যবদুল স্যারের কথা সবখানে শোনাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যারের সঙ্গে লেখক। ছবি: লেখক
স্যারের সঙ্গে লেখক। ছবি: লেখক

শিক্ষাজীবনে অনেক শ্রদ্ধা করার মতো শিক্ষক পেয়েছি। তাঁরা আমার মনোজগতে উচ্চ আসনে আসীন। এঁদের মধ্যে একজনকে প্রিয় শিক্ষক হিসেবে বেছে নেওয়া দুরূহ। শ্রদ্ধেয় শিক্ষকদের মধ্যে সুশীল স্যারের কাছে ইংরেজি ও বাংলা ব্যাকরণ যা শিখেছি এমন আর কারও কাছে পাইনি। ড. স্বপন স্যার এমন একজন শিক্ষক যাঁর কাছে রাতে বা দিনে, ফোনে বা সরাসরি যখনই কিছু জানার জন্য বিরক্ত করেছি তিনি হাস্য বদনে সঠিক উত্তরই দিয়েছেন। সময় নেননি, ভুল উত্তর দেননি বা বকাবকি করেননি। ড. আবদুল মজিদ স্যার শিখিয়েছেন কীভাবে প্রাণিবিদ্যা বিষয়ের বৈজ্ঞানিক শব্দ সমূহ সহজে শেখা ও মনে রাখা যায়। প্রাণিবিদ্যার শিক্ষার্থী হিসেবে আমি উপকৃত হয়েছি। স্কুলে গাইড শিক্ষক জাহানারা আপা এত আন্তরিকতার সঙ্গে সব নিয়ম কানুন এবং স্মার্টনেস শেখাতেন যেগুলো এখনও আমার আচরণের দিককে প্রভাবিত করে। আঞ্জুমান আরা আপা কোনো দিন দেরিতে আসতেন না এবং সবার পড়া ধরতেন প্রতিদিন। বড় আপা খালেদা আখতার শৃঙ্খলায় ছিলেন বজ্র-কঠিন। আবদুল মজিদ প্রামাণিক স্যার বলতেন অনার্স মানে সম্মান, তোমরা নিজেদের সম্মান বজায় রাখবে। নিজে চালাক হবে যেন ঠকতে না হয় কিন্তু অপরকে ধোঁকা দেবে না। বিভাগীয় প্রধান ড. নূর মহল ম্যাডামের ব্যক্তিত্ব ছিল কোমল-কঠিন। তাঁর অসামান্য হে ও সহযোগিতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরির পাশাপাশি মাস্টার্স শেষ করতে পেরেছি। নাসিমা ম্যাডাম, রীনা ম্যাডাম, রাজিব স্যার, ব্রজেন্দ্রনাথ স্যার, রবিউল স্যারসহ এমন অনেক শিক্ষক আছেন যাঁরা আমার আজীবনের শিক্ষক। তাঁদের সকলের নাম স্বল্প পরিসরে লেখা সম্ভব নয়। তাঁরা এতটাই আন্তরিক ছিলেন যে এখনকার মতো হাজারো রকম প্রশিক্ষণ পেলে প্রত্যেকটি শিক্ষার্থীকে সম্পদ হিসেবে দেশ, জাতি ও পৃথিবীকে উপহার দিতে পারতেন। আমি কখনও বলি না তাঁরা আমার শিক্ষক ছিলেন, বরং বলি তাঁরা আমার শিক্ষক। শিক্ষা জীবনের পরিসমাপ্তি, তাঁদের অবসর গ্রহণ বা মৃত্যু কোনটিই তাঁদের অতীত করেতে পারেনি।

প্রিয় শিক্ষক অধ্যাপক যবদুল হকের সঙ্গে মাহ্বুবা ফারহানা নাজনীন লুৎফে। ছবি: লেখক
প্রিয় শিক্ষক অধ্যাপক যবদুল হকের সঙ্গে মাহ্বুবা ফারহানা নাজনীন লুৎফে। ছবি: লেখক

কিন্তু প্রিয় শিক্ষক হিসেবে একজনকে যদি বেছে নিতে হয় তবে আমি যাঁর নাম শুধু শ্রদ্ধা বা ভালোবাসা নয় বরং দিক নির্দেশক আদর্শরূপে স্মরণ করি তিনি হলেন অধ্যাপক যবদুল হক স্যার। তিনি নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহীর সুযোগ্য অধ্যক্ষ ছিলেন। তিনি ০৯/১০/১৯৯৬ হতে ০৮/১১/২০০০ পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। ওই সময় আমি এইচএসসিতে পড়ি।

উত্তরবঙ্গ বা বাংলাদেশ নয় অবিভক্ত বাংলার সেরা কলেজ হিসেবে কলকাতার প্রেসিডেন্সির পরেই স্থান ছিল রাজশাহী কলেজের। ১৯৯৫ সালে পদ্মাপাড়ের কলেজটিতে এইচএসসি কোর্স বন্ধ করে দিলে উত্তরবঙ্গে ভাল মানের কলেজের সংকট দেখা দেয়। সেই সময় রাজশাহী শহরে চারটি সরকারি কলেজের মধ্যে একটি ছিল নিউ গভ. ডিগ্রি কলেজ।

যবদুল স্যার আমার প্রিয় শিক্ষকের তালিকায় শীর্ষ স্থানে আছেন তাঁর বহুধা প্রতিভা, কর্মপ্রীতি, শিক্ষার্থীদের প্রতি একই সঙ্গে শিক্ষক, অভিভাবক, বন্ধু এবং সহকর্মীদের মধ্যে নেতা, ব্যবস্থাপক, পরিচালক হিসেবে সফল ব্যক্তিত্বের কারণে। তিনি কলেজে শক্তিশালী ভিজিল্যান্স টিম গঠন করেন, যেন শিক্ষার্থীরা ক্লাসের সময় শ্রেণির বাইরে থাকতে না পারেন। তিনি রুটিনে একটানা ছয়টি পিরিয়ড চালু করেন, বিশেষ করে বিজ্ঞান বিভাগের জন্য। এর ফলে শিক্ষার্থীরা দ্রুত পাঠ শেষ করে বিভিন্ন কার্যাবলিতে অংশ নিতে পারতেন। দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আছে কি না আমি জানি না, কলেজে ‘মিছিল ব্রেক’ নামে ১০ মিনিটের বিরতির ব্যবস্থা করেন তিনি সুস্থ ছাত্র রাজনীতির জন্য। এর আগে ক্লাস থাক বা না থাক রাজনৈতিক মিছিলে অংশ নিতে হত। তিনি ভর্তি পরীক্ষা নিরপেক্ষ ও স্বচ্ছ করেন। কলেজে টেন্ডারবাজি বন্ধ করেন। চাঁপাই নবাবগঞ্জের এক কলেজে থাকাকালীন নকলের উৎসবের যুগে ছুরিকাহত হয়েও নকল বন্ধ করেন। একইভাবে নিউ গভ. ডিগ্রি কলেজেও নকল বন্ধ করেন।

একবার কলেজের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ হইচই শুনে ভয় পেয়ে যাই। দেখি নিচের বারান্দায় বেশ কয়েকজন শিক্ষক আর ছাত্র। এর মধ্যে দিয়ে একটি ছেলে রিভলবার বা পিস্তল জাতীয় কোনো আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরে পাশের হোস্টেল গেটের দিকে এগিয়ে যাচ্ছে। সকলে কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় হঠাৎ যবদুল স্যার দৌড়ে গিয়ে ছেলেটিকে জাপটে ধরলেন। তখন অন্যান্য শিক্ষকগণ এগিয়ে গিয়ে ছেলেটিকে নিরস্ত্র করতে সহায়তা করেন। অথচ যবদুল স্যারই ছিলেন সবচেয়ে বয়ঃ জ্যেষ্ঠ অথচ সাহসে বলীয়ান। স্বল্প পরিসরে তাঁর প্রশাসনিক সক্ষমতার কথা বর্ণনা করা সম্ভব নয়। তাঁর নেতৃত্বের কারণে অতি অল্প সময়ে নিউ গভ. ডিগ্রি কলেজের খ্যাতি রাজশাহী কলেজের অভাব পূরণে সফল হয়।

শিক্ষক হিসেবে তিনি ছিলেন অতলস্পর্শী গুণে গুণান্বিত। অন্য শিক্ষকদের শ্রেণি পাঠ দানে উৎসাহিত করতে তাঁর ভূমিকা ছিল অনবদ্য। তিনি পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন। বিজ্ঞান বিভাগে এইচএসসি প্রতি বর্ষে তিনটি শাখায় ২২০ জন করে ৬৬০ জন শিক্ষার্থী ছিল। তিনি অধ্যক্ষ হয়েও প্রতিদিন প্রতি শাখায় ৩০০-৪০০ জন শিক্ষার্থীকে ৩-৪ ঘণ্টা পাঠ দান করতেন যা বাংলাদেশের প্রেক্ষিতে কল্পনা করা যায় না। পদার্থ বিজ্ঞানকে জীবন ঘনিষ্ঠ ও আনন্দদায়ক করে উপস্থাপন করতেন বলে অন্যান্য শাখা ও কলেজের শিক্ষার্থীরা চুরি করে তাঁর ক্লাসে আসায় বিশাল ঘরেও শিক্ষার্থীর স্থান সংকুলান হতো না। তাঁর সদা হাস্যোজ্জ্বল ও কর্মব্যস্ত পদচারণা কলেজের অংশীজনদের অনুপ্রাণিত করতো সবসময়। অধ্যক্ষের বাসভবন সংলগ্ন ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীদের তিনি ঘণ্টার পর ঘণ্টা পড়াতেন বিনা মূল্যে। কোচিং, প্রাইভেট তাঁর অভিধানে ছিল না। তাঁরই অবদানে কলেজটি দেশ সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়। সকল বোর্ডের একীভূত এইচএসসি পরীক্ষায় শীর্ষ দশে স্থান করে নেয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় রাজশাহী কলেজে এইচএসসি কোর্স পুনরায় চালু হওয়ার পরেও প্রতিষ্ঠানটি প্রতিযোগিতাপূর্ণ ফলাফল অব্যাহত রেখেছে।

অধ্যাপক যবদুল হকের কাছ থেকে পাওয়া জীবনের শিক্ষা সবখানে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন মাহ্বুবা ফারহানা নাজনীন লুৎফে। ছবি: লেখক
অধ্যাপক যবদুল হকের কাছ থেকে পাওয়া জীবনের শিক্ষা সবখানে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছেন মাহ্বুবা ফারহানা নাজনীন লুৎফে। ছবি: লেখক

স্যার আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তাঁর সান্নিধ্যে থেকে ভাল ফলাফল করব বলে ছাত্রী হোস্টেলে উঠে ছিলাম। তিনি হোস্টেল ফি নেননি, শুধু খাওয়া খরচ দিতে বলেছিলেন। আর এক মাস পরে হোস্টেল ফি নেওয়া হবে বলে দিয়ে ছিলেন। তখন পর্যন্ত মাকে ছাড়া একা কখনও থাকা হয়নি। তবু ছাত্রী হোস্টেলে ডাবলিং করে উঠলাম। এক শুক্রবারে উঠে সাত দিন কান্নাকাটি করে, প্রতিদিন মায়ের সঙ্গে দেখা করে, মায়ের রান্না করা খাবার খাওয়ার পরেও জ্বর বাঁধিয়ে পরের শুক্রবারে পালালাম। পরে স্যারের অনুপস্থিতিতে বই-খাতাসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে আসি। এখন বুঝি তাঁর দূরদৃষ্টি ছিল কতখানি। তিনি বুঝে ছিলেন একই শহরে পরিবার থাকাকালীন আমার মত মেয়ের পক্ষে হোস্টেলে থাকা সম্ভব নয়। ভেবেছিলাম পালিয়ে যাওয়ার জন্য স্যার রাগারাগি করবেন। কিন্তু তিনি আমাকে অবাক করে দিয়ে বললেন অধ্যক্ষের কক্ষে পড়াবেন এবং তিনি আমাকে সেভাবেই পড়াতেন। হাজারো শিক্ষার্থীর সরকারি কলেজের অধ্যক্ষ আমার মতো অতি সাধারণ মানের ছাত্রীকে তাঁর অফিস কক্ষে পড়াচ্ছেন এটি কি বিরল নয়? আমার এইচএসসি পরীক্ষার পূর্বেই তিনি অবসরে গেলেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁর বিদায় অনুষ্ঠানের আটজনের কমিটিতে আমিও ছিলাম। অর্থ সংগ্রহ হতে অনুষ্ঠানের পরিকল্পনা, পরিচালনা, উপহার ক্রয় সব বিষয় কাছ থেকে দেখেছি বলে জানি তিনি শিক্ষার্থীদের নিকট কত জনপ্রিয় ছিলেন। বিদায়ের ক্ষণে শিক্ষার্থীরা বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়েছিল, আবেগে হয়েছিল আপ্লুত।

আজ সহকারী পরিদর্শক হিসেবে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা পরিদর্শন ও সুপারভিশন করার সময় প্রতিষ্ঠান প্রধানগণকে তাঁর কথা শোনাই। শিক্ষা কর্মকর্তা হিসেবে তাঁর আদর্শ ধারণ করি আজও। স্বপ্ন দেখি কোনো প্রতিষ্ঠান প্রধানকে আমার প্রিয়, শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক যবদুল হক স্যারের মতো দিকপাল হিসেবে পরিণত করতে যেন নিজ প্রতিষ্ঠানকে তিনি নিউ গভ. ডিগ্রি কলেজের মতো দেশ সেরা করে গড়ে তুলতে পারেন।

লেখক: সহকারী পরিদর্শক, পরিচালকের কার্যালয়, রাজশাহী অঞ্চল, রাজশাহী, শিক্ষা মন্ত্রণালয়।