যে জীবন টারজানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টারজান এখন স্বাস্থ্য সরকারীর কাজ করেন
টারজান এখন স্বাস্থ্য সরকারীর কাজ করেন

প্রথম আলো বন্ধুসভার কত ঘটনা ছড়িয়ে আছে সারা দেশে। কত ঘটনা বন্ধুদের। কত কাজের অভিজ্ঞতা তাঁদের। কত ছবি, কত চিত্র সেসব গল্পের। তেমনি একটি গল্প শোনাই আজ—
ঘরটাকে লন্ডভন্ড করে দিয়ে গেল সিডর। ১৫ নভেম্বর ২০০৭–এ। থাকার মতো ঘর একটাই ছিল তাদের। মা–ছেলের সংসার। মা সেলাইয়ের কাজ করেন। ছেলে করে টিউশনি। মাঝে মাঝে হায়ারে ক্রিকেট খেলতে যায়। তাতে ১০০-২০০ টাকা পায়। মাঝে মাঝে ডাক পড়ে পথনাটক করার। বেসরকারি সংস্থার কেউ কেউ এ কাজে তাকে ডাকে। এ–ই করে তাদের সংসার চলে। বাবা নেই। মারা গেছেন স্ট্রোকে।
ছেলেটির ডাকনাম টারজান। পুরো নাম ইমরান হোসাইন।
রাতে সিডরের তাণ্ডব চলল। আর ভোরবেলাই ছেলেটা নেমে পড়ল কাজে। আস্তে আস্তে জুটল আরও ছেলেমেয়ে—সবাই পিরোজপুর বন্ধুসভার সদস্য। ঝটপট সিদ্ধান্ত হলো, সেদিন থেকেই প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা সিডর–দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। শুরু হয়ে গেল ত্রাণ তত্পরতা। ছুটে চললেন তাঁরা দুর্গতদের মাঝে। চলল চাল–ডাল শুকনো খাবার ইত্যাদি বিতরণ।
কিন্তু টারজানের ঘরে যে খাবার নেই। তাদের উনুনে যে হাঁড়ি চড়ে না। হাতে তেমন কোনো টাকাও নেই। কী করবে মা–ছেলে? ইতিমধ্যে দু-একটি প্রতিষ্ঠান শহরে দু–একটি ছোটখাটো লঙ্গরখানা খুলেছে। টারজান সেখান থেকে খেয়ে আসে খিচুড়ি। মায়ের জন্য নিয়ে আসে দোকান থেকে রুটি। তাই খেয়ে দিন কাটে, রাত কাটে। গভীর রাতে মোমবাতির আলোতে মায়ের দিকে তাকিয়ে টারজান ভাবে—আমাদের চেয়েও খারাপ অবস্থায় আছে মানুষ। আগে তাদের ত্রাণ দরকার।

প্রথম আলোর সব সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত থাকে বন্ধুসভা
প্রথম আলোর সব সামাজিক ও সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত থাকে বন্ধুসভা

এভাবেই দিন যায়। ১৪–১৫ দিন পরের কথা। পিরোজপুর বন্ধুসভার কয়েকজন সদস্য ত্রাণ বিতরণের জন্য শহরের মধ্যরাস্তা নামে একটি এলাকায় ত্রাণ বিতরণের জন্য স্লিপ বিতরণ করছিলেন। হঠাৎ তাঁরা একটি বাড়িতে গিয়ে থমকে দাঁড়ান। বন্ধুসভার একজন বলেন, ‘আরে এটা তো আমাদের টারজানদের বাড়ি।’ বাড়ির অবস্থা দেখে তাঁরা বিস্ময় প্রকাশ করেন। আরও বিস্ময় তাঁদের জন্য অপেক্ষা করেছিল। খোঁজ নিয়ে জানতে পারেন, তারা কয়েক দিন খেয়ে না খেয়ে আছে।
ওই দিনই তাঁরা গিয়ে ধরেন টারজানকে। ‘তোদের বাড়ির এ অবস্থা আর তুই কখনো বলিসনি কেন?’
টারজান শুকনো মুখে হাসে। ‘কী বলব? আমাদের চেয়ে তো আরও কত মানুষ খারাপ অবস্থায় আছে।’
এই হচ্ছে আমাদের টারজান।
২০০৭ সালে সে ছিল পিরোজপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক। অনার্সের ছাত্র।
এখন সে পিরোজপুর শিকদার মল্লিক ১ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী। টারজানকে বলি, ‘সিডরে ত্রাণ বিতরণের দিনগুলোর কথা মনে আছে?’ টারজান উত্তর দেয়, ‘কী বলেন, মনে থাকবে না কেন? সিডরের পরের দিনগুলোতে বন্ধুসভার হয়ে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। মুড়ি-চানাচুর খেয়েও রাত কেটেছে, দিন কেটেছে। তাতে কী? অন্যের দুয়ারে তো খাবার পৌঁছে দিতে পেরেছি।’


এক নজরে

সূচনা: ১১ নভেম্বর ১৯৯৮
সদস্যসংখ্যা: ৭৫ হাজার
মোট বন্ধুসভার সংখ্যা: ১৩৫
দেশের বাইরে বন্ধুসভা: যুক্তরাষ্ট্র, জাপান, তুরস্ক