যে প্রশ্নের উত্তর নেই

ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি হবে না, এটাকে যদি এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অনিশ্চয়তা বলে ভেবে থাকেন, তাহলে বড় ভুল করবেন। সবচেয়ে বড় অনিশ্চয়তা অন্যখানে। সেটি না হয় একটু সাসপেন্স রেখেই বলি।
ভারত-পাকিস্তান নিয়ে জটিলতা খেলার বাইরের ব্যাপার। ওটা নির্ভেজাল রাজনীতি। খেলা আর রাজনীতিকে না মেশানোর যে আপ্তবাক্য আওড়ানো হয়, এই দুই দেশের দ্বৈরথের ক্ষেত্রেও তা বিশ্বাস করলে বুঝতে হবে, আপনি একদমই ইতিহাসের মনোযোগী ছাত্র নন। ভারত-পাকিস্তান মুখোমুখি হলে, তা যে খেলাই হোক না কেন, রাজনীতি আসবেই। এই একটা ব্যাপারে চোখ বুজে নিশ্চয়তা দিয়ে দিতে পারেন।
কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে নিশ্চয়তা বলে কি কিছু আছে? হ্যাঁ, আছে। নিশ্চয়তা বলে একটা জিনিসই আছে। তা হলো অনিশ্চয়তা। বলতে পারেন, এ আর নতুন কী! সব খেলাতেই অনিশ্চিত ব্যাপার-স্যাপার থাকে, তবে একমাত্র ক্রিকেটই না সেই অনিশ্চয়তাকে গৌরবময়তার আসনে বসিয়েছে।
মজাটা দেখুন, ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার এত যে জয়গান, সেটি কিন্তু আজকের ব্যাপার নয়। শুরু থেকেই এই অনিশ্চয়তা নিয়ে ক্রিকেটের গর্ব। অথচ তখন শুধু টেস্ট ক্রিকেটই খেলা হতো। টেস্ট ক্রিকেটেও কখনো কখনো অভাবিত কিছু ঘটে যায়। তবে তা এতই কালেভদ্রে যে, সেটি এমন আমলে নেওয়ার মতো কিছু নয়। পাঁচ দিন ধরে খেলা, দুটি করে ইনিংস। একটি বা দুটি সেশন বা পুরো একটা দিনও যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায়, তাতেও কিছু আসে যায় না। ম্যাচ শেষে বেশির ভাগ সময়ই দেখা যায়, যা হওয়ার কথা ছিল, তা-ই হয়েছে। টেস্টে অঘটন তাই হাতে গোনা। প্রায় সমশক্তির দুটি দলের খেলায় নাটকীয় কিছু ঘটতে পারে, কিন্তু চূড়ান্ত ফলটাকে তো আর সেখানে অঘটন বলা যায় না।
অনিশ্চয়তার চূড়ান্ত রূপ দেখতে ক্রিকেটকে তাই টেস্ট ক্রিকেট শুরুর ৯৪ বছর পর ওয়ানডের আবির্ভাব পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৫০ ওভারের খেলা, নির্দিষ্ট ওই দিনে দুর্বল দল যদি তাদের সেরা খেলাটা খেলে ফেলে আর ভালো দলটির একটা ‘অফ ডে’ যায়, তাতেই তো পূর্ব-অনুমিত ফলের বারোটা বেজে গেল। তার মানে ক্রিকেটের গৌরবময় অনিশ্চয়তার কথাটা ওয়ানডের ক্ষেত্রেই বেশি খাটে। তা ওয়ানডে যদি অনিশ্চিত হয়, টি-টোয়েন্টি তাহলে কী? অনিশ্চয়তার বাবা!
প্রমাণ চাই? প্রমাণ এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। সময় এমনই দ্রুত বহতা নদী যে, মনে হয় এই তো সেদিন এর শুরু। অথচ দেখতে দেখতে টি-টোয়েন্টির প্রথম বিশ্ব আসরের পর নয় বছর পেরিয়ে গেছে। মাঝখানে একবার পরপর দুই বছরে দুটি টুর্নামেন্ট হয়ে যাওয়ায় এটি আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ষষ্ঠ আসর। অনিশ্চয়তার যে কথা দিয়ে এই লেখা শুরু, এবার সেটিতে আসি। এখন পর্যন্ত কোনো দল দুবার এই টুর্নামেন্ট জিততে পারেনি। পাঁচটি বিশ্বকাপ পেয়েছে পাঁচ ভিন্ন বিজয়ীকে। সেই পাঁচ বিজয়ীও কী বিচিত্র! বিশ্ব ক্রিকেটের সে সময়কার গতি-প্রকৃতির সঙ্গে তা একদমই তাল মিলিয়ে চলেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে তারকাদ্যুতিহীন ধোনির তরুণ ভারতের জয় দিয়ে এই ধারার শুরু। এরপর একে একে পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ‘ছোট’ বিশ্বকাপ জয়ের কথা স্মরণ করুন। বিস্ময়ের একটা উপাদান প্রতিটিতেই মিশে ছিল।
এ কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বিশেষ সংখ্যার মূল লেখায় অনিবার্য যে প্রশ্নের উত্তর দেওয়ার দায় থাকে, সেটি সচেতনভাবেই এড়িয়ে যেতে চাইছি। কী সেই প্রশ্ন? কে জিতবে বিশ্বকাপ?
একবারের বেশি কেউ এই বিশ্বকাপ জেতে না, এটাকে নিয়ম ধরলে এবার জেতার কথা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মধ্যে কোনো এক দলের। ব্রেন্ডন ম্যাককালাম নেই মানেই নিউজিল্যান্ডের শক্তি অর্ধেক হয়ে যাওয়া। তার মানে কি নিউজিল্যান্ডও বাদ? ট্রফির লড়াইটা শুধুই অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে? ৫০ ওভারের বিশ্বকাপকে একরকম নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা অস্ট্রেলিয়ার ট্রফি ক্যাবিনেটে শুধু এই একটা ট্রফিই নেই। আর দক্ষিণ আফ্রিকার জন্য তো বৈশ্বিক টুর্নামেন্ট মানেই অনন্ত হাহাকার! এই টি-টোয়েন্টি বিশ্বকাপ কি তাহলে অস্ট্রেলিয়ার একমাত্র অপূর্ণতা বা দক্ষিণ আফ্রিকার অভিশাপ ঘোচানোর উপলক্ষ?
এই দেখুন, টি-টোয়েন্টি বিশ্বকাপ কে জিতবে, এই প্রশ্নের উত্তর অনিশ্চয়তার কুয়াশায় ঢাকা জানা থাকার পরও সেই ফাঁদেই পা দিয়ে ফেলছি! যে ফর্মুলার ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করতে চাচ্ছি, সেটি তো আর চিরস্থায়ী কিছু নয়। বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টির যে রমরমা, তাতে ৫০ ওভারের বিশ্বকাপ কোনো দিন বন্ধ হলেও হয়ে যেতে পারে, ওয়ার্ল্ড টি-টোয়েন্টির ভাগ্যে সেই বিপর্যয়ের কোনো সম্ভাবনাই নেই। তার মানে একদিন না একদিন কোনো না কোনো দল একাধিকবার এই বিশ্বকাপ জিতবেই। সেটি যে এবারই হবে না, কে বলতে পারে!
দীর্ঘ একটা সময় ৫০ ওভারের বিশ্বকাপে ‘নিয়ম’ হয়ে থাকা একটা ব্যাপার টি-টোয়েন্টি বিশ্বকাপও মেনে চলছে। ১৯৯৬ বিশ্বকাপে তিন আয়োজক দেশের মধ্যে শ্রীলঙ্কার অংশীদারত্ব ছিল সবচেয়ে কম। ফাইনালও তারা নিজেদের দেশে খেলেনি। অর্জুুনা রানাতুঙ্গার শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়কে তাই স্বাগতিকদের জয় হিসেবে না ধরাই ভালো। ‘স্বাগতিকরা বিশ্বকাপ জেতে না’—এই ‘নিয়ম’ ভেঙেচুরে দেওয়ার প্রথম কৃতিত্বটা তাই মহেন্দ্র সিং ধোনির ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপও কখনো স্বাগতিক দেশের অধিনায়কের হাতে ওঠেনি। ধোনির পৃথিবীতে অসম্ভব বলে কোনো শব্দ নেই। এবার কি তাহলে আরেকটি ‘অসম্ভব’কে তুড়ি মেরে উড়িয়ে দিতে যাচ্ছেন ক্যাপ্টেন কুল?
একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই বিশ্ব ক্রিকেটে ধোনি-বিস্ময়ের উত্থান। এটাই হয়তো তাঁর শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। যাওয়ার আগে কি রাঙিয়ে দিয়ে যাবেন রাঁচির বিস্ময়-তরুণ?
দেখুন কাণ্ড, ধোনি বললেই কেন যেন দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই লম্বাচুলো তরুণের চেহারাই চোখে ভেসে ওঠে। অথচ ক্রিকেট ক্যারিয়ারের বিবেচনায় ধোনি এখন তরুণ তো ননই, রীতিমতো প্রৌঢ়!
অনেক কথা হলো। এবার শেষ করতে হয়। কী বলে শেষ করি! না ভাই, কে চ্যাম্পিয়ন হবে, এই প্রশ্নের উত্তর দিয়ে নয়। টি-টোয়েন্টি উপভোগ করার জিনিস, কে চ্যাম্পিয়ন হবে না হবে এসব ভেবে সময় নষ্ট করার কী দরকার! আরাম করে টিভির সামনে বসে বিস্ফোরক ব্যাটিং, কিপটে বোলিং, দুর্দান্ত ফিল্ডিং উপভোগ করুন। যে চ্যাম্পিয়ন হয় হোক!
আমাদের চাওয়া তো একটাই, এশিয়া কাপে চমকে দেওয়া বাংলাদেশ যেন এখানেও এক চমকের নাম হয়!