার সামনে দুটো উপায় খোলা আছে। নতুন বছরে আপনি যেকোনো একটা উপায় অবলম্বন করতে পারেন। একটা হলো, লেখাপড়া করা। আপনি যদি লেখাপড়া করেন, তাহলে, আপনি লিখিবেন, আপনি পড়িবেন এবং আপনি মারা পড়িবেন। সেই মরণ হবে দুঃখের মৃত্যু। করুণ মৃত্যু। এর বাইরে আপনি করতে পারেন মৎস্য চাষ। মাছ চাষ করলে আপনি মাছ ধরবেন, মাছ খাবেন এবং সুখে-শান্তিতে কালাতিপাত করবেন। এবার আপনিই ঠিক করুন, আপনি কী করবেন। লিখিব পড়িব মরিব দুঃখে, মৎস্য মারিব খাইব সুখে—মধ্যযুগের শ্লোক। ইংরেজরা এ দেশে আসার পর অবশ্য আরেকটা প্রবাদ প্রচলিত হয়েছিল: লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে। ওই সময় কলকাতার বাবুরা জুড়িগাড়ি চড়তেন। সন্ধ্যার পর ধুতিপাঞ্জাবি পরে গায়ে সুগন্ধি মেখে তাঁরা বেরিয়ে পড়তেন জুড়িগাড়ি করে। কোথায় যেতেন তা আর বলতে চাই না। সেদিন আর নেই। এখন আবার ফিরে এসেছে সেই দিন, যখন যে লেখাপড়া করবে, সে দুঃখের মরণকে আলিঙ্গন করবে, আর যে মাছ চাষ করবে, তার জীবন হবে অবিমিশ্র সুখের।

সে কারণেই আমাদের নেতারা মাছচাষ শুরু করেছেন। আমাদের এমপি প্রার্থীদের হলফনামায় দেখা গেছে, অনেকেই মাছ চাষ করেন। শুধু মন্ত্রী-এমপিরা নয়, এনবিআরে খোঁজ নিয়ে সাংবাদিকেরা দেখেছেন, অনেকেরই পেশা এখন হয়ে উঠেছে মৎস্য চাষ।

এই বিষয়ে একটা তিন বছরের বাচ্চা ছেলের প্রশ্নটা খুব প্রাসঙ্গিক। তাকে বলা হলো, নেলসন ম্যান্ডেলা জীবনের অনেকটা বছর জেলে ছিলেন। সে বলল, নেলসন ম্যান্ডেলা জেলে ছিলেন, তিনি বুঝি মাছ ধরতেন?

আমাদের নেতা-নেত্রীরা এবং করদাতারা মাছ চাষ করেন, যাতে তাঁদের জেলে থাকতে না হয়।

এ বিষয়ে ওয়াকিফহাল মহল জানাচ্ছে, মাছ চাষের নানা সুবিধা। এক. মাছ চাষের কোনো কাগজপত্র লাগে না। আপনি কত টন মাছ উৎপাদন করে কার কাছে বিক্রি করলেন, তার কোনো চালান নেই, মানি-রিসিট নেই, ট্যাক্স নেই, ভ্যাট নেই। তারপর আপনার যে আয় হলো, তার ওপর আয়করের রেয়াত আছে।

আগে আমলা, প্রকৌশলী, ফুড ইন্সপেক্টরদের বউদের একটা অভিন্ন ব্যবসা থাকত, আর তা হলো ভুসি মালের ব্যবসা। এই ব্যবসাটা যে ঠিক কী, তা আমার জানা নেই। কোনো আমলার স্ত্রীই আমাকে তাঁদের এই ব্যবসার মন্ত্রগুপ্তি ফাঁস করে দেননি। আপাতত ডিকশনারি দেখি। ভুসি হলো শস্যের চোকলা বা খোসা, গরুর খাদ্যবিশেষ, বাজে বা আবর্জনারূপ বস্তু, রদ্দিমাল। কলাই প্রভৃতি শস্য (ভুসিমালের ব্যবসা)। বিশ্রামে বিধ্বস্ত কতিপয় আমলার স্ত্রীরা গরুর খাদ্যের ব্যবসা করতেন, এটা চিন্তা করতেই আমার খারাপ লাগছে। এর চেয়ে মাছ চাষ ঢের ভালো।

আমি কল্পনা করতে পারছি, আমাদের কোনো এক এমপি, যিনি কিনা আমাদের ভোটে নির্বাচিত, তিনি একটা বিল উত্থাপন করলেন। না, জাতীয় সংসদের বিল নয়। খালবিলের বিল, উত্থাপন মানে জাতীয় সংসদে উত্থাপন নয়, এনবিআরের কাগজে উপস্থাপন। মাছ চাষ করতে হলে তাকে কী করতে হবে? খাল বা বিল বা পুকুর বা নদী ইজারা নিতে হবে? মাছের পোনা কিনতে হবে? মাছের জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে হবে? খাদ্যের ব্যবস্থা করতে হবে? মাছের সিজনে জাল দিয়ে মাছ ধরতে হবে? তারপর সেসব বিক্রি করতে হবে? না, এসবের কিছুই করতে হবে না। শুধু তাঁর এই ক্ষেত্রে আয় কত হয়েছে সেটা লিখে দিলেই চলবে। আর ১৫০ টাকার স্টাম্পে কোনো এক পুকুরওয়ালার সঙ্গে চুক্তি করতে হবে এই মর্মে যে তার পুকুরে আমি চাষ করব।

এটাকেই বুঝি বলে মাৎস্যন্যায়।

না, মাৎস্যন্যায় হলো মাছের সমাজে প্রচলিত নিয়ম, যেখানে বড় মাছ অবলীলায় ছোট মাছকে খেয়ে ফেলে। রাঘববোয়ালরা খেয়ে ফেলে চুনোপুঁটিদের।

এটাকে কি পুকুরচুরি বলে?

পুকুরচুরি প্রবাদটির আদি উৎস আমাদের জানা নেই। তবে একটা গল্প প্রচলিত আছে।

একবার একটা প্রকল্প প্রণীত হলো, এলাকায় একটা পুকুর কাটা হবে। টাকা বরাদ্দ হলো। এলাকায় টাকা চলে গেল। স্থানীয় কর্তৃপক্ষ পুকুর না কেটে পুরো টাকাটাই হাপিস করে দিল। তারপর একদিন তাঁদের মাথায় হাত পড়ল। ইন্সপেক্টর আসছেন তাঁদের পুকুর দেখার জন্য। তখন তাঁরা কী করবেন। তাঁরা একসঙ্গে বসলেন। একটা উপায় তাঁরা বের করলেন। তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখলেন, এলাকার পুকুরটি এলাকাবাসীর যাবতীয় দুঃখের কারণ, যেমন চীনের দুঃখ হলো হোয়াংহো নদী। এই পুকুরে মশা-মাছির চাষ হয়, ফলে এলাকার লোকেরা ম্যালেরিয়া-টাইফয়েডে ভোগে। এই পুকুরটা বন্ধ করতে হবে। আরেকটা প্রকল্প চাই। পুকুর বন্ধ করার জন্য বাজেট চাই। অর্থ বরাদ্দ হলো। তারপর ইন্সপেক্টর এলেন। তিনি দেখলেন, কাটা পুকুর ভরাট হয়েছে।

আমাদের নেতাদের অভিনন্দন। তাঁরা এখন আর ভুসিমালের ব্যবসা করেন না। তাঁরা মাছ চাষ করেন। কথায় বলে, মাছে-ভাতে বাঙালি। বাঙালি চিরকাল মাছ খেয়ে এসেছে। বাঙালিদের সম্পর্কে একটাই দুর্নাম: তারা মাছ খায়। কবি ঈশ্বর গুপ্ত বলেছেন, ‘ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালী সকল।’ তিনি তপসে মাছ নিয়ে অনেক বড় কবিতা লিখে গেছেন। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে নানা রকমের মাছের রান্নার বর্ণনা পাওয়া যায়, বিজয়গুপ্তের মনসামঙ্গলেও পাওয়া যায়। চণ্ডীমঙ্গলে আছে: সর্ষের তেল দিয়ে চিতল মাছের কোল ভাজা, কুমড়ো বড়ি আর আল দিয়ে রুই মাছের ঝোল, আদারস দিয়ে সর্ষে তেলে কইমাছ ভাজা, কাতলা মাছের ঝোল, খরশোলা মাছ ভাজা, শোল মাছের কাঁটা ছাড়িয়ে নিয়ে কাঁচা আমের সঙ্গে রান্না।

কাজেই আমরা, বাঙালিরা চিরকাল মাছ খেয়ে এসেছি, মাছ মেরে এসেছি। তবে মাছ চাষ আমাদের এর আগে করতে হয়নি। কারণ প্রকৃতিই আমাদের নদ-নদী, পুকুরে-ঘাটে-সমুদ্রে মাছ দিয়ে এসেছে। এখন সে দিন আর নেই। এখন মাছও চাষ করতে হয়। আগের মতো আর মাছ পাওয়া যায় না নদ-নদী প্রাকৃতিক জলাশয়ে। তাই বলে বাঙালি মাছ খাবে না? অবশ্যই খাবে। চাষ করে খাবে। আর মাছ চাষে যদি আমাদের নেতারা, মন্ত্রী-এমপি, আমলা-প্রকৌশলী, দারোগা-ইন্সপেক্টররা এগিয়ে না আসেন, সাধারণ চাষাভুলা জেলেমাঝিরা উৎসাহ পাবে কী করে?

২০১৩ আমাদের খুব ভালো যায়নি। মাঝেমধ্যে মনে হয়, আমাদের ক্যালেন্ডারে ২০১৩ না এলেই ভালো হতো। যাক, ২০১৩ চলে যাচ্ছে। আসছে ২০১৪। ১৩ অনেক দেশে আনলাকি বলে গণ্য, আর ৭-কে অনেকেই গণ্য করে লাকি হিসেবে। ১৪ হলো ৭-এর গুণিতক। আমাদের ১৩ খারাপ গেছে, আমাদের ১৪ ভালো হোক। কোনো সময় তো নিজে থেকে ভালো বা খারাপ যাবে না। এটা নির্ভর করছে আমরা নিজেরা কী করছি, তার ওপর।

এখন এই আমরাটা কারা? আমরা যারা লিখিব পড়িব, তাহারা তো মরিবই। যাহারা মৎস্য চাষ করেন, তাঁহারা কি আমাদের ভালো রাখিবেন?

আপনি লোকটা সৎ, কম তেলে রান্না খান, মাংস এড়িয়ে চলেন, নিয়মিত এক ঘণ্টা হাঁটেন, ধূমপান করেন না, রাজনীতির সাতেও নাই, পাঁচেও নাই। আপনি হাঁটছেন, আর আপনার মাথার ওপরে এসে পড়ল একটা ককটেল কি পেট্রলবোমা, কিংবা কোনো নির্মাণাধীন ভবনের একখানা ইট। এখন আমরা বলব, যেমন কর্ম, তেমন ফল। আপনি যে মরে পড়ে রইলেন কিংবা বার্ন ইউনিটে সহ্যাতীত যন্ত্রণায় কাতরাচ্ছেন, এটা আপনার কোন কর্মের ফল?

মাঝেমধ্যে তাই মনে হয়, জন্মই আমার আজন্ম পাপ। খুব সুন্দর একটা দেশ আমরা পেয়েছিলাম, এটাকে আমরা নষ্ট করেছি, কারণ আমরা বাঙালি, আমরা মাছ খাই, মাছ চাষ করি, আর রবীন্দ্রনাথ তো বলেই দিয়েছেন, সাত কোটি সন্তানেরে হে বিমুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে, মানুষ করনি। তাই তো পণ্ডিতজনে প্রশ্ন করেছেন, বাঙালি থাকিবি না মানুষ হইবি?

না। নতুন বছরের প্রথম দিনটিতে আর মন খারাপ করা কথা না বলি। ২০১৩ নামের আপদ বিদায় হয়েছে, ২০১৪ যেন আমাদের ভালো যায়। তা করার সহজ উপায়, লেখা আর পড়ার মধ্যে থাকবেন না। আমার এই লেখাটা এখনই শেষ করুন। এবং যান, মাছ মারতে যান।

আনিসুলহক: সাংবাদিক ও সাহিত্যিক